ETV Bharat / state

কিশোর সন্ধ্যায় পুলিশ গায়কের গানে মাতল আসানসোল

গানের কোনও প্রথাগত প্রশিক্ষণ নেননি প্রসেনজিৎ চক্রবর্তী ৷ ছোটবেলায় মায়ের গান শুনেই তাঁর গান গাওয়ার ইচ্ছে হয় ।

Kolkata Police Inspector singer
কলকাতা পুলিশের ইন্সপেক্টর প্রসেনজিৎ চক্রবর্তী (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 5, 2025 at 8:03 PM IST

5 Min Read
Choose ETV Bharat

আসানসোল, 5 অগস্ট: তাঁর পেশার দায়িত্ব কঠিন । আবার নেশায় তিনি আবেগপ্রবণ । পেশায় পুলিশ ইন্সপেক্টর হলেও কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের প্রশিক্ষক পদে কর্মরত প্রসেনজিৎ চক্রবর্তীর নেশা গান । মূলত, কিশোর কুমারের গান ।

সোমবার সন্ধ্যায় আসানসোল রবীন্দ্রভবনে সেই কিশোর কুমারের গান গেয়ে গোটা আসানসোলের মানুষের মন জয় করে নিয়েছেন তিনি । গোটা শহরজুড়ে, এমনকি সোশাল মিডিয়ায় এখন শুধু তাঁরই চর্চা । অনুষ্ঠানের ফাঁকে তিনি মুখোমুখি হলেন ইটিভি ভারতের ।

কিশোর সন্ধ্যা'য় পুলিশ ইন্সপেক্টরের গানে মাতল আসানসোল (ইটিভি ভারত)

সোমবার ছিল কিশোর কুমারের জন্মদিন । আর কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে আসানসোল রবীন্দ্রভবনে আয়োজিত হয়েছিল 'কিশোর সন্ধ্যা' । পেশাদার অনেক শিল্পী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন । কিন্তু পেশাদার শিল্পীদের পিছনে ফেলে কার্যত এই অনুষ্ঠানের 'ম্যান অব দ্যা ম্যাচ' হয়ে যান কলকাতা পুলিশের ইন্সপেক্টর পদে কর্মরত প্রসেনজিৎ চক্রবর্তী ।

শুধুমাত্র শখের গান-বাজনাতেই তাঁকে ব্যতিক্রমী করে তুলেছে এই সন্ধ্যায় । একের পর এক অনুরোধ ৷ আর কিশোর কুমারের আবেগঘন সব গান গেয়ে দর্শকদের মাতালেন এই 'পুলিশ গায়ক' ।

Kolkata Police Inspector singer
প্রসেনজিতের গান শুনে মুগ্ধ আসানসোলবাসী (নিজস্ব ছবি)

প্রসেনজিতের সংক্ষিপ্ত জীবনী

কলকাতাতেই জন্ম প্রসেনজিৎ চক্রবর্তীর । কলকাতাতেই বড় হয়ে ওঠা তাঁর । পড়াশুনোতে ছোট থেকেই ছিলেন তুখোড় । যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি লাভ । সহজেই শিক্ষকতার পেশায় যেতে পারতেন । কিন্তু দেশসেবা করার উদ্দেশ্যে পুলিশের চাকরিতে যোগদান করেন । 1996 সালে কলকাতা পুলিশে যোগদান করেন প্রসেনজিৎ । যোগদান করেই চমক দিয়েছিলেন তিনি । পুলিশের যে বেসিক ট্রেনিং হয়, তাতে প্রথম হয়েছিলেন ।

Kolkata Police Inspector singer
কলকাতাতেই জন্ম তাঁর (নিজস্ব ছবি)

শুরু থেকেই কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত প্রসেনজিৎ । বর্তমানে তিনি ইন্সপেক্টর পদে ট্রাফিক প্রশিক্ষক হিসেবে কর্মরত । বেলগাছিয়ায় যে ট্রাফিক পুলিশদের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, সেখানেই পোস্টিং প্রসেনজিৎ চক্রবর্তীর । তিনি বলেন, "আমার ট্রেনিং দিতে খুব ভালো লাগে ৷ সেই কারণেই এই কাজের দায়িত্ব পেয়ে আমি খুব খুশি ।"

থিয়েটারের অভিনেতা প্রসেনজিৎ

চিরকালই পেশার বাইরে শিল্পকে নেশা হিসেবে আঁকড়ে ধরতে চেয়েছেন প্রসেনজিৎ চক্রবর্তী । তাই চাকরির পাশাপাশি তিনি গ্রুপ থিয়েটারে যোগ দিয়েছিলেন । তাঁর নেশা হয়ে ওঠে মঞ্চ । প্রচুর নাটকে অভিনয় করেছেন তিনি । প্রশংসাও পেয়েছেন । অভিনেতা হিসেবে সুদর্শন প্রসেনজিৎ মঞ্চে দাঁড়ালে দর্শকদের আকর্ষণ থাকত তাঁর দিকেই ।

Kolkata Police Inspector singer
ট্রাফিক বিভাগের প্রশিক্ষক পদে কর্মরত প্রসেনজিৎ (নিজস্ব ছবি)

