ETV Bharat / state

ফের শুটআউট ! বেলঘরিয়ায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

তৃণমূল নেতা বিকাশ সিংয়ের বুকে ও পেটে গুলি লেগেছে। অন‍্যদিকে, সন্তু দাস নামে আরও এক ব‍্যাক্তির গুলি কোমরে লেগেছে ৷

BELGHORIA SHOOTOUT
বেলঘরিয়ায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 9, 2025 at 10:14 AM IST

3 Min Read
Choose ETV Bharat

বেলঘরিয়া, 9 মার্চ: পুলিশ কমিশনার বদলের পরেও দুষ্কৃতী দৌরাত্ম্য থামছে না ব‍্যারাকপুর শিল্পাঞ্চলে। ফের বেপরোয়া দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালাল। গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল নেতা-সহ দু'জন। শনিবার রাতের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরে।

জানা গিয়েছে, তৃণমূল নেতা বিকাশ সিংয়ের বুকে ও পেটে গুলি লেগেছে। অন‍্যদিকে, সন্তু দাস নামে আরও এক ব‍্যাক্তির গুলি কোমরে লেগেছে ৷ এর মধ্যে তৃণমূল নেতার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। সন্তু অবশ্য চিকিৎসাধীন রয়েছে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজে ৷ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন ব‍্যারাকপুর কমিশনারেটের ডিসি (সাউথ) অনুপম সিং। তিনি এই ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে বয়ান নেওয়া হয়েছে। রাজনৈতিক কারণ নাকি ঘটনার নেপথ্যে ব‍্যাক্তিগত কোনও শত্রুতা রয়েছে তা খতিয়ে দেখছে বেলঘরিয়া থানার পুলিশ।

বেলঘরিয়ায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা (ইটিভি ভারত)

জানা গিয়েছে, ওইদিন সন্ধ্যায় বাড়ি থেকে বেলঘরিয়ার টেক্সম‍্যাকো কারখানায় গিয়েছিলেন ৷ সেখানে তৃণমূল শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বিকাশ। কাজের ফাঁকে স্থানীয় একটি চায়ের দোকানে তিনি গিয়েছিলেন ৷ অন‍্যদিকে, আগরপাড়ার বাসিন্দা সন্তু নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরে এসেছিলেন ডাক্তার দেখাবেন বলে। ডাক্তার দেখানোর পর ওই চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন দম্পতিও।ঘড়ির কাঁটায় তখন রাত আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট। গমগম করছে গোটা এলাকা। এমন সময় তিন বাইক আরোহী দুষ্কৃতী চায়ের দোকান বসে থাকা তৃণমূল নেতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। দুটি গুলি লাগে বিকাশের বুক ও পেটে। পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন সন্তুও ৷ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন দু'জনেই। দুষ্কৃতীরা উসুমপুর বটতলা হয়ে আগরপাড়ার দিকে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ৷ দুষ্কৃতীদের প্রত্যেকের মুখ হেলমেট দিয়ে ঢাকা ছিল বলেও জানা গিয়েছে।

এদিকে, গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে প্রথমে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরে সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় আরজি কর মেডিক্যাল কলেজে ৷ গভীর রাতে তাঁর অস্ত্রোপচার হয় সেখানে। তবে, এখনও বিপদমুক্ত নন বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷ তবে, সন্তুর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানা যাচ্ছে।

গুলিবিদ্ধ সন্তু দাসের স্ত্রী রিয়া কর্মকার দাস বলেন, "ডাক্তার দেখাতে এসেছিলাম। দাঁড়িয়ে চা খাচ্ছিলাম ৷ হঠাৎ তিন জন এসে গুলি করতে শুরু করে।মোটর বাইকে চেপে এসেছিল ওরা। কাউকেই চিনি না। আমাদের গা ঘেঁষে এক জন দৌড়ে যাচ্ছিল। সেই সময়েই আমার স্বামীর কোমরে গুলি লাগে।" অন‍্যদিকে, এই বিষয়ে ব‍্যারাকপুর কমিশনারেটের ডিসি (সাউথ) অনুপম সিং বলেন, "দুই রাউন্ডের বেশি গুলি চলেছে। তাতে গুলিবিদ্ধ হয়েছেন দু'জন। সন্তু দাসের গায়ে আঁচড় কেটে গুলি বেরিয়ে গিয়েছে। বিকাশ সিংয়ের পেটে গুলি লেগেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে একটি মোটরবাইক পাওয়া গিয়েছে, সেটি দুষ্কৃতীদের কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।"