ETV Bharat / state

স্ত্রীকে পুড়িয়ে হত্যায় দোষী সাব্যস্ত স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

দোষীকে 20 হাজার টাকা জরিমানা করেছে আসানসোল আদালত ৷ অনাদায়ে আরও 2 বছরের কারাবাসের নির্দেশ বিচারকের ৷

LIFE IMPRISONMENT
স্ত্রীকে পুড়িয়ে হত্যায় দোষী সাব্যস্ত স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আসানসোল আদালতের ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 4, 2025 at 9:12 PM IST

2 Min Read
Choose ETV Bharat

আসানসোল, 4 জুলাই: পেট্রল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় দোষী সাব্যস্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আসানসোল আদালত ৷ সাজাপ্রাপ্ত আসামীর নাম জয়ন্ত ঘোষ ৷ শুক্রবার আসানসোল ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক মহুয়া বসু রায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও 20 হাজার টাকার জরিমানার নির্দেশ দিয়েছেন ৷ জরিমানার অর্থ অনাদায়ে আরও 2 বছরের সশ্রম কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে ৷

উল্লেখ্য, 2019 সালের 28 সেপ্টেম্বর আসানসোলের বারাবনি থানা এলাকার বাসিন্দা জয়ন্ত ঘোষের বিরুদ্ধে স্ত্রী পৃথা ঘোষকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠে ৷
সরকার পক্ষের আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, "জয়ন্ত ঘোষালের স্ত্রী এবং মায়ের মধ্যে বিবাদ হয়েছিল ৷ তার জেরে জয়ন্ত ঘোষ স্ত্রী পৃথা ঘোষকে নির্মমভাবে মারধর করেন এবং তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন ৷ পৃথা ঘোষ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হন ৷ চিকিৎসাধীন অবস্থায় তিনি জবানবন্দি দেন ৷ পরে তিনি মারা যান ৷"

এই মামলায় পুলিশ জয়ন্ত ঘোষকে গ্রেফতার করে ৷ তদন্তের পর চার্জশিট দাখিল করা হয় ৷ মোট 12 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন ৷ সমস্ত সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে আসানসোল ফার্স্ট ট্র‍্যাক সেকেন্ড কোর্টের বিচারক মহুয়া বসু রায় জয়ন্ত ঘোষকে আইপিসি 302 ধারায় দোষী সাব্যস্ত করেন ৷ তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 20 হাজার টাকা জরিমানার সাজা শোনান ৷ জরিমানার টাকা অনাদায়ে আরও দু’বছর জেল খাটতে হবে আসামীকে ৷

সরকারি আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, "এই রায়ের মাধ্যমে আদালত আবারও প্রমাণ করল, গার্হস্থ্য হিংসা ও নারী নির্যাতন কোনভাবেই সহ্য করা নয়, আইন তার নিজস্ব পথে বিচার করতে সক্ষম ৷’’