ETV Bharat / state

মাধ্যমিকে প্রশ্ন ফাঁস রুখতে অভিনব পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের

মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে অভিনব ব্যবস্থা নিল মধ্যশিক্ষা পর্ষদ ৷ এই ব্য়বস্থায় কেউ প্রশ্নপত্রের ছবি তুললেই বোঝা যাবে, কে সেই ছবি তুলেছে ৷

ETV BHARAT
মাধ্যমিকে প্রশ্ন ফাঁস রুখতে অভিনব পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 10, 2025 at 8:04 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 10 ফেব্রুয়ারি: মাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে এ বছর কড়া ব্যবস্থা নিল মধ্যশিক্ষা পর্ষদ । নিরাপত্তার কী কী বিষয়ে জোর দেওয়া হচ্ছে তা নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছিল পর্ষদ । অবশেষে প্রথম দিন পরীক্ষার পরেই দেখা গেল নতুন নিরাপত্তার ব্যবস্থা ।

গত বছর প্রশ্নপত্র ফাঁস রুখতে পর্ষদ কিউআর কোডের ব্যবহার করেছিল । কিন্তু সেই কিউআর কোড রাখার পরেও দেখা গিয়েছিল সমাজমাধ্যমে ঘুরছে প্রশ্নপত্র । তাই এবার আরও দু'ধাপ এগিয়ে নয়া ব্যবস্থা নিয়েছে তারা । এ বছর প্রশ্নপত্রের প্রত্যেকটি পাতায় ছাপা রয়েছে প্রশ্নের সিরিয়াল নম্বর । যদি কোনও পরীক্ষার্থী ছবি তুলে অন্য কাউকে তা দেওয়ার চেষ্টা করে, তাহলে কার প্রশ্নপত্রের ছবি উঠেছে, তা খুব সহজেই বের করে ফেলতে পারবে মধ্যশিক্ষা পর্ষদ ।

ETV BHARAT
প্রশ্ন ফাঁস রুখতে অভিনব পদক্ষেপ (নিজস্ব চিত্র)

গত বছর মধ্যশিক্ষা পর্ষদের তরফে ব্যবস্থা করা হয়েছিল কিউআর কোর্ডের । সেই কিউআর কোড স্ক্যান করলেই বোঝা যেত যে, প্রশ্নপত্রের ছবি তোলা হয়েছে । কিন্তু অনেক সময় দেখা গিয়েছে, ওই কিউআর কোড ঢেকে প্রশ্নপত্রের ছবি তুলেছেন পরীক্ষার্থীরা । কিন্তু এবারে যাতে সে ধরনের ঘটনা না-ঘটে, তাই প্রশ্নপত্রের প্রতিটি পাতায় সিরিয়াল নম্বর ছেপে দেওয়া হয়েছে । ফলে কোনও পরীক্ষার্থী চাইলেও সেই সিরিয়াল নম্বর বাদ দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলতে পারবেন না ।

ETV BHARAT
প্রশ্নপত্রের প্রত্যেকটি পাতায় সিরিয়াল নম্বর (নিজস্ব চিত্র)

এই বছরই প্রথম মধ্যশিক্ষা পর্ষদের তরফে চারটে অঞ্চল ভিত্তিক (কলকাতা, মেদিনীপুর, উত্তরবঙ্গ এবং বর্ধমান) ক্রমবিন্যাস প্রশ্ন তৈরি করা হয়েছে । যা মূলত হয়ে থাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় । যেমন, কলকাতা জেলায় 'ক'তে যে প্রশ্ন আছে, সেটাই মেদিনীপুরে 'খ' তে রয়েছে । অর্থাৎ যদি কলকাতা থেকে কেউ ছবি তুলে অন্য কাউকে পাঠাতে চায়, তাহলে তার কাছে গিয়ে প্রশ্নের সিরিয়াল নম্বর আলাদা হবে ।

সোমবার থেকে শুরু হয়েছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা । এ বার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রথমে ছিল 9,84,753 জন । কিন্তু 181 জন পরীক্ষার্থী শেষ 24 ঘণ্টায় অ্যাডমিট কার্ডের জন্য আবেদন করেছিল । মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, তাদের মধ্যে আট তারিখ অ্যাডমিট কার্ড সংগ্রহ করেছিল 141 জন । আবার নয় তারিখ 16 জন অ্যাডমিট কার্ড সংগ্রহ করে । ফলে শেষ 24 ঘণ্টায় 157 জনকে অ্যাডমিট কার্ড দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ । ফলে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছে 9,84,910। শেষ মুহূর্তেও 24 জন অ্যাডমিট কার্ড সংগ্রহ করেনি ।

প্রসঙ্গত, এই অ্যাডমিট কার্ডের না-পাওয়ার ঘটনাকে সামনে রেখে 20 জন পরীক্ষার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । তাদের মধ্যে 19 জন অ্যাডমিট কার্ড সংগ্রহ করলেও একজন অ্যাডমিট কার্ড সংগ্রহ করেনি ।