বড় বিনিয়োগ রাজ্যে, 20 বছরের জন্য ওয়্যারহাউস ভাড়ার চুক্তি স্বাক্ষর অ্যামাজনের
হুগলি জেলায় একটি বিশালাকার গুদামঘর ভাড়া নিচ্ছে ই-কমার্স সংস্থা অ্যামাজন ৷ লক্ষাধিক বর্গফুট আয়তের গুদামের জন্য কয়েক কোটির বিনিয়োগ হবে রাজ্যে ৷

Published : September 10, 2025 at 4:53 PM IST
কলকাতা, 10 সেপ্টেম্বর: রাজ্যে বিনিয়োগ করছে ই-কমার্স সংস্থা অ্যামাজন সেলার সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ৷ হুগলিতে একটি বিশাল ওয়্যারহাউস ভাড়া নিতে 20 বছরের চুক্তিতে স্বাক্ষর করেছে অ্যামাজন ৷ নথি অনুসারে, প্রায় 5.59 লক্ষ বর্গফুট আয়তনের ওই ওয়্যারহাউসের জন্য মাসিক ভাড়া শুরু হচ্ছে 1 কোটি 26 লক্ষ টাকা থেকে ৷ দীর্ঘমেয়াদি এই চুক্তির আর্থিক অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় 430 কোটি টাকার কাছাকাছি, যা দেশের অন্যতম বড় ওয়্যারহাউস লেনদেন হিসাবে ধরা হচ্ছে ৷
চুক্তি স্বাক্ষরের নথি অনুযায়ী, গুদামটি নির্মাণ করছে নাহার ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেস লিমিটেড ৷ অ্যামাজন এই পরিকাঠামো প্রি-লিজ আকারে ভাড়া নিয়েছে ৷ 2026 সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে সংস্থার হাতে ওয়্যারহাউসটি তুলে দেওয়া হবে ৷
2026 সালের 1 জুন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ভাড়ার মেয়াদ, যা চলবে 20 বছর ৷ প্রথম পাঁচ বছরের জন্য 'লক-ইন' সময়সীমা থাকছে ৷ 20 বছরের শেষে আরও তিন বছরের জন্য বাড়ানো যাবে ভাড়ার মেয়াদ ৷ মাসিক ভাড়ার পরিমাণ ধরা হয়েছে 1 কোটি 26 লক্ষ 63 হাজার 856 টাকা ৷ প্রতি তিন বছরে একবার ভাড়ার হার 12 শতাংশ হারে বৃদ্ধি পাবে ৷ ইতিমধ্যে সিকিউরিটি ডিপোজিট হিসেবে প্রায় 7 কোটি 60 লক্ষ টাকা জমা দিয়েছে অ্যামাজন ৷
রাজ্যে বিনিয়োগ ও সরকারের প্রতিক্রিয়া
এই বিনিয়োগকে কেন্দ্র করে রাজ্য সরকারের তরফে ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে ৷ শিল্প দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, "অ্যামাজনের মতো বিশ্বমানের সংস্থা হুগলিতে এত বড় গুদামঘর তৈরি করছে— এটি শুধু বাংলার জন্য নয়, সমগ্র পূর্ব ভারতের জন্য গর্বের বিষয় ৷ এখানে শতাধিক মানুষের সরাসরি কর্মসংস্থান হবে ৷ পাশাপাশি পরিবহণ ও ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রেও একাধিক সুযোগ তৈরি হবে ৷ রাজ্য সরকার দীর্ঘদিন ধরে শিল্প-বিনিয়োগকে আকৃষ্ট করতে পরিকাঠামো উন্নত করছে ৷ অ্যামাজনের এই পদক্ষেপ প্রমাণ করছে, বাংলার শিল্প-পরিবেশ বিনিয়োগকারীদের কাছে ক্রমশ আকর্ষণীয় হয়ে উঠছে ৷"
ভারতে অ্যামাজনের উদ্যোগ
গত বছর মুম্বইয়ের ভিখরোলিতে গোদরেজ গ্রিন হোমস প্রাইভেট লিমিটেড-এর জায়গায় প্রায় 94 হাজার বর্গফুটের জন্য মাসিক 1.73 কোটি টাকায় পাঁচ বছরের লিজ নবীকরণ করেছিল অ্যামাজনের চারটি সহযোগী সংস্থা ৷ তারও আগে, 2024 সালের নভেম্বরে মুম্বইয়ের আম্বারনাথে লোধা গ্রুপের কাছ থেকে প্রায় 450 কোটি টাকায় 38 একর জমি কিনেছিল অ্যামাজন ডেটা সার্ভিসেস ৷ শিল্প মহলের মতে, ধারাবাহিকভাবে এই ধরনের বড় চুক্তি দেখাচ্ছে যে, ভারতীয় বাজারে নিজের উপস্থিতি শক্তিশালী করতেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে অ্যামাজন ৷

