ETV Bharat / state

কন্যাসন্তানদের জন্য বাংলা সুরক্ষিত, একথা আর জোর দিয়ে বলতে পারছি না: রাজ্যপাল

নির্যাতিতা ও তাঁর পরিবারের সঙ্গে কথা ৷ নবজাগরণের বাংলায় ধর্ষণ বা গণধর্ষণের মতো ঘটনাকে অনভিপ্রেত বলে উল্লেখ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

DURGAPUR MEDICAL STUDENT GANG RAPE
কন্যাসন্তানদের জন্য বাংলা সুরক্ষিত, একথা আর জোর দিয়ে বলতে পারছি না: রাজ্যপাল ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 13, 2025 at 7:01 PM IST

3 Min Read
Choose ETV Bharat

দুর্গাপুর, 13 অক্টোবর: বাংলা কি আর কন্যাসন্তানদের জন্য নিরাপদ ? সোমবার সেই প্রশ্নটাই তুললেন রাজ্য়পাল সিভি আনন্দ বোস ৷ দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় রাজ্যের নারী সুরক্ষায় বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিলেন তিনি ৷ নির্যাতিতা এবং তাঁর বাবার সঙ্গে কথা বলার পর রাজ্যপালের মন্তব্য, "এই ঘটনার পর আর আমি পশ্চিমবঙ্গকে কন্যাসন্তানদের জন্য নিরাপদ বলতে পারছি না ৷"

এদিন দুর্গাপুরের ওই বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান রাজ্যপাল ৷ নির্যাতিতা পড়ুয়া এবং তাঁর বাবার সঙ্গে কথা বলেন ৷ রাজ্যপাল বলেছেন, "আমি নির্যাতিতা মেয়েটি এবং তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছি ৷ তাঁদের সুবিচার দিতে সবরকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছি ৷ এর বাইরে যা কথা হয়েছে, তা পুরোটাই গোপনীয় ৷"

কন্যাসন্তানদের জন্য বাংলা সুরক্ষিত, একথা আর জোর দিয়ে বলতে পারছি না: রাজ্যপাল (ইটিভি ভারত)

এরপরেই রাজ্যে একের পর এক ধর্ষণ ও গণধর্ষণের ঘটনার কথা উল্লেখ করে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন সিভি আনন্দ বোস ৷ তিনি বলেন, "এই রাজ্যে এধরনের ঘটনা প্রথমবার নয় ৷ সাম্প্রতিক অতীতে ধর্ষণের মতো অপরাধের একাধিক ঘটনা আমাদের সামনে এসেছে ৷ একসময় যে বাংলার হাত ধরে নবজাগরণ এসেছিল, সেই বাংলায় এই ধরনের ঘটনা অনভিপ্রেত ৷ এই ঘটনার পর আর আমি পশ্চিমবঙ্গকে কন্যাসন্তানদের জন্য নিরাপদ বলতে পারছি না ৷"

রাজ্যের সাংবিধানিক প্রধানের এই বক্তব্য, সরাসরি রাজ্যের আইনশৃঙ্খলা এবং পুলিশ-প্রশাসনের দক্ষতা ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলে দিল ৷ উল্লেখ্য, এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্গাপুরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের বোঝা বলে উল্লেখ করেছিলেন ৷

অন্যদিকে, ওড়িশা থেকে তিন সদস্যের প্রতিনিধিদল সোমবার বিকেলে দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান ৷ যে প্রতিনিধি দলের ছিলেন, ওড়িশার মহিলা কমিশনের চেয়ারপার্সন শোভনা মোহান্তি, আইনি উপদেষ্টা অরবিন্দ পট্টনায়ক এবং সিনিয়র ফিল্ড অফিসার বিজয়ীনি ৷

তবে, হাসপাতাল থেকে প্রায় 50 মিটার দূরে ব্যারিকেড করে বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীরা প্রতিনিধিদলকে আটকে দেয় ৷ সঙ্গে ছিল আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের আধিকারিকরা ৷ বলা হয়, রাজ্যপাল ভিতরে থাকায় এখনই তাঁদের ঢুকতে দেওয়া যাবে না ৷ ফলে দীর্ঘক্ষণ ব্যারিকেডের এপারে দাঁড়িয়ে থাকতে হয় ওড়িশা সরকারের প্রতিনিধিদলকে ৷

DURGAPUR MEDICAL STUDENT GANG RAPE
ওড়িশার মহিলা কমিশনের চেয়ারপার্সন শোভনা মোহান্তিকে বাধা ৷ (নিজস্ব ছবি)

এ নিয়ে প্রতিনিধিদলের সদস্য তথা আইনি উপদেষ্টা অরবিন্দ পট্টনায়েক বলেন, "আমরা যে আসছি, তা রাজ্যপাল জানেন ৷ আমরা আগেই কর্তৃপক্ষকে চিঠি দিয়ে আসার ব্যাপারে জানিয়েছি ৷ তারপরেও পুলিশ ও বেসরকারি নিরাপত্তারক্ষীরা আমাদের আটকাচ্ছেন ৷ আমরা নির্যাতিতা এবং তাঁর পরিবারের সঙ্গে কথা বলব ৷ তদন্তকারী দলের সঙ্গেও কথা বলব ৷ অভিযুক্তদের গ্রেফতারি, কীভাবে ও কতটা তদন্ত এগিয়েছে, সেই তথ্য আমরা নেব ৷ অবশ্যই আমরা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ এবং চিকিৎসক দলের সঙ্গে কথা বলব ৷ নির্যাতিতার চিকিৎসা এবং তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে তথ্য নেব ৷"

তবে, ওড়িশার মহিলা কমিশনের চেয়ারপার্সন শোভনা মোহান্তি বিশেষ কিছু বলতে চাননি ৷ তিনি শুধু বলেন, "আমরা নির্যাতিতা এবং তাঁর বাবার সঙ্গে কথা বলব ৷"