ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর ছবিতে কালি, বীরভূমজুড়ে প্রতিবাদের ডাক অনুব্রত'র

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি লেপে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল থেকে বীরভূমের সাংসদ শতাব্দী রায় ৷

ANUBRATA MONDAL
বোলপুরে কাজল শেখ-শতাব্দী রায়দের নিয়ে কোর কমিটির বৈঠক করেন কেষ্ট (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 3, 2025 at 9:29 PM IST

2 Min Read
Choose ETV Bharat

বোলপুর, 3 অগস্ট: মুখ্যমন্ত্রীর ছবিতে কালি লেপে দেওয়ার প্রতিবাদে পথে নামবে তৃণমূল-কংগ্রেস ৷ দলের কোর কমিটির বৈঠক শেষে এমনটাই জানালেন অনুব্রত মণ্ডল । রবিবার, বোলপুরে কাজল শেখ-শতাব্দী রায়দের নিয়ে কোর কমিটির বৈঠক করেন কেষ্ট ৷ পাশাপাশি, দলের বিধায়ক ও পুরসভার চেয়ারম্যানদের নিয়েও বৈঠক করেন তিনি ৷

অন্যদিকে, জেলাশাসকের দফতর চত্বরে থাকা মুখ্যমন্ত্রীর ছবিতে কালি লেপে দেওয়ার ঘটনায় 8 জন বিজেপি কর্মীকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷ তৃণমূল-কংগ্রেসের বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায় এনিয়ে আজ বলেন, "এটি না রাজনৈতিক কার্যকলাপ, না সাংবিধানিক কার্যকলাপ । এটা অসভ্যতা ।"

বীরভূমজুড়ে প্রতিবাদের ডাক অনুব্রত'র (ইটিভি ভারত)

কোর কমিটির বৈঠক শেষে জানান অনুব্রত মণ্ডল। তিনি বলেন, "জেলার প্রতিটি ব্লকে ব্লকে ধিক্কার মিছিল হবে ৷ মুখ্যমন্ত্রীর ছবিতে কালি দেবে, আর আমরা বসে থাকব ৷ আমরা আগেও দল করেছি। কোনওদিন জ্যোতিবাবু, বুদ্ধদেব ভট্টাচার্যর মুখে কালি দেব ভাবিনি ৷ ওই ধরনের মানসিকতা ছিল না আমাদের ৷ তাই পুরো বীরভূম জেলাজুড়ে প্রতিবাদ হবে ৷" পাশাপাশি, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো প্রতি রবিবার বাংলা ভাষার উপর সন্ত্রাসের প্রতিবাদে পথে নামবে তৃণমূল, এই সিদ্ধান্তও নেওয়া হয়েছে আজকের বৈঠকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে এসে অনুব্রত মণ্ডলকে দলের জেলা কোর কমিটির আহ্বায়কের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন ৷ তারপরই এদিন, বোলপুর দলীয় কার্যালয়ে জেলা কমিটির বৈঠক ডেকেছিলেন অনুব্রত। সেই মতো কেষ্টর তত্ত্বাবধানে বৈঠকে উপস্থিত ছিলেন, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিং, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ, নতুন কোর কমিটির সদস্য রবি মুর্মু-সহ সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল ৷

ANUBRATA MONDAL
রবিবার কোর কমিটির বৈঠকে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব (ইটিভি ভারত)

বিশেষ কাজে গরহাজির ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা । আজ বৈঠক শেষে দলের ব্লক সভাপতি, বিধায়ক ও পুরসভার চেয়ারম্যানদের নিয়ে একটি বৈঠক করেন অনুব্রত মণ্ডল। প্রসঙ্গত, গতকাল সিউড়িতে বিক্ষোভ দেখাতে গিয়ে জেলাশাসকের দফতর চত্বরে থাকা মুখ্যমন্ত্রীর ছবিতে কালি লেপে দেয় বিজেপির নেতা-কর্মীরা। এই অভিযোগে 8 জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে সিউড়ি থানার পুলিশ ৷ এদিন, ধৃতদের আদালতে তোলা হলে 14 দিন জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।