বিজেপি কর্মীকে পিটিয়ে খুন: সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম তৎকালীন ওসি-সহ 3 পুলিশকর্মীর
নারকেলডাঙা থানার তৎকালীন ওসি এবং মহিলা সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে চার্জশিট জমা ৷ নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে অসহযোগিতা-সহ একাধিক অভিযোগ ৷

Published : July 4, 2025 at 5:47 PM IST
কলকাতা, 4 জুলাই: একুশের বিধানসভা নির্বাচনের পরে নারকেলডাঙা এলাকায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে ৷ সেই ঘটনায় এবার নাম জড়াল নারকেলডাঙা পুলিশ স্টেশনের তৎকালীন ওসি, মহিলা সাব-ইন্সপেক্টর এবং এক হোমগার্ডের ৷ শিয়ালদা আদালতে সিবিআইয়ের জমা দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে এই তিনজনের নাম রয়েছে বলে সূত্রের খবর ৷
জানা গিয়েছে, সিবিআইয়ের কাছে নিহত বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা নারকেলডাঙা থানার তৎকালীন ওসি, এসআই এবং হোমগার্ডের বিরুদ্ধে বিস্ফোরক বয়ান দিয়েছিলেন ৷ সেই বয়ানের ভিত্তিতে তদন্তের পর সাপ্লিমেন্টারি চার্জশিটে এই তিনজনের নাম রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ উল্লেখ্য, 2021 সালে বিধানসভা নির্বাচনের দিন কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে ৷
সেই ঘটনায় বেলেঘাটার বিধায়ক পরেশ পাল এবং স্থানীয় দুই তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করে অভিজিৎ সরকারের পরিবার ৷ বিধায়কের মদতেই বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ দায়ের করা হয় ৷ চার্জশিটে পরেশ পাল এবং দুই কাউন্সিলর-সহ মোট 20 জনের নাম ছিল ৷ এই মামলায় গত বুধবার শিয়ালদা আদালতে বিধায়ক এবং দুই কাউন্সিলরের নামেও চার্জশিট জমা পড়েছে ৷ এমনকি বিধায়ক-সহ বাকিদের হাজিরার নির্দেশও দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷
উল্লেখ্য, 2021 সালের সেই ঘটনায় নারকেলডাঙা থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ তদন্তে পুলিশি গাফিলতির অভিযোগে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের দাবিতে মামলা হয় ৷ ওই বছর 25 অগস্ট হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় ৷ সিবিআই তদন্তে নিহত বিজেপি কর্মীর পরিবারের তরফে অভিযোগ করা হয়, অভিযুক্তরা তাদেরকে হুমকি দিচ্ছিল ৷ সে নিয়ে পুলিশকে জানানো হলেও, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ৷ উলটে পুলিশ নাকি পরিবারের সদস্যদের দিয়ে সাদা কাগজে সই করিয়ে নিয়ে গিয়েছিল ৷
সেই অভিযোগের ভিত্তিতে, তদন্তে নামে সিবিআই ৷ তদন্তের পর গত 30 জুন শিয়ালদা আদালতের এসিজেএমের কাছে একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় সিবিআই ৷ সেখানে এই তিন পুলিশকর্মী ছাড়া আরও 15 জনের নাম রয়েছে ৷ উল্লেখ্য, গত সপ্তাহেই এই ঘটনার মূল অভিযুক্ত অরুণ দে-কে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ জানা গিয়েছে, তিনি গত চার বছর ধরে পলাতক ছিলেন ৷ এফআইআরে নাম থাকা 5 জন এখনও পলাতক বলে সিবিআই সূত্রে খবর ৷

