হাওড়ার ভাগাড় ধসে বিপর্যস্ত নিকাশির সমস্যা সমাধানে নয়া পরিকাঠামো গড়ছে কেএমডিএ
গত মার্চে হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ভূমিধস হয় ৷ আশপাশের এলাকায় পানীয় জল ও নিকাশি পরিকাঠামো নষ্ট হয় ৷ সেখানে নিকাশির নতুন পরিকাঠামো গড়ছে কেএমডিএ ৷

Published : May 2, 2025 at 5:02 PM IST
কলকাতা, 2 মে: মাসখানেকের কিছু বেশি সময় অতিক্রান্ত হয়েছে হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ের ধসের ঘটনার । তার জেরে বিপর্যস্ত হয়েছিল পার্শ্ববর্তী তিনটি ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা । বর্ষার আগে যুদ্ধকালীন তৎপরতায় সেখানে নতুন নিকাশি পাইপ লাইন তৈরি করছে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি বা কেএমডিএ । সপ্তাহ দুয়েকের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে বলেই জানিয়েছেন হাওড়া পুরনিগমের প্রশাসক সুজয় চক্রবর্তী ।
মার্চের শেষের দিকে হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে পাহাড় প্রমাণ জঞ্জালের চাপে ভূমিধসের মতো বিপর্যয় ঘটে । পানীয় জলের লাইন থেকে নিকাশি, সবটাই ক্ষতিগ্রস্থ হয় ব্যাপকভাবে । কলকাতা কর্পোরেশন তরফে পানীয় জলের গাড়ি পাঠিয়ে সামাল দেওয়া হয় পরিস্থিতি ।
একইভাবে শহরের জঞ্জাল ধাপা ও বৈদ্যবাটি পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে ফেলা শুরু হয় । এর সঙ্গেই এবার যুদ্ধকালীন পরিস্থিতিতে কেএমডিএ তৈরি করছে নিকাশির নতুন পরিকাঠামো । বসানো হচ্ছে নিকাশির জন্য নতুন পাইপ লাইন । এর ফলে ডাম্পিং গ্রাউন্ডের আশপাশের বিস্তীর্ণ এলাকায় জমে থাকা নোংরা জলের সমস্যার সমাধান ঘটবে দ্রুত ।
কেএমডিএ সূত্রে জানা গিয়েছে, ভাগাড় লাগোয়া 7, 8 ও 9 নম্বর ওয়ার্ডে নিকাশি জল নিষ্কাশনে হিউম পাইপ বসানো হচ্ছে । হিউম পাইপ কংক্রিটের তৈরি বিশেষ পাইপ, যা নিকাশি জল নিষ্কাশনে ব্যবহার করা হয় । এই পাইপ 200 মিটার বেশি দীর্ঘ জায়গায় বসবে । এর জন্য মাটি খুঁড়ে এই পাইপ বসানোর কাজ চলছে । ইতিমধ্যেই বিপর্যয়ের পর থেকে বিভিন্ন জলমগ্ন এলাকার জল পরিষ্কারের কাজও করা হয়েছে ।
হাওড়া পুরনিগমের প্রশাসক সুজয় চক্রবর্তী জানিয়েছেন, মার্চে ভাগাড়ে যে বিপর্যয় ঘটে, তার জেরে আশপাশের ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় । ফলে 7 নম্বর, 8 নম্বর ও 9 নম্বর ওয়ার্ড নিকাশি জল বের হতে সমস্যা হচ্ছিল । যুদ্ধকালীন তৎপরতায় সেই জল বের করে নতুন লাইনের কাজ করছে কেএমডিএ । এই হিউম পাইপ বসানোর কাজ সপ্তাহ দুয়েকের মধ্যে শেষ হয়ে যাবে । উপকৃত হবে 7 নম্বর ওয়ার্ড ও 9 নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ এবং 8 নম্বর ওয়ার্ডের সিংহভাগ এলাকার বাসিন্দারা ।
কেএমডিএ-র এক আধিকারিকের কথায়, মাটি ধস ও বর্জ্যের জেরে নিকাশি লাইন সম্পূর্ণ রুদ্ধ হয়ে যায় । ফলে আশপাশের তিনটি ওয়ার্ড, রেল কলোনি, বি ও সি রোড নিকাশি নোংরা জলে জলমগ্ন হয়ে যায় । ভয়ঙ্কর দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল । তবে সেই জল পরিষ্কার করা হয়েছে । আবর্জনা সরানোর কাজ চলছে । নতুন নিকাশি পাইপ বসানো হলে এই তিনটি ওয়ার্ড সমস্যা মিটে যাবে আপাতত । নতুন লাইনের মাধ্যমে জল একটি জলাশয়ে ফেলা হবে । সেখান থেকে খালে ফেলা হবে । তবে এই কাজ একটা অস্থায়ী সমাধান ।
উল্লেখ্য, বিপর্যয়ের পরবর্তী সময় পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বৈঠক করে ঠিক করে দেন কর্পোরেশন ও কেএমডিএ কোন কোন কাজ করবে । মূলত, বড় ধরনের কাজগুলি কেএমডিএ করছে । তার মধ্যে যেমন নিকাশির নতুন পরিকাঠামো তৈরির বিষয়টি রয়েছে, তেমনই রয়েছে এই ভাগাড়ে দীর্ঘ বছর পড়ে থাকা বর্জ্য সরিয়ে ফেলার কাজও ৷

