10 বছর ভুয়ো পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশি তরুণের ! পালাতে গিয়ে গ্রেফতার
বেঙ্গালুরুতে প্লাস্টিক কুড়ানোর কাজ করতেন ধৃত বাংলাদেশি ৷ তাঁর কাছ থেকে উদ্ধার ভারতের প্যান কার্ড ৷

Published : August 30, 2025 at 9:19 PM IST
মালদা, 30 অগস্ট: নাম পরিবর্তন করে দশ বছর ধরে ভারতে বসবাস করার অভিযোগ বাংলাদেশি তরুণের বিরুদ্ধে ৷ এসআইআর আবহে বাংলাদেশে পালানোর চেষ্টা করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে যান তরুণ ৷ জানা গিয়েছে, ধৃতের নাম হৃদয় মিয়াঁ (20) ৷ বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৷ মালদার ইংরেজবাজারের মহদিপুরের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, শুক্রবার ইংরেজবাজারের মহদিপুর স্ট্যান্ড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় হৃদয়কে ৷ তাঁকে দেখে সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজন ওই যুবককে ধরে ফেলে ৷ এরপর ইংরেজবাজার থানার পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে ৷ পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে ধৃত তরুণ নিজেকে বাংলাদেশি বলে স্বীকার করে নেন ৷ তাঁর কাছ থেকে একটি প্যান কার্ড উদ্ধার হয়েছে ৷ যেখানে তাঁর নাম পুনিত কুমার বলে উল্লেখ রয়েছে ৷
জিজ্ঞাসাবাদে ধৃত বাংলাদেশি তরুণ পুলিশকে জানিয়েছেন, প্রায় দশ বছর আগে ভারতে প্রবেশ করেছিলেন তিনি ৷ অর্থাৎ, সেই সময় তাঁর বয়স ছিল মাত্র দশ বছর ৷ তবে, কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন তিনি, তা নিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে ধৃত বাংলাদেশি ৷ তবে, মাত্র দশ বছরের একটি বালক কীভাবে একা সীমান্ত পেরিয়ে ভারতে এল, সেই প্রশ্ন ভাবাচ্ছে তদন্তকারীদের ৷ সেই সময় তাঁর সঙ্গে আর কে বা কারা ভারতে এসেছিলেন, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷
পুলিশকে ধৃত জানিয়েছেন, গত কয়েক বছর বেঙ্গালুরুতে প্লাস্টিক কুড়ানোর কাজ করে কাটিয়েছেন তিনি ৷ এর পাশাপাশি, ধৃতের থেকে উদ্ধার হওয়া প্যান কার্ড আসল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ যদি সেই প্যান কার্ড আসল হয়, তবে কীভাবে তা তৈরি করা হয়েছে ? তা জানতে ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করবে ইংরেজবাজার থানার পুলিশ ৷ মালদা জেলা নাকি বেঙ্গালুরু, কোথা থেকে ওই নথি তৈরি করিয়েছে ধৃত হৃদয় মিয়াঁ, পুলিশ তাও জানার চেষ্টা করছে ৷
উল্লেখ্য, সাম্প্রতিক সময় ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরি করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে বসবাসের একাধিক ঘটনা সামনে এসেছে ৷ যেখানে অধিকাংশ ক্ষেত্রে স্থানীয় তৃণমূল নেতাদের যোগ পাওয়া গিয়েছিল ৷ এখানেও তেমন কোনও যোগ রয়েছে কি না, সেই প্রশ্ন উঠছে ৷ তবে, পুলিশের তরফে জানানো হয়েছে পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ ৷ ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করে সেই তথ্য জানার চেষ্টা করা হবে ৷
এই নিয়ে নামপ্রকাশে অনিচ্ছুক মালদা জেলা পুলিশের এক আধিকারিক বলেন, "মহদিপুর সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি এক তরুণকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতের হেফাজত থেকে একটি প্যান কার্ডও বাজেয়াপ্ত হয়েছে ৷ ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে ঘটনা তদন্ত চালানো হবে ৷"

