ETV Bharat / state

বাড়িতে বসেই মিলবে পুর-পরিষেবা, দীপাবলির আগে সুখবর শোনাল বারাসত পুরসভা

প্রথম দফায় পুর কর্তৃপক্ষ পাঁচ ধরনের অনলাইন পরিষেবা পৌঁছে দেবে নাগরিকদের কাছে ৷ ধাপে ধাপে সেই পরিষেবা বাড়ানো হবে বলে জানা গিয়েছে পুরসভা সূত্রে।

BARASAT MUNICIPALITY
অনলাইনে পুর পরিষেবা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 10, 2025 at 6:34 PM IST

|

Updated : October 10, 2025 at 6:40 PM IST

3 Min Read
Choose ETV Bharat

বারাসত, 10 অক্টোবর: হয়রানির দিন শেষ ৷ পুরসভায় গিয়ে ঘণ্টার পর ঘণ্টা আর অপেক্ষা করতে হবে না নাগরিকদের। এবার বাড়িতে বসেই চটজলদি মিলবে পুর-পরিষেবা। তার জন্য অনলাইনে আবেদনও করতে পারবেন শহরবাসী। এমনই সুখবর শোনাল বারাসত পুরসভা। দীপাবলির আগেই নাগরিক পরিষেবার উন্নয়নে জোর দিতে চলেছে তৃণমূল পরিচালিত এই পুরসভা। ঠিক হয়েছে, প্রথম দফায় পুর কর্তৃপক্ষ পাঁচ ধরনের অনলাইন পরিষেবা পৌঁছে দেবে নাগরিকদের কাছে ৷ ধাপে ধাপে সেই পরিষেবা বাড়ানো হবে বলে জানা গিয়েছে পুরসভা সূত্রে।

কলকাতা শহরতলীর লাগোয়া উত্তর 24 পরগনার জেলা সদর বারাসতে দিন দিন মানুষের চাহিদা বাড়ছে ৷ একদিকে পাল্লা দিয়ে বাড়ছে জনসংখ্যা।অন‍্যদিকে ক্রমাগত বেড়ে চলেছে নাগরিক পরিষেবার চাহিদাও। অভিযোগ, জনসংখ্যা বৃদ্ধি পেলেও সেই তুলনায় নাগরিক পরিষেবার মান উন্নত হয়নি জেলার সদর শহর বারাসতে। মাঝে মধ্যেই এই নিয়ে ক্ষোভ উগরে দেন শহরের বাসিন্দারা ৷ বিশেষ করে পুর এলাকার জঞ্জাল এবং নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভের অন্ত নেই বাসিন্দাদের। দিনের পর দিন যত্রতত্র ময়লা, আবর্জনার স্তূপ পড়ে থাকলেও পুর কর্তৃপক্ষের কোনও হেলদোল থাকে না বলে অভিযোগ। সঠিক সময়ে পরিষেবা মেলে নিয়েও বারাসতবাসীর রয়েছে তিক্ত অভিজ্ঞতা। তাই, শহরবাসী যাতে নির্বিঘ্নে ও স্বচ্ছতার সঙ্গে পরিষেবা পান তার জন্য ডিজিটাল পদ্ধতিতে পরিষেবা দিতে উদ্যোগী হয়েছে বারাসত পুরসভা। এর জন্য একটি অ্যাপও তৈরি করা হয়েছে। যাতে বাড়িতে বসে সেই অ্যাপ খুলে পরিষেবা মিলতে পারে নাগরিকদের।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, আপাতত অনলাইনে পাঁচ ধরনের পরিষেবা মিলবে। প্রথমত, অনলাইনে আবর্জনা সংগ্রহের আবেদন করতে পারবেন নাগরিকরা। আবেদন নথিভুক্ত হলেই নির্দিষ্ট দিনে পুরসভার স্যানিটেশন টিম গিয়ে দরজায় দরজায় আবর্জনা সংগ্রহ করবেন। অনলাইনেই পেমেন্টের মাধ্যমে সেই পরিষেবার ফি প্রদান করা যাবে। দ্বিতীয়ত, সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার আবেদনও করা যাবে ডিজিটালি। অনলাইনেই তারিখ ও সময় বেছে নিয়ে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করানো যাবে। অনলাইন পেমেন্টের রসিদ পাওয়া যাবে সঙ্গে সঙ্গে। তৃতীয়ত, জল সরবরাহের সমস্যা বা অনুষ্ঠানের জন্য জল প্রয়োজন হলে অনলাইনে বুকিং করলেই পুরসভার ট্যাঙ্ক পৌঁছে যাবে। চতুর্থত, অ্যাম্বুল্যান্স পরিষেবাও ডিজিটাল করা হচ্ছে । পঞ্চমত, পুরসভার অডিটোরিয়ামও বাড়িতে বসেই বুকিং করা যাবে। কোনটির ভাড়া কত, সেটিও পুরসভার এই ওয়েবসাইটে দেওয়া রয়েছে ।

এদিকে, অনলাইনে এই পাঁচ পরিষেবা চালু হলে নাগরিক পরিষেবা নিয়ে মানুষের ক্ষোভে কিছুটা হলেও প্রলেপ দেওয়া যাবে বলে মনে করছে পুর কর্তৃপক্ষ। এই বিষয়ে বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় বলেন, "শহরের বাসিন্দাদের কাছে দ্রুত ও স্বচ্ছ পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। প্রথম ধাপে পাঁচটি বিষয়কে সামনে রাখা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে ভাড়া বা খরচ বুকিংয়ের সময়ই জানতে পারবেন নাগরিকরা।অফলাইনে যেমন ছিল ঠিক তেমনই থাকছে খরচ। এর ফলে উপকৃত হবেন শহরবাসী।"

Last Updated : October 10, 2025 at 6:40 PM IST