ETV Bharat / state

চুরি-দুর্নীতি-পুলিশকে শিরদাঁড়া উপহার ! দেখানো হল রাজ্যপালের লেখা নাটকে, প্রশংসা ঋতুপর্ণার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের মতে, 'চৌরঙ্গীর ফুল' নাটকের থেকেও বেশি কিছু । এটি একটি দৃষ্টিভঙ্গি ।

play at Raj bhavan
'চৌরঙ্গীর ফুল' নাটক অনুষ্ঠিত হল রাজভবনে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 27, 2025 at 6:18 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 27 জুলাই: রাজ্যপাল সিভি আনন্দ বোসের লেখা ছোট গল্প অবলম্বনে তৈরি 'চৌরঙ্গীর ফুল' শীর্ষক নাটক অনুষ্ঠিত হল রাজভবনে ৷ সেখানে রাজ্যের চুরি, দুর্নীতি থেকে পুলিশকে শিরদাঁড়া উপহার দেওয়ার কাহিনি উঠে এল সকলের সামনে ৷ এই নাটকের গল্পকে প্রশংসায় ভরালেন আমন্ত্রিতরা ৷

তার মধ্যে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও ৷ নাটকের বিষয়ে তিনি বলেন, "নাটকটি আমার খুব ভালো লেগেছে । বিশেষ করে শর্বরী মুখোপাধ্যায় খুব ভালো অভিনয় করেছেন ৷ ওঁর সঙ্গে আমি আগেও কাজ করেছি ৷ রাজ্যপাল খুব ভালো গল্পটা লিখেছেন ৷ এটা একটা রিয়েল স্টোরি ৷ প্রত্যেকেরই অভিনয় মন কেড়েছে, এখানে সকলকে দেখার মতো ৷ রাজ্যপালের লেখক হিসাবে প্রতিভা এখানে উঠে এসেছে ৷ রাজ্যপাল যেটা বললেন, উনি কেরলে ফিরে যেতে চান না ৷ এখানে থাকতে চান ৷ এটা খুব ভালো লাগল ৷"

দুর্নীতি-পুলিশকে শিরদাঁড়া উপহার, প্রদর্শিত রাজ্যপালের লেখা গল্প অবলম্বনে 'চৌরঙ্গীর ফুল' নাটকে (ইটিভি ভারত)

মূলত চুরি, দুর্নীতি কিংবা খুন-ধর্ষণ বর্তমান রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত বিষয় । প্রায় প্রতিদিনই শাসক ও বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এসব নিয়ে তর্জা চলছে ৷ একইরকমভাবে শিল্প, সাহিত্য ও নাটকে প্রতিবাদ ও সমালোচনা তুলে ধরা হয় । আর সেই নিয়েই শনিবার সন্ধ্যায় কলকাতার রাজভবনে 'চৌরঙ্গীর ফুল' শীর্ষক একটি নাটক প্রদর্শিত হয় ।

play at Raj bhavan
শর্বরী মুখোপাধ্যায় নাটকে অভিনয় করেন (নিজস্ব ছবি)

এই নাটকে শহর কলকাতার বস্তি এবং ভিক্ষুক সমাজকে চিত্রায়িত করার চেষ্টা করা হয়েছে । আলিপুর চিড়িয়াখানা থেকে কাঠ চুরি কিংবা শ্মশান-কবরস্থানের ফুলমালা চুরি কোনও কিছুই বাদ যায়নি । উঠে এসেছে কলকাতা পুলিশের পদস্থ কর্তাকে প্রতিবাদের হাতিয়ার-সহ শিরদাঁড়া উপহার দেওয়ার প্রসঙ্গও । চুরি-দুর্নীতির বিরুদ্ধে স্লোগানও উঠেছে নাটকে । ফুটপাথে থাকা শিশুদের কীভাবে ভিক্ষা করানো হয়, তাও চিত্রায়িত করা হয়েছে । বস্তি কীভাবে পরিচালিত হয়, বস্তিবাসী মানুষ বিভিন্ন উৎসব কীভাবে উদযাপন করেন, তাও তুলে ধরা হয়েছে নাটকে । সার্বিকভাবে কলকাতার অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট উঠে এসেছে নাটকের মাধ্যমে ।

play at Raj bhavan
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে রাজ্যপাল (নিজস্ব ছবি)

আর দর্শক আসনে যাঁরা ছিলেন, তাঁরা অনেকেই গত কয়েক বছরের কলকাতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলা ঘটনার সঙ্গে নাটকের অনেকটাই মিল পেয়েছেন বলে মনে করছেন । কিন্তু, সংবাদমাধ্যমের সামনে কেউই সেই নিয়ে মুখ খুলতে চাননি । কারণ নাটকেই বলা হয়েছে, "অন্যায়কে চোখ বুজে চুপ করে সহ্য করলেই নিজের আখের গোছানো যাবে । কোপ পড়বে না চাকরিতে, রিটায়ারমেন্টের পরে প্রভিডেন্ট ফান্ডে ।"

play at Raj bhavan
নাটক দেখতে উপস্থিত অতিথিরা (নিজস্ব ছবি)

রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর লেখা নাটক সম্পর্কে বলেন, "চৌরঙ্গীর ফুল নাটকের থেকেও বেশি কিছু । এটি একটি দৃষ্টিভঙ্গি । যা কলকাতার হৃদয়, এর স্থায়ী ঐতিহ্য এবং এর জনগণের অদম্য চেতনাকে প্রতিফলিত করে ।"

play at Raj bhavan
নাটকে শহর কলকাতার বস্তি এবং ভিক্ষুক সমাজকে তুলে ধরা হয়েছে (নিজস্ব ছবি)

সিভি আনন্দ বোস বিভিন্ন ভাষায় সাতটি উপন্যাস এবং তিনটি নাটক-সহ 83টি বইয়ের লেখক । তাঁর প্রশংসিত বই 'চেখভ অ্যান্ড হিজ বয়েজ'-এর মধ্যে একটি গল্প নিয়ে 'চৌরঙ্গীর ফুল' নাটকটি অনুষ্ঠিত হয় ৷ ওই বইটি মালয়ালাম, ইংরেজি, বাংলা, হিন্দি এবং তামিল ভাষায় প্রকাশিত হয়েছে । নাট্যদল 'নয়াবাদ তিতাস' নাটকটি উপস্থাপন করেন । EZCC-এর তত্ত্বাবধানে নাটকটি পরিচালনা করেছেন মনোজকুমার সাহা (আবীর) । এই নাটকে অভিনয় করেছেন রাজ্য বিজেপির অন্যতম নেত্রী শর্বরী মুখোপাধ্যায়-সহ 'নয়াবাদ তিতাসে'র কলাকুশলীরা । হিন্দি-বাংলা বিভিন্ন গান ব্যবহার করা হয়েছে নাটকে ।

play at Raj bhavan
'চৌরঙ্গীর ফুল' নাটকে কলকাতার গল্প (নিজস্ব ছবি)

নাটকে বস্তির পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানের মুহূর্ত তুলে ধরতে চটুল নাচ ও গান ব্যবহৃত হয়েছে ৷ রাজভবনের মতো ঐতিহ্যবাহী ভবনে এই ধরনের চটুল নাচ গান পরিবেশিত হওয়া নিয়ে প্রশ্ন উঠছে । আর নাটকটির দর্শক আসনে প্রথম সারিতে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তাঁর স্ত্রী লক্ষ্মী আনন্দ বোস, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও মুনমুন সেন-সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ।

play at Raj bhavan
'চৌরঙ্গীর ফুল' নাটকে চটুল নাচ (নিজস্ব ছবি)