ETV Bharat / state

আমরণ অনশনের মাঝেই 5 দফা দাবি নিয়ে বিধানসভার অধ্যক্ষের দ্বারে 'যোগ্য' চাকরিহারা শিক্ষকরা

'যোগ্য' চাকরিহারা শিক্ষক প্রতিনিধি দলকে খালি হাতে ফেরালেন বিমান বন্দ্যোপাধ্যায় ৷ আবারও চাকরির পরীক্ষায় বসা অসম্ভব, জানালেন আমরণ অশনকারী শিক্ষক-শিক্ষিকারা ৷

JOBLESS TEACHERS IN HUNGER STRIKE
আমরণ অনশনে 10 জন 'যোগ্য' চাকরিহারা শিক্ষক ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 13, 2025 at 8:05 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 13 জুন: হকের চাকরি ফেরতের দাবিতে এবার বিধানসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করলেন চাকরিহারা 'যোগ্য' শিক্ষক-শিক্ষিকাদের প্রতিনিধি দল ৷ নিজেদের পাঁচদফা দাবি সম্বলিত চিঠি শুক্রবার দুপুরে বিধানসভায় বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিলেন তাঁরা ৷ অন্যদিকে, বিকাশ ভবনের বাইরে জারি রয়েছে 10 জন 'যোগ্য' শিক্ষক-শিক্ষিকার আমরণ অনশন ৷ আর সেই নিয়েই চিন্তায় তাঁদের পরিবারের সদস্যরা ৷

বৃহস্পতিবার রাত একটা থেকে আমরণ অনশনে বসেছেন 10 জন 'যোগ্য' শিক্ষক-শিক্ষিকা ৷ তারই মাঝে এ দিন দুপুরে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সঙ্গীতা সাহা, অর্পিতা সেনগুপ্ত, রাকেশ আলম, রূপা কর্মকার এবং স্মৃতি রায় ৷ এই পাঁচজনের প্রতিনিধি দল নিজেদের পাঁচদফা দাবি অধ্য়ক্ষের সামনে তুলে ধরলেন ৷ যে দাবিগুলি পূরণের জন্য এই আমরণ অনশন শুরু করেছেন 10 জন 'যোগ্য' শিক্ষক-শিক্ষিকা ৷

আমরণ অনশনের মাঝেই 5 দফা দাবি নিয়ে বিধানসভার অধ্যক্ষের দ্বারে 'যোগ্য' চাকরিহারা শিক্ষকরা (ইটিভি ভারত)

তাঁদের পাঁচদফা দাবি হল - প্রথমত, 'যোগ্য' শিক্ষক-শিক্ষিকারদের ওএমআর শিটের মিরর ইমেজ এবং শংসাপত্র প্রকাশ ৷ দ্বিতীয়ত, অযোগ্যদের পৃথক তালিকা প্রকাশ ৷ তৃতীয়ত, আদালতের পর্যবেক্ষণ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে আইনগত প্রক্রিয়া শেষ করা ৷ চতুর্থত, তার আগে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু না-করা এবং পঞ্চম, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসা ৷

যদিও, বিধানসভার অধ্যক্ষের কাছ থেকে খালি হাতে ফিরতে হয়েছে 'যোগ্য' শিক্ষক-শিক্ষিকারদের প্রতিনিধি দলকে ৷ সূত্রের খবর, অধ্যক্ষ তাঁদের বলেছেন, "আমি আপনাদের সমস্যা সম্পর্কে অবগত ৷ কিন্তু, আমি কিছুই করতে পারব না ৷ এটা আমার এক্তিয়ারের বাইরে ৷" অধ্যক্ষের এই কথার পালটা চাকরিহারারা প্রশ্ন করেন, "আমাদের দাবি শোনার কেউ নেই ৷ আমাদের দাবি নিয়ে কার কাছে যাব ?" যার জবাবে অধ্যক্ষ বলেন, "আমি এই বিষয়ে কিছু বলতে চাই না ৷"

