ETV Bharat / state

রিজেন্ট পার্কে ব্যবসায়ীর রহস্যমৃত্যু ! বহুতলের নিচে রক্তাক্ত দেহ উদ্ধার

এই ঘটনায় বহুতলের আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ । একই সঙ্গে মৃতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

Businessman body recovered
প্রতীকী ছবি (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 30, 2025 at 5:13 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 30 অগস্ট: শহরে ব্যবসায়ীর রহস্যমৃত্যু ৷ বহুতলের নিচ থেকে উদ্ধার হল রক্তাক্ত দেহ ৷ ঘটনাটি ঘটেছে শনিবার রিজেন্ট পার্ক থানার অন্তর্গত 17/2 ম্যুর অ্যাভিনিউতে ৷ মৃতের নাম মোহন ভগত ৷ বয়স 73 বছর ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ওই বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় বহুতলের নিচে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা । খবর পেয়েই রিজেন্ট পার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে ৷ সঙ্গে সঙ্গে বৃদ্ধকে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

পুলিশ জানিয়েছে, বৃদ্ধ ওই আবাসনেরই বাসিন্দা ৷ মৃত মোহন ভগত পেশায় একজন ব্যবসায়ী ছিলেন । প্রাথমিক তদন্তে নেমে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে এবং দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে । আদৌ ওই ব্যবসায়ী নিজে জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করেছেন, নাকি ঘটনাটির পেছনে কোনও অপরাধমূলক কারণ রয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা । ঘটনাস্থল এবং বহুতলের আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে । একই সঙ্গে মৃতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, যাতে ব্যক্তিগত বা আর্থিক কোনও কারণ ছিল কি না, তা পরিষ্কার বোঝা যায় ।

এই ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে ৷ পাশাপাশি এলাকা সিসিটিভি সংগ্রহ করা হয়েছে ৷"

Businessman body recovered
ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধারের তদন্তে নেমেছে লালবাজার (নিজস্ব ছবি)

এদিকে ওই ঘটনায় রিজেন্ট পার্ক এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সুরক্ষা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে । স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত ঘটনা সামনে আনার দাবি জানিয়েছেন । পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে আপাতত কিছু মন্তব্য করা সম্ভব নয় । ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে এবং তদন্তের গতি আরও বাড়বে বলেই মত আধিকারিকদের ।

তবে দেহটি যেখান থেকে উদ্ধার হয়, সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা ৷ পাশাপাশি ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা ৷ দেহটি দেখে তাঁদের প্রাথমিক অনুমান, উপর থেকে পরেই বৃদ্ধের মৃত্যু হয়েছে ৷ কারণ যে বহুতলের নিচ থেকে দেহটি পাওয়া গিয়েছে, সেখান থেকে কেউ যদি তাঁকে ধাক্কা মেরে নিচে ফেলতেন সেক্ষেত্রে দেহের আঘাতের ধরন আলাদা হতো ৷

যদিও এই ঘটনায় শহরজুড়ে আবারও বহুতল নিরাপত্তা ও প্রবীণ নাগরিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা শুরু হয়েছে । পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, কোনও দিক অবহেলা না করে, প্রতিটি সূত্র জানতে চেষ্টার কোনও খামতি থাকছে না ।