কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, গ্রেফতার বিজেপি বিধায়কের ছেলে-সহ 2 ! আটক গাড়ি
কোচবিহারে তৃণমূল নেতাকে গুলি করার ঘটনায় করা হল বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে-সহ দু'জনকে ৷


Published : July 4, 2025 at 4:32 PM IST
কোচবিহার, 4 জুলাই: গুলিবিদ্ধ হলেন কোচবিহার-2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা রাজু দে । তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ হয়েছে অস্ত্রোপচার ৷ এই ঘটনায় অভিযোগের আঙুল বিজেপির দিকে ৷ গ্রেফতার হয়েছেন বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে ও তাঁর গাড়ির চালক ৷
জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, "এই ঘটনায় বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় ও তাঁর গাড়ির চালক উত্তম গুপ্তকে গ্রেফতার করা হয়েছে । ঘটনায় আরও দু'জন জড়িত বলে সন্দেহ করা হচ্ছে ৷ তাঁদের খোঁজে তল্লাশি চলছে ৷ অপরাধে যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল, সেটিকে বাজেয়াপ্ত করা হয়েছ ৷ ফরেন্সিক বিশেষজ্ঞরা গাড়িটি পরীক্ষা-নীরিক্ষা করছেন ৷"
বৃহস্পতিবার রাতে পার্টি অফিস থেকে মোটরবাইকে করে বাড়ির দিকে যাচ্ছিলেন রাজু দে ৷ তাঁর বাড়ি থেকে 100 মিটার আগে একটি কালো রঙের চারচাকা গাড়িতে করে এসে অভিযুক্তরা তাঁকে গুলি করে বলে অভিযোগ । রাতেই রাজুকে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় কোচবিহারের নার্সিংহোমে নিয়ে যান । সেখানে অস্ত্রোপচারের পর বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল । তৃণমূলের দাবি, গুলি চালিয়েছে বিজেপির লোকজন ৷
তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, "কিছুদিন আগে বিজেপি বিধায়ক সুকুমার রায় চকচকা এলাকায় জনসংযোগে গেলে রাজু দে-র নেতৃত্বে স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখান । সেই ক্ষোভের কারণেই এই ঘটনা । এই ঘটনায় বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছোট ছেলে দলবল নিয়ে তাঁর গাড়ি ব্যবহার করে গুলি চালিয়েছেন ।"
যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি । কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় বলেন, "ভিত্তিহীন অভিযোগ । তৃণমূলের এলাকায় কোনও শক্তি নেই । তাই বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতা কর্মীদের ফাঁসাতে এ ধরনের চক্রান্ত করছে ।"
এদিকে, শুক্রবার সকালে ঝিনাইডাঙা এলাকায় রাস্তার উপর তাজা কার্তুজ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে পুলিশ সেই তাজা কার্তুজ উদ্ধার করে । এদিকে তৃণমুল নেতার উপর গুলি চালানোর ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে কোচবিহারের চকচকা, খাগড়াবাড়ি ও পুণ্ডীবাড়িতে পথ অবরোধ করে তৃণমূল । টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ । প্রায় আধঘণ্টা পর পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে ।
এদিকে শুক্রবার দুপুরে হাসপাতালের বেডে শুয়ে জখম তৃণমূল নেতা রাজু দে বলেন, "বিজেপি বিধায়ক সুকুমার রায় বিধায়ক হওয়ার পর গত 4 বছরে এলাকায় কোনও উন্নয়ন করেননি । তাই কিছুদিন আগে চকচকা এলাকায় গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় । সেই রাগের বশেই আমার উপর হামলা চালিয়েছে ।"

