বন্যার জন্য বাংলাকে ক্ষতিপূরণ দেওয়া উচিত ভুটানের: মমতা বন্দ্যোপাধ্যায়
বিপর্যস্ত নাগরাকাটায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ভুটান থেকে আসা জলেই উত্তরবঙ্গে এত বড় বিপত্তি ! তাই এর ক্ষতিপূরণও ভুটানকেই দিতে হবে।

Published : October 13, 2025 at 4:03 PM IST
জলপাইগুড়ি, 13 অক্টোবর: ভুটান থেকে আসা জলেই উত্তরবঙ্গে এত বড় বিপত্তি ! তাই এর ক্ষতিপূরণও ভুটানকেই দিতে হবে। বিপর্যস্ত নাগরাকাটায় এমনটাই দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার উত্তরের বন্যায় মৃতদের পরিবারের একজন করে সদস্যের হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকার আর্থিক সাহায্যও দেওয়া হয়েছে। এদিন নিজে হাতে ত্রাণসামগ্রীও বিলি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি, দুর্গতদের সবরকম সহায়তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
এদিন একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সংক্ষিপ্ত ভাষণে বলেন, "ভুটান থেকে নেমে আসা জলের কারণে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি... আমরা চাই তারা আমাদের ক্ষতিপূরণ দিক ৷ দিল্লি তো কিছু করে না। সবটাই আমাদের করতে হয়। আমি বেশ কিছুদিন ধরেই একটি ইন্দো-ভুটান যৌথ নদী কমিশন গঠনের জন্য জোর দিয়ে আসছি এবং আমি দাবি করছি যে পশ্চিমবঙ্গকে এর অংশ করা হোক। আমাদের চাপের মুখে, এই মাসের 16 তারিখে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং আমাদের প্রতিনিধিরা তাতে যোগ দেবেন।" তিনি আরও অভিযোগ করেন যে, কেন্দ্র দুর্যোগ মোকাবেলায় রাজ্যকে আর্থিক সহায়তা থেকে বঞ্চিত করেছে৷
এর পাশাপাশি, ভুটান থেকে জলের আসা ডলোমাইট নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "জল ছাড়লে, বলে ছাড়বে তো। জলের সঙ্গে ডলোমাইটও আসছে। তাতেই আরও ক্ষতি বাড়ছে। ওই ডলোমাইটের ধাক্কায় বাড়িগুলো আরও ভেঙে যাচ্ছে।" স্থানীয় প্রশাসনকে তিনি নদীর জলে ভেসে আসা ডলোমাইট তুলে নেওয়ার নির্দেশও দেন।
জলপাইগুড়ি জেলার নাগরাকাটার বামনডাঙ্গা এলাকায় একাধিক ত্রাণ শিবির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। 4 অক্টোবর ভারী বৃষ্টিপাতের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে এটি একটি। এই অঞ্চলে বন্যা দেখা দেয় এবং দার্জিলিং এবং এর পাদদেশে ব্যাপক জীবন ও সম্পত্তির ক্ষতি হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় জেলাগুলিতে ভূমিধস ও বন্যায় কমপক্ষে 32 জন নিহত এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন।
প্রাকৃতিক দুর্যোগের পর উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে তাঁর দ্বিতীয় সফরে রয়েছেন। তিনি শুক্রবার পর্যন্ত সেখানে থাকবেন। গত 5 অক্টোবর থেকে ত্রাণের কাজ তদারকি করার জন্য মুখ্যমন্ত্রী চার দিনের জন্য উত্তরবঙ্গে ছিলেন।

