বাংলা ট্রান্সজেন্ডার উন্নয়ন বোর্ড গঠনকারী দেশের প্রথম রাজ্য: শশী পাঁজা
মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে ট্রান্সজেন্ডার কল্যাণ বোর্ড থাকলেও, উন্নয়ন বোর্ড গঠনকারী দেশের প্রথম রাজ্য পশ্চিমবঙ্গ ৷ বিধানসভায় জানালেন মন্ত্রী শশী পাঁজা ৷

Published : March 19, 2025 at 8:59 AM IST
কলকাতা, 19 মার্চ: রাজ্যেই প্রথম ট্রান্সজেন্ডার উন্নয়ন বোর্ড গঠন হয়েছে । তাঁদের স্বার্থের কথা ভাবে রাজ্য সরকার। রাজ্য বিধানসভায় মঙ্গলবার একথা জানালেন রাজ্যের নারী শিশু এবং সমাজকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা।
এদিন বিধানসভায় উল্লেখ পর্বে তৃণমূল বিধায়ক মহম্মদ আলির প্রশ্নের জবাবে তিনি বলেন, "পশ্চিমবঙ্গ 2016 সালে দেশের প্রথম রাজ্য হিসেবে ট্রান্সজেন্ডার পার্সনস ডেভেলপমেন্ট বোর্ড গঠন করেছে ৷ যা কেন্দ্রের ট্রান্সজেন্ডার আইনেরও অনেক আগে । মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে ট্রান্সজেন্ডার কল্যাণ বোর্ড থাকলেও, উন্নয়ন বোর্ড গঠনকারী প্রথম রাজ্য হল পশ্চিমবঙ্গ। এটি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী চিন্তার ফল।"
উল্লেখ্য, এদিন তৃণমূল কংগ্রেসের লালগোলার বিধায়ক মহম্মদ আলি বিধানসভায় ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সামাজিক ও আর্থিক নিরাপত্তার দাবি তোলেন। তিনি বলেন, "সমাজে তাঁদের একঘরে করে রাখার প্রবণতা অর্থনৈতিকভাবে পিছিয়ে দেয়, যার ফলে তাঁরা ভিক্ষাবৃত্তির দিকে ধাবিত হয়।" মন্ত্রী শশী পাঁজা জানান, ট্রান্সজেন্ডারদের উন্নয়নের কথা ভেবে প্রত্যেক জেলাশাসককে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে এবং ট্রান্সজেন্ডার ব্যক্তিরা স্বঘোষণার মাধ্যমে লিঙ্গ পরিচয়ের শংসাপত্র পেতে পারেন।
মন্ত্রীর আরও সংযোজন, "এই শংসাপত্র তাঁদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে ৷ ট্রান্সজেন্ডার উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিনি অনুভব করেছেন যে, এই সম্প্রদায়ের মূল দাবি সামাজিক গ্রহণযোগ্যতা, পেনশন বা চাকরিতে সংরক্ষণ নয়। তাঁরা আর পাঁচটা সাধারণ মানুষের মতোই বাঁচতে চান। রাজ্যের নারী শিশু সমাজকল্যাণ দফতর একটি রাজ্য সমন্বয় কমিটি গঠন করেছে, যা ট্রান্সজেন্ডারদের সমস্যা নিয়ে কাজ করে ৷ এছাড়া, পুলিশকে নিয়মিতভাবে সংবেদনশীল করতে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়।"

