ETV Bharat / state

শহরে আক্রান্ত দম্পতি ! উদ্ধার স্ত্রীর রক্তাক্ত দেহ, পাশে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে বৃদ্ধ

বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরার তার কাটা ছিল ৷ পুলিশ বৃদ্ধার স্বামীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসার জন্য ৷

ELDERLY WOMAN BODY RECOVERED
প্রতীকী ছবি ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 22, 2025 at 5:53 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 22 অগস্ট: শহরে ফের আক্রান্ত বৃদ্ধ দম্পতি ৷ নিউ গড়িয়া এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার হল বৃদ্ধার হাত-পা বাঁধা রক্তাক্ত দেহ ৷ আর দেহের পাশেই হাত-পা বাঁধা অবস্থায় পড়েছিলেন মৃতের বৃদ্ধ স্বামী ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে পঞ্চসায়র থানা এলাকার নিউ গড়িয়া কো-অপারেটিভে এস-32 কুলু ভিলায় ৷ এই ঘটনায় ফের একবার কলকাতা ও তাঁর সংলগ্ন এলাকায় বয়স্কদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

ঘটনার তদন্তে নেমেছে পঞ্চসায়র থানার পুলিশ ৷ তদন্তে পুলিশের প্রাথমিক অনুমান, লুটপাট ও চুরির উদ্দেশ্যেই হামলা চালানো হয়ে থাকতে পারে ৷ বৃদ্ধার পরনের গয়না খোয়া গিয়েছে বলে অভিযোগ করা হয়েছে ৷ বাড়ি থেকে আর কোনও জিনিস খোয়া গিয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ ৷ বাড়ির বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ বৃদ্ধের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে ৷ এই ঘটনা নিয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, "ঘটনার তদন্ত চলছে ৷"

মৃত বৃদ্ধার পরিচয় বিজয়া দাস (79) এবং তাঁর স্বামী পিকে দাস ৷ তাঁরা নিউ গড়িয়ার বাড়িতে একাই থাকতেন ৷ তাঁদের ছেলে ভিনরাজ্যে থাকেন এবং মেয়েও বিদেশে বসবাস করেন ৷ সূত্রের খবর, প্রতিদিনের মতো শুক্রবার সকালে পরিচারিকা বাড়িতে গিয়ে কলিং বেল বাজান ৷ কিন্তু, একাধিকবার ডাকাডাকি করেও ভিতর থেকে কারও সাড়া-শব্দ মেলেনি ৷ তাঁর সন্দেহ হওয়ায় স্থানীয়দের বিষয়টি জানান পরিচারিকা ৷ স্থানীয়রাই থানায় খবর দেয় ৷

এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে বাড়িতে ঢোকে এবং ঘর থেকে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার করে ৷ হাত-পা বাঁধা অবস্থায় মৃতের স্বামীকেও উদ্ধার করে পুলিশ ৷ জানা গিয়েছে, ওই বৃদ্ধার শরীরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে ৷ পরবর্তী সময়ে ঘটনাস্থলে পৌঁছান কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ পাশাপাশি, সেখানে যায় হোমিসাইড বিভাগের গোয়েন্দারাও ৷ বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরার তার কাটা ছিল বলে পুলিশ সূত্রে খবর ৷

তদন্তে নেমে পুলিশের অনুমান লুটের উদ্দেশ্যেই হয়তো এই খুনের ঘটনা ঘটেছে ৷ দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷ ইতিমধ্যে, পঞ্চসায়র থানায় একটি খুনের মামলা রুজু করা হয়েছে ৷