পরিবহণ দফতরের অবসরপ্রাপ্ত কর্মীদের পিএফ মেটাতে 4 মাস সময়, নির্দেশ হাইকোর্টের
পিএফের টাকা না-মেটানো নিয়ে প্রয়োজনে আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ ৷ অর্থ দফতরকে দ্রুত পদক্ষেপের নির্দেশ আদালতের ৷

Published : July 4, 2025 at 9:05 PM IST
কলকাতা, 4 জুলাই: রাজ্য পরিবহণ দফতরের অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ, পিএফের টাকা আগামী চার মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে ৷ শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ পরিবহণ দফতরের সচিব এবং অর্থ দফতরের সচিবকে পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে সকল অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের বকেয়া মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছেন ৷
বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এ দিন বলেন, "কর্মচারীদের চাকরি জীবনের একটা দীর্ঘ সময়ে পঁচিশ থেকে তিরিশ বছর ধরে চাকরির থেকে কিছু পরিমাণ অর্থ কেটে রাখা হয় ৷ সেটাই অবসরের পর প্রভিডেন্ট ফান্ডের থেকে তাঁদেরকে ফেরত দেওয়া হয় ৷ সেই টাকা তো হাওয়ায় উবে যেতে পারে না ! অবিলম্বে তাঁদের বকেয়া পাওনা মিটিয়ে দিতে হবে ৷"
পরিবহণ দফতরের শতাধিক অবসরপ্রাপ্ত কর্মী তাঁদের পিএফের টাকা পাচ্ছেন না-বলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় একাধিকবার নির্দেশ দেওয়ার পরেও, কর্মচারীদের টাকা না-মেটানোয় ক্ষুব্ধ বিচারপতি পরিবহণ দফতরের সচিব, রাজ্যের অর্থ সচিব এবং কর্মচারী প্রভিডেন্ট ফান্ড ট্রাস্টের চেয়ারম্যান মদন মিত্রকে এ দিন আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন ৷
এ দিন সেই মতো হাজিরা দিয়ে আধিকারিকদের তরফে জানানো হয়, 17 জনের টাকা বকেয়া না-মেটানোর অভিযোগ উঠেছিল ৷ তাঁদের টাকা ইতিমধ্যেই 20 জুন ও 2 জুলাই দু’দফায় মিটিয়ে দেওয়া হয়েছে ৷ কিন্তু মামলাকারীদের আইনজীবীর বক্তব্য ছিল, পরিবহণ দফতরের আরও অন্তত 150 জন অবসরপ্রাপ্ত কর্মচারীর টাকা বকেয়া রয়েছে ৷ তাঁদের টাকা দ্রুত মেটানোর আর্জি জানানো হয় ৷ সেই মতো বিচারপতি আগামী চার মাসের মধ্যে তাঁদের পিএফের বকেয়া টাকা মেটাতে নির্দেশ দিয়েছেন ৷
এ দিন অর্থ দফতরের সচিব আদালতে জানান, পরিবহণ দফতরের পক্ষ থেকে তাদের কাছে তথ্য এলে, সেই মতো অর্থ বরাদ্দ করা হয় ৷ এক্ষেত্রে তারা অর্থ বরাদ্দ করার পরেও কেন সেই টাকা কর্মচারীরা পেলেন না, সেটা অর্থ দফতরের বোধগম্য নয় ৷ আপাতত 17 জনের প্রভিডেন্ট ফান্ডের টাকা মেটানোর জন্য তারা পরিবহণ দফতরকে টাকা লোন হিসাবে দিয়েছে ৷ সেই টাকা ইতিমধ্যে বণ্টন হয়ে গেছে ৷
বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এরপরেই অর্থ সচিবকে বলেন, "শেষ পর্যন্ত টাকা আসে আপনাদের থেকেই ৷ আপনারা প্রয়োজনে কোনও আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে পদক্ষেপ করুন ৷ কিন্তু, সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া টাকা আগামী চার মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করুন ৷"

