সীমান্ত পেরিয়ে এসে এপারে আত্মগোপন, কলাবাগান থেকে গ্রেফতার 4 বাংলাদেশি
কী উদ্দেশ্যে চার বাংলাদেশি সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করেছে, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ধৃতদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করা হবে ৷


Published : August 26, 2025 at 12:44 PM IST
রানিতলা, 26 অগস্ট: মুর্শিদাবাদে সীমান্ত পেরিয়ে এদেশে অনুপ্রবেশ করে এক কলাবাগানে লুকিয়ে ছিল চার বাংলাদেশি নাগরিক ! খবর পেয়ে সোমবার রাতে শিবনগর ঘাট এলাকার ওই কলাবাগান থেকে তাদের গ্রেফতার করল রানিতলা থানার পুলিশ । তবে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেও চার বাংলাদেশি যুবকের সীমান্ত টপকানোর উদ্দেশ্য উদ্ধার করতে পারেনি পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান, সীমান্তের কোনও দালালের হাত ধরেই তারা এপারে এসেছে । সীমান্ত এলাকায় জাল ভোটার ও আধার কার্ড তৈরি করার উদ্দেশ্য ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।
লালবাগের অতিরিক্ত পুলিশ সুপার রাসপ্রিত সিং বলেন, "ধৃতরা কী উদ্দেশ্যে ভারতে ঢুকেছে তা খতিয়ে দেখা হচ্ছে । সীমান্ত এলাকায় জাল ভারতীয় নাগরিকত্বের পরিচয় পত্র তৈরির একাধিক চক্রকে আমরা ধরেছি । সীমান্ত এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে ।"
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আলামিন শেখ, সাবির হোসেন, মামন আলি ও মহম্মদ বিপ্লব । আলামিন শেখের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার সোনাইকান্দিতে । বাকিরা রাজশাহী জেলার বেরপাড়া গ্রামের । ধৃতদের বয়স 19-29 বছরের মধ্যে । ধৃতদের কাছ থেকে বাংলাদেশি নাগরিকত্বের পরিচয় পত্র মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । ধৃতদের আজ পাঁচদিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে ।
মুর্শিদাবাদ জেলার জলঙ্গি, সাগরপাড়া, রানিতলা, ভগবানগোলা, রানিনগর থানা এলাকা ভারত-বাংলাদেশ সীমান্তে রয়েছে । রানিনগর থানা এলাকায় সীমান্তের কিছু অংশে কাঁটাতার রয়েছে । আর্ন্তজাতিক সীমান্তের বাকি অংশ খোলা এবং জলসীমান্ত । সীমান্তের খোলা অংশ দিয়েই চলে পাচারকাজ । বর্ষায় পদ্মার জলে ভাসিয়ে পাচার চলে রাতের অন্ধকারে । ওই খোলা অংশ দিয়ে হামেশাই ভারতে ঢুকছে বাংলাদেশিরা ।
অনুপ্রবেশকারীরা সীমান্তের দালালদের ধরে জাল ভোটার, আধার আইডি কার্ড তৈরি করে বছরের পর বছর কেরল, কর্ণাটক, চেন্নাই, মুম্বই-সহ বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করছে । তাদের মধ্যে কেউ কেউ পাচারের সঙ্গেও যুক্ত । পুলিশের হাতে ধরা পড়ে অনেকেই জানিয়েছে, তারা অশান্ত বাংলাদেশ থেকে প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন । ধৃতদের মধ্যে কেউ আবার নাশকতার ছক নিয়ে এদেশে ঢুকছে কি না, আপাতত তার উত্তর নেই পুলিশের কাছে । গত একমাসে প্রায় 38 জন বাংলাদেশিকে আটক করেছে পুলিশ । পুলিশের চোখে ধুলো দিয়ে অনেকেই পরিচয় গোপন করে সীমান্ত এলাকায় বা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে ।
ফলে মুর্শিদাবাদে আর্ন্তজাতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এখন অনুপ্রবেশকারীদের কাছে ভারতে ঢোকার সহজ পথ হয়ে দাঁড়িয়েছে । সীমান্ত এলাকায় নজরদারি চালাচ্ছে বিএসএফ । বিএসএফের নজর এড়িয়ে পাচার এবং অবাধ অনুপ্রবেশ কীভাবে সম্ভব হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে ।

