ETV Bharat / state

রাতে আবাসনের ভিতরে অস্ত্র হাতে দুষ্কৃতীদের দৌরাত্ম, আতঙ্কিত বাসিন্দারা

ফেব্রুয়ারি মাসে ওই আবাসনের বেশ কয়েকজন কুম্ভ মেলায় গিয়েছিলেন। বাড়িতে তালা ঝোলার সুযোগ নিয়ে একাধিক ফ্ল্যাটে চুরি করে পালিয়ে যায় চোরের দল।

ROBBERS ATTACK RESIDENCE
অস্ত্র হাতে দুষ্কৃতীদের দৌরাত্ম (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2025 at 10:48 AM IST

2 Min Read
Choose ETV Bharat

বর্ধমান, 2 মে: মুখে কাপড় বাঁধা আছে। প্রত্যেকের হাতেই রড, শাবল, ভোজালি-সহ বেশ কিছু অস্ত্র ৷ গভীর রাতে একে একে প্রবেশ করছে আবাসনে। সিসিটিভি ফুটেজে এই দৃশ্য দেখে আঁতকে উঠেছেন আবাসনের বাসিন্দারা। ছবিটা বর্ধমান শহরের উপকন্ঠে রেনেসাঁ উপনগরীর। বাসিন্দাদের অভিযোগ এর আগে প্রায় আট থেকে 10 বার এখানে একাধিক চুরির ঘটনা ঘটেছে। কিন্তু, কোনও নিরাপত্তা নেই। এমনকি পুলিশকে জানিয়েও কোনও লাভের লাভ হয়নি বলেও অভিযোগ। ফলে আগামীদিনে আরও কোনও বড় ঘটনা ঘটতে পারে বলে আতঙ্কিত বাসিন্দারা।

বর্ধমান শহরের নবাবহাটের কাছে 2 নম্বর জাতীয় সড়কের ধারে গড়ে উঠেছে রেনেসাঁ টাউনশিপ। প্রায় 224 একর জমি জুড়ে এই টাউনশিপে ফ্ল্যাট বাড়ি থেকে একাধিক বাংলো গড়ে উঠছে। ফলে অনেকেই সেখানে ফ্ল্যাট বা বাংলো কিনে বসবাস করছেন। কেউ কেউ আবার 10 বছর ধরে রয়েছেন এখানে। কিন্তু সেখানে নিরাপত্তা নেই বলেই অভিযোগ আবাসিকের বাসিন্দাদের।
বাসিন্দাদের মতে সিসিটিভি ফুটেজে দেখা গেছে গত দুদিন আগে রাতের অন্ধকারে আবাসনের ভিতরে অস্ত্র হাতে একাধিক দুষ্কৃতী ঘুরে বেড়াচ্ছে। এক ব্যাক্তির ফ্ল্যাটে কোলাপসবেল গেট ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা। এই ঘটনা নতুন নয় তাদের কাছে।

গত ফেব্রুয়ারি মাসে ওই আবাসনের বেশ কয়েকজন কুম্ভ মেলায় গিয়েছিলেন। বাড়িতে তালা ঝোলার সুযোগ নিয়ে একাধিক ফ্ল্যাটে চুরি করে পালিয়ে যায় চোরের দল। ওই একরাতের মধ্যেই রেনেসাঁ উপনগরীর 10, 11 ও 12 নং টাওয়ারের দুটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। এছাড়া পাশের আরও একটা ফ্ল্যাটে চুরির চেষ্টার ঘটনা ঘটে। আবাসনের বাসিন্দা মিষ্টু ভৌমিক জানান, তিনি মেক আপ আর্টিস্ট। মাঝেমধ্যে দুর্গাপুরে থাকেন। কিছুদিন আগে তিনি ফ্ল্যাটে ছিলেন না। তাঁর স্বামীও ছিলেন না। সেই ফাঁকে তাঁদের ফ্ল্যাট ও অন্য দুটো ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ। সোনার গয়না, অনেক রূপোর গয়না ও প্রায় চল্লিশ হাজার টাকা নগদ চুরি যায়। দুটো এটিএম কার্ড খোয়া যায়। ঘরের আলমারি ভাঙা হয়েছিল।

আবাসনের বাসিন্দা গোলাম আহমেদ বলেন, "এই ফ্ল্যাটে থাকি। গত দু'দিন আগে রাতের দিকে বেশ কয়েকজন দুষ্কৃতী বিভিন্ন অস্ত্র নিয়ে এই ফ্ল্যাটে হামলা করে। তাদের হাতে লম্বা রড, ভোজালি, হেঁসো টাইপের অস্ত্র ছিল। গেট ভেঙে দেয়। পরে নিরাপত্তারক্ষী আসলে পিছনের বাউন্ডারি ওয়াল টপকে পালিয়ে যায়। ভেবেছিলাম ফ্ল্যাট কালচারে সিকিউরিটি সিস্টেম খুব ভালো হয়। কিন্তু রেঁনেসাতে আট বছর ধরে আছি। বারবার বলার পরেও কোন কাজ হয়নি। এখানে একদম নিরাপত্তা নেই। পুলিশকে বলেও লাভ হয়নি। আমাদের নিরাপত্তা কোথায় ?"