ETV Bharat / state

4 দিনের জন্য বন্ধ হচ্ছে 'মরণ ফাঁদ' 10 নম্বর জাতীয় সড়ক

বাংলা-সিকিম লাইফ লাইন এই জাতীয় সড়কের পাঁচ জায়গায় নেমেছে ধস ৷ পর্যটন-মরশুমে স্থায়ী সমাধানের দাবিতে সরব ব্যবসায়ীরা ৷

NH10 Landslide
ধস নামা পাঁচটি অংশ সংস্কারের জন্য বন্ধ থাকছে 10 নম্বর জাতীয় সড়ক ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 13, 2025 at 2:03 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কালিম্পং, 13 অক্টোবর: ফের বন্ধ হয়ে গেল বাংলা-সিকিম লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক ৷ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মেরামতির কারণে বন্ধ রাখা হবে যান চলাচল ৷ সংস্কারের জন্য 29 মাইল থেকে গেইলখোলা পর্যন্ত সবরকম যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ৷ তবে, পর্যটনের ভরা মরশুমে বৃহস্পতিবার পর্যন্ত জাতীয় সড়ক বন্ধ রাখার সিদ্ধান্তে বেজায় ক্ষুব্ধ পর্যটন ব্যবসায়ীরা ৷

টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ ৷ বন্যা ও ধসের কারণে দুর্ভোগের শেষ নেই সাধারণ মানুষের ৷ গত শনিবারের ধসে বিপর্যস্ত পাহাড়ের জনজীবন ৷ একাধিক রাস্তার অবস্থা বেহাল ৷ সেই তালিকায় রয়েছে শিলিগুড়ি থেকে সিকিমের যোগাযোগের অন্যতম ব্যস্ত 10 নম্বর জাতীয় সড়ক ৷ তবে, সংস্কার হতে চলেছে ওই রাস্তার ৷ তাই 13 অক্টোবর থেকে 16 অক্টোবর পর্যন্ত চারদিন সেভক থেকে রংপো পর্যন্ত 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে সমস্তরকম যান চলাচল বন্ধ থাকবে ৷

NH10 Landslide
তিস্তা নদীতে ধসে গিয়েছে 10 নম্বর জাতীয় সড়কের একাংশ ৷ (ইটিভি ভারত)

29 মাইল থেকে গেইলখোলা পর্যন্ত একাধিক জায়গায় রাস্তা ধসে গিয়েছে বলে জানা খবর ৷ মেরামতির কাজের জন্য তাই সোমবার থেকে বৃহস্পতিবার, চারদিন কোনোরকম যানবাহন চলাচল করতে দেওয়া হবে না ৷ জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার দুপুর 1টা থেকে 16 অক্টোবর অর্থাৎ, বৃহস্পতিবার সন্ধে 6টা পর্যন্ত সেভক থেকে রংপোর মধ্যে জাতীয় সড়ক বন্ধ থাকবে ৷ এই নিয়ে নোটিশ দিয়েছে এনএইচআইডিসিএল কর্তৃপক্ষ ৷

ফলে এই চারদিন শিলিগুড়ি থেকে সিকিমের লাইফ লাইন এই জাতীয় সড়ক বন্ধ থাকায় নিত্যযাত্রীদের পাশাপাশি পর্যটকরাও চরম দুর্ভোগে পড়তে চলেছেন ৷ যদিও, তাঁদের ঘুরপথে যাতায়াতের ব্যবস্থা করেছে কালিম্পং জেলা প্রশাসন ৷ আলগাড়া, গরুবাথান দিয়ে যাতায়াত করবে সিকিমগামী সমস্ত গাড়ি ৷ পাশাপাশি দার্জিলিং থেকে কালিম্পংয়ের রাস্তাও খোলা রয়েছে ৷

NH10 Landslide
ধসে গিয়েছে 10 নম্বর জাতীয় সড়কের একাংশ ৷ (ইটিভি ভারত)

এই বিষয়ে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "29 মাইল থেকে গেইলখোলার মধ্যে অন্তত পাঁচ জায়গায় বড় ধস নেমেছে ৷ দ্রুত ওই ধস মেরামতির জন্য গতকাল সংগঠনের তরফে কর্তৃপক্ষকে কড়া চিঠি দেওয়া হয় ৷ অবিলম্বে ধস মেরামত না-করা হলে, আন্দোলন হবে বলেও জানানো হয়েছিল ৷"

প্রশাসন সূত্রে খবর, গেইলখোলা এলাকায় 'সিঙ্কহোল' তৈরি হয়ে জাতীয় সড়কের নীচের স্তর ভেঙে তিস্তায় নেমে যায় ৷ সেই ক্ষতি এখনও সামলানো যায়নি ৷ তার মধ্যেই ফের ধস নামে 29 মাইলে ৷ ক্রমাগত ধস নামার ফলে বিপজ্জনক হয়ে উঠেছে এই রাস্তা ৷ যা ঘন-ঘন যান চলাচলের ক্ষেত্রে বিপদের ইঙ্গিত দিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছে প্রশাসন ৷

NH10 Landslide
সংস্কারের জন্য 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখার নোটিশ এনএইচআইডিসিএল-এর ৷ (ইটিভি ভারত)

তাই মানুষের নিরাপত্তার কথা ভেবেই জাতীয় সড়ক বন্ধ করার সিদ্ধান্ত বলে দাবি করেছেন নিগমের ডেপুটি জেনারেল ম্যানেজার শিবম সিং ৷ পর্যটন ব্যবসায়ীদের অভিযোগ, পূর্ব ঘোষণা বা বিকল্প পরিকল্পনা ছাড়াই এমন সিদ্ধান্তে হাজার-হাজার পর্যটক ও সাধারণ মানুষকে চূড়ান্ত ভোগান্তির সম্মুখীন হতে হবে ৷

NH10 Landslide
মাঝখান থেকে ধস নেমে বিশাল বড় গর্ত 10 নম্বর জাতীয় সড়কে ৷ (ইটিভি ভারত)

10 নম্বর জাতীয় দিয়ে শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছতে যেখানে মাত্র সাড়ে চার ঘণ্টা লাগে, সেখানে এখন বাগরাকোট-লাভা-আলগাড়া বা গরুবাথান হয়ে একই দূরত্ব পেরোতে সময় লাগবে ছয় ঘণ্টার বেশি ৷ তিস্তা বাজার, পেশক রোড বা কালীঝোড়ার ঘুরপথ থাকলেও, খাড়া রাস্তায় ভারী যানবাহনের পক্ষে ওঠানামা প্রায় অসম্ভব ৷ তাই পর্যটন ব্যবসায়ী এবং স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, স্থায়ী সমাধান ছাড়া এভাবে বারবার জাতীয় সড়ক বন্ধ করলে পাহাড়ের অর্থনীতি ভেঙে পড়বে ৷