ETV Bharat / state

গ্রামে নেই ভালো ডাক্তার ! চিকিৎসক হতে চান মাধ্যমিকে ষষ্ঠ অঙ্কন, একই স্বপ্ন অভ্রদীপের

দু’জনের ক্ষেত্রেই বাবার ভূমিকা অনস্বীকার্য বলে জানাল অঙ্কন ও অভ্রদীপ ৷ দুই বাবাই স্কুল শিক্ষক ৷

MADHYAMIK RESULTS 2025
মাধ্যমিকে ষষ্ঠ স্থানাধিকারী অঙ্কন মণ্ডল (বাম দিকে) এবং অভ্রদীপ মণ্ডল ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2025 at 4:20 PM IST

4 Min Read
Choose ETV Bharat

বসিরহাট ও সোনারপুর, 2 মে: গ্রামে ভালো কোনও ডাক্তার নেই ৷ তাই ভবিষ্যতে চিকিৎসক হতে চায় এবারের মাধ্যমিকে ষষ্ঠ স্থানাধিকারী টাকি রামকৃষ্ণ মিশনের ছাত্র অঙ্কন মণ্ডল ৷ তার প্রাপ্ত নম্বর 690 ৷ অঙ্কনের মতো আরও চারজন এবার মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান অর্জন করেছে ৷ তার মতোই সোনারপুর সারদা বিদ্যাপীঠের অভ্রদীপ মণ্ডলও 690 নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ৷ সে-ও ভবিষ্যতে চিকিৎসক হতে চায় ৷

বসিরহাট

উত্তর 24 পরগনার টাকি রামকৃষ্ণ মিশনের ছাত্র অঙ্কন মণ্ডল ৷ এবারের মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর 690 ৷ মোট পাঁচজনের সঙ্গে যৌথভাবে সে ষষ্ঠ স্থান অধিকার করেছে ৷ বসিরহাটের টাকি পুরসভার হাসনাবাদের রজিপুর গ্রামে বাড়ি অঙ্কনের ৷ তার বাবা আদিশকুমার মণ্ডল ৷ তিনি আবার নিজে স্কুল শিক্ষক ৷ ছেলের এই সাফল্যে খুশি গোটা পরিবার ৷ আর অঙ্কন জানাচ্ছে, তার এই সাফল্যে শিক্ষক বাবার ভূমিকা অনস্বীকার্য ৷ তার মা অসীমা মণ্ডল পেশায় গৃহবধূ ৷

চিকিৎসক হতে চান মাধ্যমিকে ষষ্ঠ স্থানাধিকারী অঙ্কন মণ্ডল এবং অভ্রদীপ মণ্ডল ৷ (ইটিভি ভারত)

টাকি রামকৃষ্ণ মিশনের ছাত্র অঙ্কন ছোটবেলা থেকেই মেধাবী ৷ যে কোনও পরীক্ষায় বরাবর ভালো ফলাফল করে এসেছে সে ৷ এবার মাধ্যমিক পরীক্ষাতেও তা বজায় রেখেছে অঙ্কন ৷ শুক্রবার সকাল থেকেই টিভির পর্দায় চোখ ছিল পরিবারের সদস্যদের ৷ মেধাতালিকায় ষষ্ঠ স্থানে অঙ্কনের নাম ঘোষণা হতেই, খুশিতে ভাসেন বাবা-মা-সহ পরিবারের সকলে ৷

অঙ্কনের ষষ্ঠ স্থান অর্জন করার খবর ছড়িয়ে পড়তেই, বাড়িতে আত্মীয় স্বজন, পাড়া-পড়শিদের ভিড় লেগে যায় ৷ স্কুলের শিক্ষকরাও বাড়িতে এসে অভিনন্দন জানিয়ে গিয়েছেন স্কুলের কৃতী পড়ুয়াকে ৷ তার সাফল্যে খুশি সকলে ৷ অঙ্কন ভবিষ্যতে চিকিৎসক হতে চায় ৷ সে নিয়ে তার বক্তব্য, "ভবিষ্যতে ডাক্তার হয়ে বাবার স্বপ্নপূরণ করতে চাই ৷ কারণ, আমাদের গ্রামে ভালো কোনও ডাক্তার নেই ৷ তাই চিকিৎসক হয়ে গ্রামের গরিব মানুষের সেবা করার ইচ্ছে রয়েছে ৷"

