ডানকুনিতে কালো পতাকা দেখানো হল শুভেন্দুকে, উঠল জয় বাংলা স্লোগান
কোচবিহারের পর এবার ডানকাুনিতে শুভেন্দুকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয় ৷ এর পাল্টা কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা ৷

Published : August 13, 2025 at 10:37 PM IST
ডানকুনি, 13 অগস্ট: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সিঙ্গুরে কর্মসূচি ঘিরে ফের উত্তেজনা ছড়াল ৷ সিঙ্গুরে আসার পথে ডানকুনিতে শুভেন্দুকে বুধবার কালো পতাকা দেখাল আইএনটিটিইউসি'র কর্মীরা। পাল্টা সিঙ্গুরের মঞ্চ থেকে শুভেন্দুর জবাব, "যত দেখাবি তত আসব ৷"
বুধবার সিঙ্গুরে রতনপুর মোড়ে আলু চাষীদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে বিজেপি কৃষক মোর্চার ডাকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয়। সেখানেই এসেছিলেন শুভেন্দু অধিকারী ৷ আসার সময় শুভেন্দুর কনভয় লক্ষ্য করে 'জয় বাংলা' স্লোগান ও কালো পতাকা দেখায় তৃণমূলের কর্মী-সমর্থকরা।
এর আগেও আরামবাগে, বারাসাত ও কোচবিহার-সহ বিভিন্ন জায়গায় 'জয় বাংলা' স্লোগানের পাশাপাশি কালো পতাকা দেখানো হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কোচবিহারে যা ঘিরে চরম উত্তেজনা ছড়ায় ৷ শুভেন্দুর কনভয়ের গাড়ি ভাঙচুরের অভিযোগও ওঠে কোচবিহারে ৷ এদিনও ডানকাুনিতে তাঁকে কালো পতাকা দেখানো হয় ৷
আর এই বিষয়ে পাল্টা মঞ্চ থেকেই শুভেন্দু বলেন, "আসার সময় ডানকুনি টোল প্লাজায় কিছু কর্মচারীকে দিয়ে কালো পতাকা দেখানো হয়েছে ৷ আমি বললাম, তোদের বাপ যাচ্ছে দেখ। যত দেখাবি, তত আসব। ফেরার সময়ে গাড়ি আস্তে করব, যদি বাপের বেটা হয়ে থাকিস, তাহলে সামনে আসবি। কোচবিহারে করেছিল পরের দিন বারাসাতে সাইজ করেছে বিজেপি। যত করবে তত বেশি করে লড়াই করব। এ লড়াই মানুষের লড়াই, এ লড়াই জিততে হবে। বাংলাকে বাঁচাতে হবে।"
অন্যদিকে, তৃণমূল কর্মী জিয়ারুল আকান বলেন, "সারা বাংলা জুড়ে সাধারণ মানুষের ক্ষোভের জন্যই কালো পতাকা দেখানো হচ্ছে। যারা বাংলায় কথা বলে তারা বাংলাদেশি নয়। শুভেন্দু অধিকারীর মা বাংলাদেশ থেকে এক কাপড়ে চলে এসেছিলেন। আমরা বাঙালি, আমরা জয় বাংলা বলব।"
এই প্রসঙ্গে শ্রীরামপুর হুগলি সাংগঠনিক জেলা তৃণমূলের আইএনটিটিইউসির সভাপতি মনোজ চক্রবর্তী বলেন, "মুখ্যমন্ত্রী আলু চাষীদের পাশে সবসময় রয়েছে। শুভেন্দু অধিকারী বাংলা বিরোধী, নাটক করতে এসেছে ৷ বাঙালিদের বঞ্চনা করছে। সেই জন্য তৃণমূলের কর্মীরা, কালো পতাকা দেখায় ও জয় বাংলা স্লোগান দেয়। উনি হেনস্তা করার জন্য পশ্চিমবাংলার রাজনীতি করছে। কেউ যদি জয় বাংলা স্লোগান শুনে বিরক্ত হয়ে চিৎকার করে তাহলে তাকে তো এরকমই করবে।"

