মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের সাজা মুকুব করে ছাড়ার নির্দেশ দিলেও মানছে না রাজ্য, ক্ষুব্ধ হাইকোর্ট
গত একবছর আগে জেল থেকে মুক্তির নির্দেশ দিলেও তিনি মুক্তি পাননি ৷ এই ঘটনায় রাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের করলেন এক আসামী ৷

Published : June 15, 2025 at 2:38 PM IST
কলকাতা, 15 জুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের সাজা মুকুব করে আগাম ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তা পালন করা হচ্ছে না বলে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা ।
অভিযোগ, ডেথ সেন্টেন্স রিভিউ বোর্ড মৃত্যুদণ্ড প্রাপ্ত কয়েদিদের মুক্তির নির্দেশ দেওয়ার পরেও বছরের পর বছর তারা জেলবন্দি থাকছেন । এমনই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন এক আসামী ।
মামলাকারী 20 বছর ধরে জেলবন্দি রয়েছেন। গত এক বছর আগে (18 এপ্রিল 2024) তাঁকে জেল থেকে মুক্তির নির্দেশ দিয়েছিল ডেট সেন্টেন্স রিভিউ বোর্ড ৷ কিন্তু তারপরও রাজ্যের আইন ও বিচার দফতরের সচিব তাঁকে মুক্তির নির্দেশ কেন দিচ্ছেন না, মামলার শুনানিতে তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট । সংশ্লিষ্ট দফতরের সচিবের বিরুদ্ধে রুল ইস্যু করেছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য । আগামী 27 জুন মামলার ফের শুনানি রয়েছে।
বিষয়টি নিয়ে আদালতে সরকারি আইনজীবী জানান, মামলাকারী সমীর দাস ওরফে ক্যাবলার বর্তমান বয়স 60। তাঁকে জেল থেকে মুক্তি দেওয়া সম্ভব নয় তার কারণ, তাঁর বিরুদ্ধে অভিযোগ গুরুতর ৷ পাশাপাশি পরিবারের সদস্যরাও তাঁর মুক্তি চাইছেন না বলে যুক্তি দেওয়া হয় সরকারের তরফে।
যদিও সমীর দাসের আইনজীবীরা জানিয়েছেন, তাঁর সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। পরিবার তাঁকে সসম্মানে ফিরিয়ে নিতে চায়। তাঁকে মুক্তি দেওয়া হোক সেই আর্জিও পরিবার জানিয়েছে।
অন্যদিকে, সংশোধনাগারের সুপারিনটেনডেন্ট যে রিপোর্ট দিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে মামলাকারী সংশোধনাগারে তার দায়িত্ব-কর্তব্য যথাযথ পালন করেছে। অন্যদের সম্মানও করত। পাশাপাশি সংশোধনাগারে যে সমস্ত কর্মী আধিকারিকরা চাকরি করেন তাদেরও তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। সংশোধনাগারের সমস্ত নিয়ম-নীতি মেনেই চলতেন তিনি । 20 বছর জেল খাটার পর তাঁকে কেন ছেড়ে দেওয়া হবে না, পাল্টা সেই প্রশ্ন তুলেছেন আইনজীবীরা।

