হবু বরের পকেটমারি কনের ! চুরির মোবাইল-মানি ব্যাগ বিক্রি বাংলাদেশি যুবককে
দেখা করার বাহানায় অজ্ঞান করে লুট ৷ মোবাইল লোকেশন ট্র্যাক করে গ্রেফতার অভিযুক্ত কনে ৷

Published : August 1, 2025 at 9:29 PM IST
কলকাতা, 1 অগস্ট: হবু স্ত্রী পকেটমার ! শুনতে অবাক লাগলেও, এটাই বাস্তব ৷ আর তিনি পকেটমারি করেছেন কি না হবু বরের ! অভিযোগ, হবু স্বামীর মোবাইল ও ম্যানি ব্যাগ চুরির পর এক বাংলাদেশি যুবকের কাছে বিক্রি করে দেন তিনি৷ এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন 'চোর' কনে এবং বাংলাদেশি ওই যুবককে ৷ ঘটনাটি বিধাননগর কমিশনারেটের এয়ারপোর্ট থানা এলাকার ৷
অভিযুক্ত কনের পরিচয় জিয়া সিংহ এবং ধৃত বাংলাদেশি যুবকের নাম হাসান ৷ তাঁর বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায় ৷ জিয়াকে গ্রেফতারের পর, তাঁকে জিজ্ঞাসাবাদ করে দমদম এলাকা থেকে হাসানকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানার পুলিশ ৷
বিধাননগর কমিশনারেটের ডিসি (এয়ারপোর্ট) ঐশ্বর্য সাগর ইটিভি ভারতকে বলেন, "আমরা এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে একজন মহিলা এবং একজন যুবককে গ্রেফতার করেছি ৷ এদের পুরনো কোনও র্যাকেট আছে কি না, আমরা তদন্ত করে দেখছি ৷"
পুলিশ সূত্রে খবর, জিয়া সিংহের সঙ্গে বিয়ে প্রায় ঠিক হয়ে গিয়েছিল নিউ ব্যারাকপুরের লেনিনগড়ের বাসিন্দা সুদীপ বসুর ৷ তাঁদের একটি ম্যাট্রিমনিয়াল সাইটে পরিচয় হয়েছিল ৷ গত 1 জুলাই সুদীপ একটি হোটেলে দেখা করতে যান জিয়ার সঙ্গে ৷ সেখানে ওই জিয়া তাঁকে চা খাওয়ার জন্য বলেন ৷ অভিযোগ, সেই চা খাওয়ার পরেই নাকি জ্ঞান হারান সুদীপ ৷
জ্ঞান ফেরার পর সুদীপ দেখেন, তাঁর মানিব্যাগ ও মোবাইল খোয়া গিয়েছে ৷ এরপর জিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তিনি ৷ কিন্তু, তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি সুদীপ ৷ পরে তিনি এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷
পুলিশ তদন্তে নেমে জিয়ার মোবাইল নম্বর লোকেশন ট্র্যাকিংয়ে বসানো হয় ৷ সেই নম্বর ট্র্যাক করেই জিয়া সিংহকে গ্রেফতার করে পুলিশ ৷ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা ৷ জেরায় পুলিশ জানতে পারে সুদীপ বসুর মোবাইল ফোন ও মানি ব্যাগ চুরি করে এক বাংলাদেশি যুবককে বিক্রি করেছেন তিনি ৷
জিয়াকে জেরা করে হাসান নামে ওই বাংলাদেশি যুবকের হদিশ মেলে ৷ এরপর দমদম এলাকায় অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানার পুলিশ হাসানকে গ্রেফতার করে ৷ ধৃতদের সঙ্গে বাংলাদেশি পাচারচক্রের কোনও যোগ রয়েছে কি না, সেই বিষয়টিও খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ ধৃত যুবতীর সঙ্গে কীভাবে বাংলাদেশের রাজশাহীর যুবকের পরিচয় হল, তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷

