ETV Bharat / state

বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে, মাছ ছেড়ে প্রতিবাদ

ভরা বর্ষায় রাজ্য়ে বিভিন্ন প্রান্তে রাস্তার অবস্থা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ৷ প্রতিবাদে সরব বিরোধী বাম থেকে শুরু করে বিজেপি ৷

DURGAPUR BJP AGGITATION
ধানের চাড়া পুঁতে, মাছ ছেড়ে প্রতিবাদ বিজেপির (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 3, 2025 at 5:20 PM IST

2 Min Read
Choose ETV Bharat

দুর্গাপুর, 3 অগস্ট: উঠে গিয়েছে পিচের আস্তরণ। ভেঙে চুরমার রাস্তার বিভিন্ন অংশ ৷ একদা শহরের গুরুত্বপূর্ণ রাস্তা এখন কার্যত জলমগ্ন ডোবায় পরিণত হয়েছে ৷ প্রতিবাদে ধানের চারা পুঁতে এবং জমা জলে মাছ ছেড়ে বিক্ষোভ দেখাল বিজেপি।

রবিবার সকালে দুর্গাপুরের 28 নম্বর ওয়ার্ডের মুচিপাড়া আইটিআই মোড় সংলগ্ন রাস্তায় শুরু হয় অবরোধ। নেতৃত্বে ছিলেন বিজেপির জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও 3 নম্বর মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডল। রাস্তার চারদিকে একাধিক গর্ত ৷ প্রায় সর্বত্র পিচ উঠে গিয়েছে ৷ আর ভরা বর্ষায় এই সমস্ত গর্তই হয়ে উঠেছে ভয়ের কারণ। নিত্যযাত্রীদের কাছে এই রাস্তা এখন আতঙ্কের অন্য নাম হয়ে দাঁড়িয়েছে বলে দাবি বিজেপির।

চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, "এই রাস্তা দিয়ে প্রতিদিন বালি বোঝাই ট্রাক্টর চলে ৷ অথচ প্রশাসন চোখ বুজে বসে আছে। উন্নয়নের নামে কোটি কোটি টাকা উধাও হয়ে যাচ্ছে ৷ রাস্তার বেহাল অবস্থা ৷ এই পরিস্থিতিতে আমরা মাছ ছেড়ে ধান রোপণ করেছি ৷ কারণ, এই রাস্তাটা এখন চাষের জমির চেয়ে আলাদা কিছু নয় ৷"

তাঁর হুঁশিয়ারি, "অবিলম্বে সংস্কার না হলে, আমরা বৃহত্তর আন্দোলনে নামব। এবার আর চুপ করে বসে থাকব না।" অন্যদিকে, দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তিওয়ারী বলেন, “বর্ষায় কিছু রাস্তা নষ্ট হয়েছে ৷ বৃষ্টি কমলেই সংস্কার করা হবে। বিগত কয়েকদিন ধরে অনবরত বৃষ্টি হয়েই চলেছে। আর সে কারণেই রাস্তার টেন্ডার হয়ে যাওয়ার পরও পিচ রাস্তা মেরামতির কাজ শুরু করা যাচ্ছে না। বৃষ্টি কমলেই ওই রাস্তা তৈরির কাজ শুরু হবে।"

উল্লেখ্য, দুর্গাপুর স্টিল টাউনশিপের সেকেন্ডারি ও কনিষ্ক রোডের মাঝামাঝি রাস্তায় বিরাট ধ্বস দেখা গিয়েছিল ৷ এমনকী আসানসোলেও জাতীয় সড়কেও ধ্বস দেখা গিয়েছে। দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে বৃষ্টি একটু কমলেই সমস্ত রাস্তাঘাট সংস্কার করে দেওয়া হবে। তার আগে এবার প্রতিবাদে সরব হল গেরুয়া শিবির ৷