ধুলিয়ানে গুলিবিদ্ধ বিএসএফ জওয়ানের মৃত্যু, নেপথ্যে কী ?
জওয়ানের মৃত্যুর বিষয়ে বিএসএফের তরফে কোনও সরকারি বক্তব্য পাওয়া যায়নি । তবে রতন সিং নামে ওই জওয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জঙ্গিপুরের পুলিশ সুপার ।

Published : June 15, 2025 at 8:23 AM IST
জঙ্গিপুর, 15 জুন: গুলিবিদ্ধ বিএসএফ জওয়ানের মৃত্যু । নিজেদের মধ্যে বচসার জেরে এক জওয়ান অন্যজনকে গুলি করেছেন বলে সূত্রের দাবি । মুর্শিদাবাদের ধুলিয়ানের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনায় এক জওয়ানকে আটক করা হয়েছে । তবে তাঁর বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে তা এখনও জানা যায়নি ।
রবিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিএসএফের তরফে সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি । তবে জওয়ানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাউ । ইটিভি ভারতকে তিনি বলেন, "নিজেদের মধ্যে ঝামেলায় গুলিবিদ্ধ হয়ে বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে বলে শুনেছি । পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।"
এদিন রাত সাড়ে দশটা নাগাদ ধুলিয়ানের পাহাড়ঘাটি এলাকায় ডিউটি করার সময় দুই বিএসএফ জওয়ানের মধ্যে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে বচসা শুরু হয় বলে জানা গিয়েছে । ক্রমশ সেই বিবাদ বাড়তে থাকে । শেষমেশ বচসার জেরে রতন সিং নামে এক জওয়ানকে গুলি করেন মিশরা নামে আরেক জওয়ান ।
গুলিবিদ্ধ অবস্থায় ওই বিএসএফ জওয়ানকে প্রথমে স্থানীয় অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী । পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় রাতেই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয় বিএসএফ জওয়ানকে। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রতন সিংকে মৃত বলে ঘোষণা করেন । তাঁদের প্রাথমিক অনুমান, হাসপাতালের আনার পথেই জওয়ানের প্রাণ গিয়েছে । অন্যদিকে, এই ঘটনায় অভিযুক্ত জওয়ানকে আটক করা হয়েছে বলে খবর ।

