দলে থেকে ক্ষতি করছেন, জননেতা একজনই; দিলীপ সমালোচনায় কার প্রশংসা অর্জুনের ?
উনি কোনও নেতাই নন । দিলীপ ঘোষের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অর্জুন সিং । পরিবর্তে কাকে দলের নেতা হিসেবে তুলে ধরলেন তিনি ?

Published : May 2, 2025 at 6:11 PM IST
ব্যারাকপুর, 2 মে: দিলীপ ঘোষের দিঘা সফর ঘিরে রাজনীতিতে তুঙ্গে চর্চা । এই আবহে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বিরুদ্ধে এবার তোপ দাগলেন প্রাক্তন সাংসদ তথা পদ্ম নেতা অর্জুন সিং । শুক্রবার দিলীপ ঘোষের আক্রমণের জবাব দিতে গিয়ে তিনি বলেন,"উনি কোনও নেতাই নন ! চার জন লোক নিয়ে নিজের ক্ষমতা জাহির করার চেষ্টা করেন । ক্ষমতা থাকলে উনি নিজের নামে একটা মিটিং করুক । দেখব, ক'জন ওনার মিটিং শুনতে যাচ্ছেন । দলে থেকে উনি বিজেপি পার্টির ক্ষতি করছেন ।"
এই প্রসঙ্গে অর্জুন আরও বলেন,"আমি তৃণমূল থেকে বিজেপিতে এসেছি একথা অস্বীকার করছি না । কিন্তু, দিলীপ ঘোষ দাবি করেন উনি নাকি বিজেপির জন্মলগ্ন থেকে পার্টির সঙ্গে রয়েছেন । তা সত্ত্বেও কেন ওনাকে পার্টি বিশ্বাস করছে না ? আমাকে বিশ্বাস করে বলেই তো বিজেপি দলে নিয়েছে । আর আমার উপর তৃণমূলের রাগ তো সবসময়ই রয়েছে । তার মানে আমি কট্টর বিজেপি । তা না হলে এত রাগ থাকবে কেন ? বিজেপিতে থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি বলেই আমার বিরুদ্ধে 176টি মামলা হয়েছে । অথচ দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনও মামলা নেই । এটাই তফাৎ ।"
এরপরেই সস্ত্রীক দিলীপ ঘোষের দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়া নিয়ে কটাক্ষ করে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেন,"ওনার কাছে দিঘার কালচারাল সেন্টারের আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে । ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট যাচ্ছে । আর আমাদের কাছে আসছে পুলিশের নোটিশ । কে তৃণমূলের সঙ্গে আছে, কে বিজেপি করছে তা সাধারণ মানুষই জবাব দিয়ে দেবে । ওনাকে তৈরি করেছে বিজেপি পার্টি । উনি মানুষের নেতা নন ! চার জন লোক নিয়ে 'চায়ে পে চর্চা' করছেন । সেখানে বসে নিজের গুনগান শুনছেন । এসব করে আদতে উনি পার্টিরই ক্ষতি করছেন ।"
তবে এখানেই অর্জুন সিং ক্ষান্ত হননি ! দিলীপের কর্মকাণ্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিজেপির এই দাপুটে নেতা বলেন,"দলের লোকজন মার খাচ্ছে । আর উনি কখনও বারমুডা পড়ে মাছ ধরছেন । আবার কখনও বেগুন হাতে নিয়ে ছবি তুলছেন । এসব করে দলের কোনও লাভ হচ্ছে না । বরং ক্ষতিই হচ্ছে বেশি । উনি কখনও জননেতা হতে পারবেন না । জননেতা একজনই তিনি শুভেন্দু অধিকারী ।"

