ETV Bharat / state

ভোটের আগে টার্গেট, ইডি'র তল্লাশি নিয়ে মন্তব্য দমকলমন্ত্রী সুজিত বসু'র

ভোট এলেই ইডি আসে ৷ কিন্তু দুর্নীতি বললেই প্রমাণ হয় না ৷ এর আগেও তাল্লাশি হয়েছে দুর্নীতির কোনও প্রমাণ মেলেনি, জানান সুজিত বসু ৷

ED RAIDS SUJIT BOSE OFFICE
ইডি তল্লাশি নিয়ে সুজিত বসুর প্রতিক্রিয়া (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 10, 2025 at 2:02 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 10 অক্টোবর: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বাড়ি ও অফিসে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি'র তল্লাশি নিয়ে মুখ খুললেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু ।

শুক্রবার সকালে লেকটাউনের শ্রীভূমি লেক ভিউ অ্যাপার্টমেন্টে মন্ত্রীর আবাসন ও তাঁর অফিসে তল্লাশি চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তদন্তকারী আধিকারিকরা । সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, “দুর্নীতি হয়েছে বললেই সেটা প্রমাণ হয়ে যায় ন । আসল সার্টিফিকেট দেবেন সাধারণ মানুষ । আমার এলাকার মানুষ জানেন, আমি কীভাবে তাঁদের পাশে থেকেছি।”

মন্ত্রী আরও দাবি করেন, তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ ই'ডির হাতে নেই । তাঁর কথায়, “আমার বাড়িতে আগেও তল্লাশি চালানো হয়েছে । কিছুই পাওয়া যায়নি । এবারও কিছুই মেলেনি । রাজনৈতিকভাবে আমাদের টার্গেট করা হচ্ছে । ভোটের আগে প্রতিবারই এমন অভিযান চালানো হয় ।”

ইডি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই ঠনঠনিয়া, শরৎ বোস রোড, নিউ আলিপুর, সল্টলেক এবং নাগেরবাজার-সহ প্রায় 10টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালানো হয় । সকালেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নাগেরবাজারের শোভনা অ্যাপার্টমেন্টে পৌঁছন ইডি আধিকারিকরা। প্রথমে ভিতর থেকে কোনও সাড়া না-পেয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় । পরে দরজা খুললে তদন্তকারীরা ভেতরে প্রবেশ করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করেন।

মন্ত্রী বলেন, “এটা নতুন কিছু নয় । লোকসভা নির্বাচনের আগেও অর্থাৎ 2024 সালের জানুয়ারিতে আমার বাড়িতে রেড করেছিল ইডি। তখনও কিছুই পায়নি। এখন আবার ভোটের আগে একই নাটক । মানুষের আদালতেই এই সব অভিযানের জবাব মিলবে ।”

রাজনৈতিক মহলের একাংশের মতে, পুজো কাটতে না-কাটতেই ফের তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা । অন্যদিকে তৃণমূলের অভিযোগ, ভোটের আগে ইডি-সিবিআইকে ব্যবহার করে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা চলছে । তবে তদন্তকারী আধিকারিকদের দাবি, এই অভিযান সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অঙ্গ, এবং তারা দুর্নীতির অভিযোগে যুক্ত ব্যক্তিদের আর্থিক লেনদেন খতিয়ে দেখছেন ।

মন্ত্রী সুজিত বসুর মন্তব্যে স্পষ্ট, তিনি এটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করেন । তাঁর কথায়, “মানুষই সব জানেন, মানুষই বিচার করবেন। আমি তাঁদের পাশে আছি, থাকব।”