কামারহাটিতে ডায়রিয়ার আক্রান্ত কমপক্ষে 50, পানীয় জলের নমুনা সংগ্রহ
29 নম্বর ওয়ার্ডে পানীয় জলে অতিরিক্ত আয়রন থাকার অভিযোগ ৷ এলাকার নিকাশি ব্যবস্থা নিয়েও ক্ষোভ স্থানীয়দের ৷

Published : March 23, 2025 at 8:39 PM IST
কামারহাটি, 23 মার্চ: হাওড়ায় জলসঙ্কটের মধ্যে এবার কামারহাটি পুরসভা এলাকায় ডায়রিয়ার প্রকোপ ! 29 নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকায় অসুস্থ হয়ে পড়েছেন কমপক্ষে 50 জন বাসিন্দা ৷ সকলেই জল খাওয়ার পর থেকে অসুস্থ হয়েছেন ৷ পেটের সমস্যা ও বমির উপসর্গ নিয়ে অধিকাংশ রোগীর চিকিৎসা হাসপাতালে চলছে বলে জানা গিয়েছে ৷ জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷
পানীয় জল থেকে সংক্রমণে এই বিপত্তি বলে প্রাথমিকভাবে মনে করছে পুর কর্তৃপক্ষ ৷ ইতিমধ্যে সংক্রমিত এলাকায় পানীয় জলের ট্যাংক পাঠানো হয়েছে ৷ পাশাপাশি মেডিক্যাল ক্যাম্পও খোলা হয়েছে ওয়ার্ডে ৷ এছাড়া, পানীয় জল ব্যবহারে সতর্কতা জারি করেছে পুরসভা ৷ এ নিয়ে এলাকার বাসিন্দাদের সতর্ক করতে মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে ৷ যদিও, আতঙ্ক কাটছে না-এলাকাবাসীর ৷
গত কয়েকদিন ধরেই পানীয় জলের সমস্যা চলছে ওই এলাকায় ৷ অভিযোগ, পুরসভার টাইম কলের জলে প্রচুর পরিমাণে আয়রন থাকছে ৷ এছাড়া পানীয় জলে নোংরাও রয়েছে ৷ বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় নিকাশি নালার অবস্থাও খুব খারাপ ৷ নোংরা, আবর্জনা জমে থাকায় নিকাশি নালা থেকে সঠিকভাবে জল বেরতে পারে না ৷ যার ফলে নিকাশি নালার নোংরা জল উপচে অনেক সময় মিশছে পানীজলের পাইপ লাইনে ৷ এতে সমস্যা আরও বাড়ছে ৷ বারবার পুরসভাকে বলা হলেও, তারা কোনও ভ্রুক্ষেপ করেনি ৷"
বাসিন্দাদের অভিযোগ যে অমূলক নয়, তা ওই এলাকায় গিয়ে টের পাওয়া গিয়েছে ৷ ডায়রিয়ার প্রকোপের পরেও নোংরা, আবর্জনায় পরিপূর্ণ এলাকার নিকাশি নালা ৷ তা পরিষ্কার করার কোনও উদ্যোগ পুর কর্তৃপক্ষের মধ্যে দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে ৷ যা নিয়ে ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে ৷

জানা গিয়েছে, প্রথমদিকে ওই এলাকায় এক-দু’জনের শরীর খারাপ হতে শুরু করে ৷ পেটের সমস্যা ও বগি হতে থাকে ৷ এরপর ওই এলাকার বেশ কয়েকটি পরিবারের একাধিক সদস্যের মধ্যেও উপসর্গ দেখা যায় ৷ অসুস্থতা বাড়তে থাকায় প্রায় 50 জনকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ এবং কামারহাটি ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ পানীয় জল থেকে আরও অনেকে অসুস্থ হতে পারেন বলে প্রাথমিকভাবে মনে করছেন চিকিৎসকরা ৷ ইতিমধ্যে জলের নমুনাও পাঠানো হয়েছে পরীক্ষা কেন্দ্রে ৷ রিপোর্ট এলে কারণ স্পষ্ট হবে বলে জানাচ্ছে পুর কর্তৃপক্ষ ৷
এই বিষয়ে কৃষ্ণ সাউ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, "তিন-চার দিন ধরে এই সমস্যা চলছে ৷ প্রত্যেক পরিবারের কেউ না-কেউ উপসর্গ নিয়ে ভুগছেন ৷ পুরসভা শুধু পানীয় জলের ট্যাংক দিয়ে এবং মাইকিং করেই দায় সেরেছে ৷ এলাকার টাইম কলের জল পরিশুদ্ধ করা কিংবা নিকাশি নালা পরিষ্কার করা, কোনটারই এখনও পর্যন্ত উদ্যোগ নেয়নি পুরসভা ৷ এলাকার মানুষ আতঙ্কে রয়েছে ৷"
বিনা সিং নামে আরেক বাসিন্দা বলেন, "আমার ছেলের গত চারদিন ধরে পেটের সমস্যা ও বমি হচ্ছে ৷ কমছে না-কিছুতেই ৷ ও'র চিকিৎসা চলছে কামারহাটি ইএসআই হাসপাতালে ৷ কাউন্সিলর এলাকায় ঘুরছেন ঠিকই ৷ কিন্তু, সেভাবে কোনও উদ্যোগ চোখে পড়েনি ৷ আমরা চাই পুরসভা যথাযথ পদক্ষেপ নিক ৷" যদিও স্থানীয় তৃণমূল কাউন্সিলর নির্মলা রাইয়ের দাবি, "পরিস্থিতি আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে ৷ পানীয় জল নাকি, কোনও খাবার থেকে এই বিপত্তি, তা জানা যাবে সংগৃহিত নমুনার রিপোর্ট এলেই ৷"

