হায়দরাবাদে 'খুন' আসানসোলের শ্রমিক, খোঁজ মিলছে না সঙ্গীর
মাত্র কয়েকদিন আগে হায়দরাবাদে কাজ করতে গিয়েছিলেন আসানসোলের যুবক ৷ সঙ্গে ছিলেন এক পরিচত ৷ 2 জুলাই যুবকের দেহ উদ্ধার হয় ৷ খোঁজ নেই সঙ্গীর

Published : July 4, 2025 at 11:46 AM IST
আসানসোল, 4 জুলাই: এক মাসও হয়নি উপার্জনের আশায় বাড়ি ছেড়ে ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন আসানসোলের এক যুবক। আর সেখানেই রহস্যজনক অবস্থায় তাঁর মৃত্যু হল। এলাকারই এক ব্যক্তির সঙ্গে হায়দরাবাদের একটি কারখানায় কাজ করতে গিয়েছিলেন আসানসোলের বাসিন্দা রোশন হেলা (43)। কারখানার আবাসন থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে বলে হায়দরাবাদ পুলিশ আসানসোল উত্তর থানার পুলিশকে জানিয়েছে। ঘটনার পর থেকে বেপাত্তা রোশন হেলার সঙ্গী।
পরিবার সূত্রে জানা গিয়েছে গত 19 জুন আসানসোল থেকে রওনা দেন রোশন ৷ তাঁর বাড়ি উত্তর আসানসোলের রামকৃষ্ণ ডাঙাল এলাকায় । তাঁর সঙ্গে গিয়েছিলেন পাশের পাড়ার যুবক রঞ্জিত পণ্ডিত। দুজনে একটি কারখানায় কাজ পান। কারখানার আবাসনেই দু'জনে একসঙ্গে থাকতেন বলে জানিয়েছে পরিবার।
গত 2 জুলাই কারখানার ওই আবাসন থেকে রোশন হেলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। হায়দরাবাদ পুলিশ সূত্রে এমনটাই জানতে পেরেছে আসানসোল উত্তর থানার পুলিশ। ঘটনার পর থেকে রঞ্জিতের আর কোনও খোঁজ নেই। হায়দরাবাদের পুলিশ খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। পুলিশের সন্দেহ খুনের ঘটনার সঙ্গে রঞ্জিত ৷ তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷
ইতিমধ্যেই দেহ আনতে রোশনের পরিবারের লোকেরা হায়দারাবাদ রওনা দিয়েছেন। ঘটনার খবর জানতে পেরে প্রতিবেশীরা ভিড় জমিয়েছে রোশনের বাড়িতে। জানা গিয়েছে, দাদা-বৌদির সঙ্গে থাকতেন রোশন। তাঁর বৌদির দাবী রোশনের বিয়ে হয়েছিল। যদিও বাড়িতে রোশনের স্ত্রীকে পাওয়া যায়নি। তাঁর সম্পর্কে কোনও তথ্যও পাওয়া যায়নি ৷
বৌদি তুলসী হেলা বলেন, "আসানসোলে রাজমিস্ত্রির কাজ করতে রোশন। সামান্য হলেও রোজগার হত। কিন্তু একদিন জোর করে কাজ করতে চলে গেল হায়দরাবাদে। যেদিন ওর একটার সময় ট্রেন সেদিন হঠাৎ করেই বেলা বারোটার সময় এসে জানিয়েছিল কাজ করতে যাচ্ছে। দাদা বারণ করলেও রোশন কারও কথা শোনেনি। গত 24 জুন আধার কার্ডের ওটিপি চেয়ে শেষবার ফোন করেছিল। তারপর আমাদের সঙ্গে আর কথা হয়নি ৷ আচমকা গতকাল আসানসোল উত্তর থানার পুলিশ আমাদের জানায় রোশনের মৃত্যু হয়েছে।"
এই ঘটনাকে মেনে নিতে পারছেন না প্রতিবেশীরাও। প্রতিবেশী মুন্নি হেলা বলেন "রঞ্জিতের সঙ্গে যখন একই ঘরে থাকতেন রোশন ৷ ঘটনার পর থেকে রঞ্জিতের কোনও খবর পাওয়া যাচ্ছে না ৷ আমরা সন্দেহ করছি এই ঘটনা রঞ্জিত ঘটিয়েছে।"