Madhyamik Results 2025
মাধ্যমিকে ষষ্ঠ স্থানাধিকারী অঙ্কন মণ্ডলকে মিষ্টিমুখ করাচ্ছেন তার বাবা ৷ (ইটিভি ভারত)

আর নিজের ফলাফল নিয়ে অঙ্কন বলে, "ষষ্ঠ স্থান অধিকার করতে পেরে খুব ভালো লাগছে ৷ এত ভালো ফলাফলের পিছনে বাবা-মা'র ভূমিকা অনস্বীকার্য ৷ বিশেষ করে বাবা সবসময় উৎসাহ দিয়ে এসেছে পড়াশোনায় ৷ মিশনের ভূমিকাও যথেষ্ট রয়েছে ৷ তাঁদের সহযোগিতা অনুপ্রেরণা জুগিয়েছে এক্ষেত্রে ৷ কোনও নির্দিষ্ট বাঁধাধরা নিয়মে পড়তাম না ৷ যখন ইচ্ছে হতো, তখনই পড়তাম ৷ তবে, ভালো ফলাফল করতে হলে সিলেবাস খুঁটিয়ে পড়া খুব জরুরি ৷"

অঙ্কনের মা অসীমা পাত্র মণ্ডল বলেন, "আমরা খুশি ৷ ছেলের ইচ্ছেই আমাদের ইচ্ছে ৷ ভবিষ্যতে ও যা হতে চায়, সেটাই আমাদের চাওয়া ৷ বাড়িতেই ছেলের পড়াশোনা করতে ভালো লাগত ৷ প্রাইভেট টিউশনের উপর নির্ভর না-করে, নিজের মতো করেই ও পড়াশোনা করেছে ৷ আমরা শুধু ও'র পাশে থেকেছি ৷"

Madhyamik Results 2025
মাধ্যমিকে ষষ্ঠ স্থানাধিকারী অঙ্কন মণ্ডলকে মিষ্টিমুখ করাচ্ছেন তার মা ৷ (ইটিভি ভারত)

হাবরা

একইভাবে এ বছরের মাধ‍্যমিকে নবম স্থান অধিকার করেছে উত্তর 24 পরগনার হাবড়ার প্রফুল্লনগর বিদ্যামন্দিরের ছাত্র অনীশ দাস ৷ তার প্রাপ্ত নম্বর 687 ৷ ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ার হয়ে দশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় ৷

সোনারপুর

এদিকে, এবারের মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছে দক্ষিণ 24 পরগনার সোনারপুরের অভ্রদীপ মণ্ডল ৷ সোনারপুর সারদা বিদ্যাপীঠের ছাত্র অভ্রদীপও 690 নম্বর পেয়েছে ৷ পড়াশোনার পাশাপাশি সে দাবা খেলতে ও গান করতে ভালোবাসে ৷ ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায় ৷ তার প্রস্তুতিও শুরু করেছে দিয়েছে এই কৃতী পড়ুয়া ৷

অভ্রদীপের বাবা রামকৃষ্ণ মণ্ডল গ্রিনপার্ক শিক্ষাসদন হাইস্কুলের বাংলার শিক্ষক ৷ তার মা গৃহবধূ ৷ অভ্রদীপ বলে, "এই ফলাফলে খুবই খুশি ৷ দিনে নির্দিষ্ট কোনও পড়াশোনার সময় ছিল না ৷ তবে, পরীক্ষার আগে কয়েকমাস চেষ্টা করতাম অন্তত 12 ঘণ্টা পড়াশোনা করার ৷ আমার এই সাফল্যে বাবা-মা, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, এমনকি বন্ধুদেরও অবদান রয়েছে ৷ তাঁরা কোনও না-কোনও ভাবে আমার সাফল্যের সঙ্গে জড়িত ৷ আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই ৷ নিট দেব, তার প্রস্তুতি শুরু করে দিয়েছি ৷"