রাস্তার জমা জলে সাঁতার কেটে প্রতিবাদ বিজেপি বিধায়কের
সল্টলেকের পর নদিয়া । জমা জলে সাঁতার কেটে অভিনব প্রতিবাদ বিজেপির । কাদা জলে সাঁতার কাটলেন খোদ বিধায়ক ।

Published : August 1, 2025 at 8:29 PM IST
চাকদা, 1 অগস্ট: বৃষ্টি থামলেও জলযন্ত্রণা থেকে রেহাই নেই এলাকাবাসীর । চাকদার গুরুত্বপূর্ণ রাস্তা যেন পুকুর ! সেই রাস্তাতেই সাঁতার কেটে শুক্রবার প্রতিবাদ জানালেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ ।
দ্রুত নিকাশি ব্যবস্থার উন্নতি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য বৃহস্পতিবার একইভাবে প্রতিবাদের ঝড় তুলেছিল বামেরা । রাজ্য সড়কের উপরে নৌকা চালিয়ে, মাছ ধরে ও ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল এলাকার বাম নেতৃত্বকে । তারপর দিনই সেই রাস্তায় সাঁতার কেটে প্রতিবাদ জানালেন বিজেপি বিধায়ক । তাঁর পিছনে হাঁটু সমান জলে দাঁড়িয়ে থাকতে দেখা গেল বিজেপির কয়েকশো কর্মী-সমর্থককে ।
এই রাস্তার পাশেই বাসস্ট্যান্ড থেকে শুরু করে একাধিক স্কুল, পুরসভা, থানা, হাসপাতাল, স্টেশন রয়েছে । এমনই গুরুত্বপূর্ণ নদিয়ার চাকদা-বনগাঁ রাজ্য সড়কে জলযন্ত্রণায় নাজেহাল মানুষ । জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সকলকে । এই রাজ্য সড়কে জলযন্ত্রণা দীর্ঘদিনের । যত দিন যাচ্ছে ততই অতিষ্ঠ করে তুলছে মানুষকে । হাঁটু সমান জল জমে থাকার কারণে কঙ্কালসারে পরিণত হয়েছে রাস্তা । যখন তখন দুর্ঘটনা ঘটছে ।
বিধায়ক বঙ্কিম ঘোষের কথায়, "প্রায় দেড় লক্ষ মানুষ এখান দিয়ে যাতায়াত করেন । মানুষের দুর্ভোগের শেষ নেই । ব্যবসায়ীদেরও ক্ষতির মুখে পড়তে হচ্ছে । এই রাস্তা মেরামতের জন্য প্রশাসনের সর্বস্তরে কথা বলেছি, চিঠি দিয়েছি এমনকী এই দফতরের মন্ত্রীর সঙ্গেও যোগাযোগ করেছি দেখা করে বলেছি তারপরেও কোনও কাজ হয়নি । আমার উপার্জনে তো আর রাস্তা হবে না । এখানের দায়িত্বে আমি নেই । যেখানে দায়িত্বে ছিলাম সেখানে রাস্তা করে দিয়েছি । এখানে আমার কাজ সরকারের দৃষ্টি আকর্ষণ করা । সেই কাজ আমি ধারাবাহিকভাবে করছি ।"
এদিনের প্রতিবাদে শামিল হতে দেখা যায় সাধারণ মানুষকেও । তাঁরাও চাইছেন দ্রুত নিকাশি ব্যবস্থার কাজ শুরু হোক, না হলে আগামী দিনে এর প্রতিবাদ আরও বৃহত্তর আকার ধারণ করবে । তবে প্রশ্ন উঠছে প্রতিবাদের ধারাবাহিকতা নিয়ে । প্রথমে বাম, তারপর বিজেপি; রাজনৈতিক প্রেক্ষাপটকে হাতিয়ার করার চেষ্টা করছে নাকি চেষ্টা করা হচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের ?
যদিও এর মধ্যে রাজনীতির তত্ত্ব মানতে নারাজ বিজোপি বিধায়ক । তাঁর বক্তব্য, "আমরা বিরোধী । আমাদের কাজই হল সাধারণ মানুষের স্বার্থে না হওয়া কাজ, বা তাদের সুবিধা অসুবিধাকে সরকারের কাছে তুলে ধরা । আমরা সেই কাজই করছি । এর মধ্যে কোনও রাজনীতি নেই । আমাদের দাবি এক । কে আগে প্রতিবাদ জানাল কে পরে এটা কোনও কথা নয় । সাধারণ মানুষের সমস্যা সমাধান করতে আজ আমরা রাস্তায় নেমেছি । প্রয়োজন হলে আগামী দিনেও নামব ।" এখন দেখার বাম ও বিজেপির দু'দিনের প্রতিবাদের 'ঝড়' কতটা নাড়া দিতে পারে প্রশাসনকে।
এই ঘটনার সাতদিন আগে সল্টলেকে ইসি ব্লক এবং এফ ডি ব্লকে একইভাবে জমা জলে সাঁতার কেটে প্রতিবাদে সামিল হয়েছিলেন বিজেপির কর্মী সমর্থকরা । সেখানেও অভিযোগ ছিল নিকাশি নালা সংস্কারের । এরপর নদিয়ার চাকদাতেও একইভাবে প্রতিবাদ করতে দেখা গেল বিজেপি নেতৃত্বকে ।

