ট্রলি থেকে থেকে উদ্ধার দেহ, ইসলামপুরে চাঞ্চল্য
আবারও ট্রলি থেকে উদ্ধার হল দেহ ৷ ঘটনাস্থল ইসলামপুর ৷ ওই ব্যক্তির পরিচয় জানার কাজ শুরু হয়েছে ৷ কয়েকটি সূত্র ধরে চলছে তদন্ত ৷

Published : May 2, 2025 at 6:31 PM IST
রায়গঞ্জ, 2 মে: কলকাতার ছায়া ইসলামপুরে ! লাল ট্রলি থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। শুক্রবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে জামাল বাড়ি রোড এলাকার একটি জমিতে একটি ট্রলি পড়েছিল ৷ সেই ট্রলি থেকেই উদ্ধার হয় দেহ ৷ ওই জমিতে ভুট্টার চাষ হয়ে থাকে।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির বয়স কমবেশি 45 বছর। যদিও তাঁর নাম বা পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ লাল ট্রলিটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনা তদন্তও শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুরের স্থানীয় বাসিন্দা দিলীপ পালের জমি থেকে পচা গন্ধ পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার বিরাট বাহিনী আসে। ট্রলি ব্যাগ খুলে দেখা যায় তাতে এক ব্যক্তির মৃতদেহ রয়েছে। দেহে কোনও আঘাতের চিহ্ন নেই। পুলিশ সুপার জবি থমাস জানিয়েছেন, শুক্রবার সকালে ইসলামপুরের বাইপাস সংলগ্ন এলাকা থেকে এই দেহটি উদ্ধার হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। মামলা রুজু করে তদন্তের কাজও শুরু হয়েছে।
জমির মালিক দিলীপ পাল বলেন, "সকালে বাজার যাওয়ার সময় জমিতে লাল ট্রলি ব্যাগটি দেখতে পেয়েছিলাম। ব্যাগটি তুলতে গেলে বুঝতে পারি সেটি খুব ভারী। এরপর আমি বাজারে চলে যাই। বাজার থেকে বাড়ি এসে জানতে পারি, আমার জমিতে একটি মৃতদেহ পড়ে আছে। জমিতে পৌঁছে দেখি পুলিশ ততক্ষণে ওই লাল ট্রলি ব্যাগটি নিয়ে গিয়েছে। আজ সকালেই প্রথম ট্রলি ব্যাগটি দেখতে পেয়েছিলাম। প্রতিদিন জমিতে আসি ৷ কিন্তু আগে কোনদিনও দেখিনি ৷ আজই দেখলাম। গতকাল রাতেও আমরা কয়েকজন জমিতে বসেছিলাম, তখনও কিছু দেখা যায়নি। কীভাবে এখানে এই ঘটনাটি ঘটেছে এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না ৷" অন্যদিকে, ইসলামপুর হাসপাতালে চিকিৎসক বলেন, " লাল ট্রলি ব্যাগের মধ্যে থাকা একটি মৃতদেহ হাসপাতালে এসেছে। ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয় ৷"

