ETV Bharat / state

এবার পুজোর মধ্যেও চলবে স্নাতকের পঠনপাঠন ! একমাস দেরিতে ক্লাস শুরু হওয়ার জের

অনলাইন-অফলাইন দু’ভাবেই চলবে পঠনপাঠন ৷ প্রথম সেমেস্টারের পাঠ্যক্রম সময়ে শেষ করতেই সিদ্ধান্ত অধিকাংশ কলেজ কর্তৃপক্ষের ৷

CLASSES DURING DURGA PUJA
কলকাতা বিশ্ববিদ্যালয় ৷ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 30, 2025 at 9:37 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 30 অগস্ট: প্রায় একমাস দেরিতে শুক্রবার থেকে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে প্রথম বর্ষের স্নাতকের ক্লাস শুরু হয়েছে ৷ ওবিসি সংরক্ষণ নিয়ে দীর্ঘ আইনি জটিলতার জেরে, ভর্তি প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় স্নাতকের পঠনপাঠন শুরু হওয়াও পিছিয়ে যায় ৷ তাই এবার পুজোর সময়ও ক্লাস চলবে স্নাতকের ৷ তেমনই সিদ্ধান্ত নিয়েছে শহরের বেশ কয়েকটি কলেজ ৷

2025-26 শিক্ষাবর্ষ, পঠনপাঠন 1 অগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল ৷ কিন্তু, তা শুরু হয়েছে 29 অগস্ট থেকে ৷ কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া পড়ুয়ারা বৃহস্পতিবার কলেজে গিয়ে নথি যাচাই প্রক্রিয়া শেষ করেন ৷ তারপর শুক্রবার থেকে ক্লাস শুরু হয়েছে ৷

ক্লাস দেরিতে শুরু হওয়ায় পাঠ্যক্রম শেষ করতে সমস্যা হবে ৷ সেই কারণে পুজোর ছুটিতে অনলাইন ও অফলাইন—দুইভাবেই ক্লাস নেওয়ার পরিকল্পনা করছে একাংশ কলেজ ৷ লেডি ব্র্যাবোর্ন কলেজের অধ্যক্ষ শিউলি সরকার বলেন, "সরকারি ছুটির দিনগুলিতে ছাত্রছাত্রীদের সুবিধা অনুযায়ী আমাদের অধ্যাপকরা অনলাইনে ক্লাস নেবেন ৷ এছাড়া লক্ষ্মী পুজো থেকে কালীপুজো পর্যন্ত এবং ভাইফোঁটা থেকে জগদ্ধাত্রী পুজোর মধ্যে আমরা কলেজ খোলা রেখে অফলাইন ক্লাস নেওয়ার চেষ্টা করব ৷"

নিউআলিপুর কলেজ, যেখানে প্রথম দফায় 742টি আসন পূর্ণ হয়েছে, তারাও ছুটির সময়ে অনলাইনে ক্লাস নেওয়ার কথা ভাবছে ৷ অধ্যক্ষ জয়দীপ সরকার বলেন, "প্রয়োজন হলে আমরা লক্ষ্মী পুজোর পর থেকেই ক্লাস শুরু করব ৷"

বেথুন কলেজের অধ্যক্ষ রাজ্যশ্রী রায় বলেন, "বিশেষ ক্লাস কেবল তখনই নেওয়া সম্ভব হবে, যখন বেশিরভাগ ছাত্রছাত্রী উপস্থিত থাকবে ৷ আমাদের অনেক ছাত্রছাত্রী বাইরের জেলায় থাকে ৷ তাঁরা পুজোর সময় বাড়ি চলে যায় ৷ তাই পর্যাপ্ত উপস্থিতি থাকলেই অফলাইন ক্লাস নেওয়া হবে ৷"

যদিও, প্রথমদিনের ক্লাস নির্বিঘ্নে হয়েছে ৷ ভর্তি সংখ্যা কম হওয়াই এখন মূল চিন্তার বিষয় কলেজ কর্তৃপক্ষের ৷ লেডি ব্র্যাবোর্ন কলেজে 629 আসনের মধ্যে মাত্র 235টি আসন পূর্ণ হয়েছে ৷ অধ্যক্ষ শিউলি সরকার বলেন, "প্রায় চারশো আসন খালি রয়েছে ৷ অনেক আবেদনকারী পোর্টালে পছন্দক্রম নিয়ে বিভ্রান্ত ৷ তাই আমরা তাঁদের সঠিকভাবে পুনরায় আবেদন করার জন্য বোঝাচ্ছি ৷"

একইসঙ্গে কলেজগুলির উদ্বেগ, ইতিমধ্যেই ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি ও আর্কিটেকচার কোর্সের জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEE)-এর কাউন্সেলিং শুরু হয়ে গিয়েছে ৷ ফলে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের ধরে রাখা কঠিন হয়ে পড়বে ৷ চন্দননগর গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ দেবাশিস সরকার বলেন, "ছাত্রছাত্রী ধরে রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷ আগে যদি কাউন্সেলিং শেষ হয়ে যেত, তাহলে চাপ অনেকটা কমত ৷"

শুক্রবার বেশিরভাগ কলেজেই ইউজিসি-র নির্দেশ মতো অভ্যর্থনা অনুষ্ঠান হয়েছে ৷ যেখানে নতুন ছাত্রছাত্রীদের অ্যান্টি-র‌্যাগিং নিয়ম, অভিযোগ নিষ্পত্তির পদ্ধতি, অ্যাকাডেমিক ক্যালেন্ডার ও ক্যাম্পাস সংস্কৃতি সম্পর্কে অবগত করা হয়েছে ৷