কবে খুলছে কসবার আইন কলেজ ? বিজ্ঞপ্তি দিয়ে সবিস্তারে জানালেন কর্তৃপক্ষ, জারি কড়া নিয়ম
সোমবার থেকে খুলে যাচ্ছে দক্ষিণ কলকাতা আইন কলেজ । তবে পঠন পাঠন শুরু হবে মঙ্গলবার ৷


Published : July 4, 2025 at 7:32 PM IST
কলকাতা, 4 জুলাই: সোমবার থেকে খুলছে দক্ষিণ কলকাতা আইন কলেজ । বিজ্ঞপ্তি জারি করে একথা জানালেন কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় ৷ তবে কলেজের পঠন পাঠন শুরু হচ্ছে মঙ্গলবার ৷ পাশাপাশি বেশকিছু কড়া বিধি মেনে চলারও সিদ্ধান্ত নিয়েছেন কলেজ কর্তৃপক্ষ ৷ তাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে ৷
যুগ্ম পুলিশ কমিশনারের অনুমতি পাওয়ার পর, গভর্নিং বডি আগামী সোমবার সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত কলেজ পুনরায় খোলার নির্দেশ দিয়েছে ৷ তবে নির্দিষ্ট কিছু উদ্দেশ্যেই কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ৷ তাতে লেখা আছে, "সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত কলেজে থাকবেন । স্থায়ী রক্ষী বরুণ মাহালি পুরো কলেজ ভবনটি পরীক্ষা করে এবং প্রধান প্রবেশদ্বারটি তালাবন্ধ করে তবে কলেজ থেকে বেরোবেন ৷"
কবে কোন সময়ে কলেজে কী কী কাজ হবে, তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে ৷ বলা হয়েছে, "শুধুমাত্র পাঁচ বছরের বিএএলএলবি কোর্সের প্রথম সেমেস্টারের শিক্ষার্থীরা, যাঁরা পরীক্ষার ফর্ম ফিল-আপ করতে পারেননি, তাঁদের সোমবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত কলেজ আইডি কার্ড এবং পরীক্ষার ফর্ম ফিল-আপ সম্পর্কিত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে হবে এবং ফর্ম ফিল-আপ সংক্রান্ত যে কোনও প্রশ্নের জন্য মি. পল্লব অধিকারীর (অফিস স্টাফ) সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হচ্ছে ।"
বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে যে, "শুধুমাত্র চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম সেমেস্টারের শিক্ষার্থীদের তাঁদের ইন্টারনাল প্রজেক্ট পেপার জমা দেওয়ার জন্য যথাযথ কলেজ আইডি কার্ড নিয়ে কলেজে আসতে নির্দেশ দেওয়া হচ্ছে । সকাল ন'টা থেকে দুপুর সাড়ে 12টা পর্যন্ত মি. বরুণ মাহালিকে কলেজ আইডি কার্ড না-দেখালে তাঁরা প্রবেশ করতে পারবেন না । নিম্নলিখিত দিনগুলিতে আসতে হবে: শুধুমাত্র চতুর্থ সেমেস্টারের শিক্ষার্থীরা 08.07.2025 (মঙ্গলবার), শুধুমাত্র ষষ্ঠ সেমেস্টারের শিক্ষার্থীরা 09.07.2025 (বুধবার), শুধুমাত্র অষ্টম সেমেস্টারের অনার্স ও জেনারেল শিক্ষার্থীদের 10.07.2025 (বৃহস্পতিবার) আসবেন।"
তবে কলেজ সোমবার খুললেও পঠন পাঠন মঙ্গলবার শুরু হচ্ছে ৷ বিজ্ঞপ্তিতে এলএলএম শিক্ষার্থীদের মঙ্গলবার থেকে নিয়মিত ক্লাস রুটিন অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে । বৈধ অফিসিয়াল উদ্দেশ্য ছাড়া কোনও শিক্ষার্থীকে কলেজ প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ ।
ছাত্রীকে গণধর্ষণের ঘটনার পর থেকে অনির্দিষ্টকালের জন্য কেন কলেজ বন্ধ রয়েছে, তা নিয়ে বুধবার ক্ষোভ প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । কলেজ বন্ধ রাখার কারণও কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলেন তিনি । চিঠি মারফৎ তাঁকে জবাবও দিয়েছিলেন কলেজ কর্তৃপক্ষ । বর্তমানে কলেজে তদন্তের স্বার্থে পুলিশ মোতায়েন রয়েছে । সেই কারণেই কলেজ বন্ধ রয়েছে বলে চিঠিতে জানানো হয় । তবে কবে কলেজে পঠন পাঠন শুরু হবে, সেবিষয়ে চিঠিতে কিছু জানানো হয়নি ৷ তবে এবার কলেজ খোলার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানাল দক্ষিণ কলকাতা আইন কলেজ কর্তৃপক্ষ ।
যদিও কসবার কলেজের ঘটনার পর রাজ্যের অন্যান্য কলেজগুলিও নড়েচড়ে বসেছে । যোগেশচন্দ্র চৌধুরী কলেজ আগেই বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে । এবার সেই পথেই হাঁটল আশুতোষ কলেজ । বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছে, কলেজে বহিরাগত প্রবেশ একেবারে নিষিদ্ধ ।
আশুতোষ কলেজের তরফে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, যথাযথ পরিচয় পত্র না-থাকলে বহিরাগতরা কলেজে প্রবেশ করতে পারবে না । যদি প্রবেশ করতে হয়, তাহলে কর্তৃপক্ষের অনুমতি লাগবে । এই নিয়ম আশুতোষ কলেজের সমস্ত ক্যাম্পাসের জন্যই প্রযোজ্য হবে ।
আশুতোষ কলেজের প্রিন্সিপাল মানস কবি জানান, "সাময়িক যে ঘটনা ঘটেছে তাতে আমার আরও বেশি সচেতন । নিরাপত্তারক্ষীদের বলেছি, কোথাও যেন জটলা না হয় । শুধুমাত্র কমনরুম বা ক্লাসরুমে পড়ুয়ারা ভিড় করতে পারবে । পরিচয় পত্র ছাড়া কেউ কলেজে আসবে না । প্রাক্তনীদের অনেক সময় কলেজে প্রয়োজন পড়ে । তাই আমার অনুমতি ছাড়া কোনও প্রাক্তনী কলেজে প্রবেশ করতে পারবে না ।"