Jobless Teachers in Hunger Strike
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের পাঁচদফা দাবি পেশ 'যোগ্য' চাকরিহারা শিক্ষকদের ৷ (ইটিভি ভারত)

অন্যদিকে, তীব্র তাপপ্রবাহের কারণে সরকারি স্কুলের পঠনপাঠন দু’দিনের জন্য বন্ধ রাখা হয়েছে ৷ অযথা রাস্তাঘাটে বেরতে নিষেধ করছেন চিকিৎসকরা ৷ কিন্তু, সেই অবস্থায় নিজেদের চাকরি ফিরে পেতে এবার অনশনের পথ বেছে নিলেন চাকরিহারা 'যোগ্য' শিক্ষকরা ৷ যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের 10 জন তাঁদের অবস্থানের 38তম দিনে আমরণ অনশন শুরু করেছেন ৷

অনশন আন্দোলনে সামিল হয়ে চাকরিহারা শিক্ষিকা মিতা সরকার বলেন, "সরকার যেভাবে আমাদের পরীক্ষা ব্যবস্থার মধ্যে বসাতে চাইছে সেটা কার্যত অসম্ভব ৷ সাত বছর আগে যে অবস্থা ছিল আমার, তা এখন নেই ৷ তখন আমার পড়ার মতো সুযোগ ছিল ৷ কিন্তু, এখন আমার কাঁধে অনেক দায়িত্ব ৷ ফলে এখন আবার পরীক্ষার জন্য পড়ার মানসিকতা আমাদের কারও নেই ৷ আমাদের জীবন এখন বিপন্ন ৷ সেই জন্যই আমরা এই প্রচণ্ড গরমেও অনশনের মতো সিদ্ধান্ত নিয়েছি ৷"

Jobless Teachers in Hunger Strike
অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে বিধানসভায় 'যোগ্য' চাকরিহারা শিক্ষক প্রতিনিধি দল ৷ (ইটিভি ভারত)

আরেক অনশনকারী অচিন্ত্যকুমার দাস বলেন, "শিক্ষামন্ত্রীকে যদি আমরা পরীক্ষা দিতে বলি এখন । তাহলে উনি কি পারবেন ? না, কারণ উনিও এখন অন্য অনেক কাজে ব্যস্ত ৷ ফলে ওনার উচিত ছিল, নিজের অবস্থা দিয়ে আমাদের পরিস্থিতিটা বোঝার ৷ এই রাজ্যে বর্তমানে চাকরি পাওয়া দুর্লভ ৷ তাহলে যে নিজের যোগ্যতায় একটা চাকরি জোগাড় করেছেন, তাঁর কাছে চাকরি যাওয়া, আর জীবন যাওয়া বিষয়টা একই ৷ তাই আমরা এই অহিংস আন্দোলন বেছে নিয়েছি ৷"

অন্যদিকে, তীব্র এই দাবদাহে অনশনে বসার জন্য চিন্তায় ছুটে এসেছেন অনশনকারীদের পরিবারের লোকজন ৷ মিতা সরকারের স্বামী পঙ্কজ সরকার, নিজেও একজন শিক্ষক ৷ তাই স্ত্রীর এই কঠিন সময়ে পাশে রয়েছেন তিনি ৷ তবে, চিন্তায় রয়েছেন স্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে ৷ তিনি বলেন, "ওনার প্রেশার, সুগারের সমস্যা রয়েছে ৷ কিন্তু, আলোচনা করে এসে জানাল, আর কোনও রাস্তা নেই অনশন ছাড়া ৷ যখন-তখন খারাপ কিছু হতে পারে ৷ দীর্ঘদিন চিন্তায় বাড়িতেও ঘুমায় না ৷ আমার বাড়িতে 9 বছরের একটা ছেলে আছে ৷ ওকে এখনও কিছু বলিনি ৷"