নিয়ামতপুরে শুটআউট, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি; সিসিটিভিতে ধরা পড়ল ছবি
আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরে সৈয়দ জাভেদ বারিক নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে দুই বাইক আরোহী ৷ সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি ৷

Published : August 30, 2025 at 7:32 AM IST
আসানসোল, 30 অগস্ট: পাড়ায় মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিল দুই দুষ্কৃতী ৷ তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি । পায়ে হেঁটে তিনি কিছুটা এগোতেই বাইক নিয়ে গিয়ে ওই ব্যক্তির পিছু নিয়ে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায় তারা ৷ শুক্রবার রাতে রোমহর্ষক এই খুনের ঘটনাটি ঘটেছে কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুরের রহমান পাড়ায় ৷
মৃত ব্যক্তির নাম সৈয়দ জাভেদ বারিক (51) ৷ তিনি আসানসোল পুরনিগমের সাফাই বিভাগের কর্মী ছিলেন ৷ ঘটনার ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে । তদন্ত শুরু করে ঘটনায় জড়িত সন্দেহে মৃতেরই খুড়তুতো ভাইকে গ্রেফতার করেছে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ৷ তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতের নাম ইন্তেকাব আলম। জমি জায়গা নিয়ে পারিবারিক বিবাদের জেরেই এই খুন বলে জানিয়েছে কুলটি থানার পুলিশ। খুড়তুতো ভাই ভাড়াটে খুনীকে সুপারি দিয়ে দাদা সৈয়দ জাভেদ বারিককে খুন করিয়েছে বলে পুলিশের দাবি। ঘটনা সম্পর্কে এসিপি বলেন, "শুক্রবার রাতে একটি গুলি চালানোর ঘটনা ঘটেছে । দু'জন দুষ্কৃতী এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।" পরবর্তী সময়ে গ্রেফতারির বিষয়টি প্রকাশ্যে আসে ৷
মৃত জাভেদের স্ত্রী শবনম বিবি বলেন, "শুক্রবার রাতে খাওয়া-দাওয়া সেরে শুয়ে পড়েছিলেন আমার স্বামী । কিন্তু কিছুক্ষণ পর উঠে আবার বাইরে যান । এরপর জানতে পারি পাড়ার মধ্যেই কেউ বা কারা ওনাকে গুলি করেছে ৷ আমরা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাই ৷ কিন্তু রাস্তাতেই সব শেষ ।" পরিবার সূত্রে জানা গিয়েছে, স্ত্রী ও সন্তান-সহ ভাইয়ের সঙ্গে বসবাস করতেন জাভেদ । কখনও কোনও ঝামেলায় থাকতে না ৷ কিন্তু কোনও একটি জমি নিয়ে আসানসোলের বস্তিন বাজারের কারও সঙ্গে তাঁর অশান্তি হয় ৷
জাভেদের ভাই মহম্মদ পারভেজ বলেন, "এক মাস আগে দাদাকে গুলি করে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল । সেই কথা আমরা পুলিশকে জানিয়েও ছিলাম । তারমধ্যেই এই ঘটনা ঘটে গেল ।" আসানসোল জেলা হাসপাতালে মৃতের ছেলে সৈয়দ ফারজান বলেন, "আইনতভাবে পুলিশ যা করার করুক । আমরা দোষী ব্যক্তির ফাঁসি চাই ।"
মৃতের নিকট আত্মীয় মাজিদ দরাজ বলেন, "আমরা রাতে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি । এসে জানতে পারি তাঁর মৃত্যু হয়েছে । পরিবারের অন্যান্য লোকেদের কাছ থেকে শুনলাম, জমি জায়গার নিয়ে কোনও বিবাদের কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে।"