কিন্তু কোভিডের সময়কাল থেকেই থিয়েটার বন্ধ হয়ে যায় । পরবর্তীকালে চাকরির ঝক্কি সামলে থিয়েটারে সময় বের করা কিংবা মঞ্চে ফেরা আর সেই ভাবে হয়ে ওঠেনি । কিন্তু মঞ্চ তাঁকে টানতো । আর তাই গানের প্রতি সুপ্ত ভালবাসা থেকেই পুনরায় মঞ্চে ফেরা কিশোর কুমারের গান নিয়ে ।

মায়ের থেকে গান শুনে শেখা

ছোটবেলায় মায়ের গুনগুন করে গাওয়া গান শুনতেন । মা খুব সুন্দর গান গাইতেন । আর সেই গান শুনেই তাঁর গান গাওয়ার ইচ্ছে হয় । গানের কোনও প্রথাগত প্রশিক্ষণ নেই আজও । কোনোদিন সারেগামা শেখেননি । কিন্তু মায়ের কাছে শুনে শুনেই গানের সুরের প্রতি এক অদ্ভুত দখল চলে আসে প্রসেনজিৎ চক্রবর্তীর । পরবর্তীকালে তিনি কিশোর কুমারের গান গাইতে শুরু করেন । প্রথম প্রথম তা বাড়ির চার দেওয়ালের মধ্যে থাকলেও পরবর্তীকালে ছোট ছোট মঞ্চে গান গাইতে থাকেন ।

পেশাদার শিল্পীদের টেক্কা প্রসেনজিতের

তবে সারা বাংলার একটি গানের প্রতিযোগিতায় প্রথম হয়ে প্রসেনজিৎ চক্রবর্তীর আত্মবিশ্বাস বেড়ে যায় । তারপর থেকেই বড় শো'তে অংশ নিতে শুরু করেন তিনি । বেশিরভাগ জায়গাতেই পেশাদার শিল্পীদের পিছিয়ে ফেলে প্রসেনজিৎ চক্রবর্তীর জয়জয়কার হয় । যেমনটি হল সোমবার ।

Kolkata Police Inspector singer
কিশোরকুমারের গান গেয়ে দর্শকদের মাতালেন প্রসেনজিৎ চক্রবর্তী (নিজস্ব ছবি)

আসানসোল রবীন্দ্রভবনে কলকাতার প্রচুর পেশাদার শিল্পী এদিন উপস্থিত ছিলেন কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে সঙ্গীতানুষ্ঠানে । কিন্তু প্রসেনজিতের গান সাধারণ মানুষকে টেনে নেয় । তাঁর দরাজ এবং খোলা গলা কিশোর কুমারের গানকে এক অন্য উচ্চতায় নিয়ে যায় । বারবার তাঁর গানের শেষে হাততালিতে মুখর হয় গোটা রবীন্দ্রভবন ।

Kolkata Police Inspector singer
পেশায় পুলিশ, নেশায় গায়ক (নিজস্ব ছবি)

আয়োজক সংস্থার পক্ষ থেকে আসানসোল আর্টিস্ট ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সন্দীপকুমার ঘোষ বলেন, "সব শিল্পীরাই এদিন অসাধারণ গেয়েছেন । কিন্তু এদিনের 'ম্যান অব দ্যা ম্যাচ' প্রসেনজিৎ চক্রবর্তী । তাঁর গান শুনে আসানসোলের মানুষ উচ্ছ্বসিত হয়ে গিয়েছে ।"

Kolkata Police Inspector singer
আসানসোল রবীন্দ্র ভবনে তাঁর অনুষ্ঠান (নিজস্ব ছবি)

অনুষ্ঠানের মূল উদ্যোক্তা বিশ্বজিৎ মুখোপাধ্যায় বলেন, "প্রসেনজিৎ চক্রবর্তীর সঙ্গে আমার বেশ কিছুদিনের আলাপ । আমি একটি টিভি শোয়ের ব্যবস্থাপনায় ছিলাম । সেখানেও তাঁকে গাইয়েছি । এছাড়াও আমার অনেক অনুষ্ঠানে প্রসেনজিৎ চক্রবর্তী এসেছেন । ওঁর গায়ক'ই তো বটেই । ওঁর মতো ভালো মানুষ খুব কম পাওয়া যায় আজকালকার সময়ে ।"

পুলিশের দায়িত্ব সামলে করেন গান

একদিকে পুলিশের দায়িত্ব, অন্য দিকে গান ৷ কি করে সামলান? এই প্রশ্নের উত্তরে প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, "কথাতে আছে যে রাঁধে, সে চুলও বাঁধে । আপনি যদি আপনার ভালো লাগা ও ভালোবাসাতে স্থির থাকতে পারেন, তাহলে সব কাজ দায়িত্ব সামলে ঠিক সময় বের করে নেওয়া যায় । আর মানুষজনের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে চলেছে । আমাকে আরও গাইতে উৎসাহিত করছে । তাই চাকরির দায়িত্ব সামলে গানই আমার একমাত্র ভালোবাসা ।"

Kolkata Police Inspector singer
থিয়েটারের অভিনেতা প্রসেনজিৎ (নিজস্ব ছবি)

তিনি আরও বলেন, "বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত আমাকে প্রচণ্ড উৎসাহ দেন । তিনি আমার সঙ্গে অনুষ্ঠানও করেছেন । আগামিদিনে এই ভাবেই আমি এগিয়ে চলতে চাইব ৷ দায়িত্বে অবিচল থেকেও আমি আমার গানকে ছড়িয়ে দিতে চাই আরও বহু মানুষের মাঝে ।"