ETV Bharat / state

ফের ভিনরাজ‍্যে আক্রান্ত বাঙালি, ঝাড়খণ্ডে পরিযায়ীকে কুপিয়ে খুনের চেষ্টা

এবার ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিককে স্টেশনেই কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে সেখানকার স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে । উদ্বিগ্ন পরিবারের সুবিচার চেয়ে আর্জি মুখ্যমন্ত্রীর কাছে ।

attack on migrant worker
বাঙালি পরিযায়ী শ্রমিক আক্রান্ত ভিনরাজ্যে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 15, 2025 at 6:59 PM IST

5 Min Read
Choose ETV Bharat

সন্দেশখালি, 15 সেপ্টেম্বর: ফের ভিনরাজ‍্যে আক্রান্ত বাঙালি পরিযায়ী শ্রমিক । এবার ঘটনাস্থল ঝাড়খণ্ড । অভিযোগ, বাংলায় কথা বলায় তপছেল জমাদার নামে ওই পরিযায়ী শ্রমিকের উপর স্টেশনেই চড়াও হন সেখানকার কয়েকজন যুবক । মারধরের পাশাপাশি ছুরি নিয়ে কুপিয়ে তাঁকে খুনের চেষ্টার অভিযোগও উঠেছে ।

রক্তাক্ত অবস্থায় স্টেশন চত্বরে লুটিয়ে পড়েন তিনি । পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে নিয়ে যান স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে । সেখানে প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্সে আহত ওই পরিযায়ী শ্রমিককে নিয়ে আসা হয়েছে কলকাতায় । আপাতত একটি সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর । গোটা ঘটনায় উদ্বিগ্ন পরিবারের লোকেরা । এই ঘটনার সুবিচার চেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছেন তাঁরা । দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন আক্রান্ত যুবকের প্রতিবেশীরাও ।

ভিনরাজ‍্যে পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুনের চেষ্টা (ইটিভি ভারত)

জানা গিয়েছে, বছর 27-র তপছেলের বাড়ি উত্তর 24 পরগনার সন্দেশখালি 2 নম্বর ব্লকের উলাপাড়া গ্রামে । বাড়িতে তাঁর স্ত্রী ছাড়াও দুই সন্তান রয়েছে । দীর্ঘ পাঁচ বছর ধরে ওড়িশার একটি কোম্পানির হয়ে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন ওই যুবক । শুধু তিনিই নন, বেশি রোজগেরের আশায় গ্রামের আরও 18 থেকে 20 জন যুবক নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন বিজেপি শাসিত এই রাজ‍্যে । গত চার-পাঁচ দিন আগে ওড়িশা থেকে নিজের গ্রামের বাড়িতে ফিরেছিলেন তপছেল ।

attack on migrant worker
পরিযায়ী শ্রমিকের পরিবার (নিজস্ব ছবি)

পরিবারের সঙ্গে কাটিয়ে রবিবার তিনি তাঁর কর্মস্থলের দিকে রওনা দিয়েছিলেন । সঙ্গে ছিলেন তাঁর সহকর্মীরাও । দূর-পাল্লার ট্রেনে চেপে ঝাড়খণ্ডের টাটানগর স্টেশনে নেমেছিল নির্মাণ শ্রমিকের ওই দলটি । এখান থেকেই তাঁদের প্রাইভেট গাড়িতে করে ওড়িশা যাওয়ার কথা ছিল । কিন্তু, তার আগেই ঘটে এই বিপত্তি ! ওই স্টেশনে নামার পর সহকর্মীদের সঙ্গে বাংলা ভাষায় কথা বলছিলেন তপছেল । তা নিয়ে স্টেশন চত্ত্বরেই স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে বচসা বাঁধে তাঁর । সেই বচসা গড়ায় হাতাহাতিতে ।

অভিযোগ, তখনই তাঁর উপর চড়াও হন ওই যুবকেরা । 'বাংলাদেশি' তকমা দিয়ে তাঁকে মারধর করতে শুরু করেন তাঁরা । সেই দৃশ্য দেখে প্রথমে পালিয়ে যান তপছেলের সহকর্মীরা । সেই সুযোগে তাঁর উপর ছুরি নিয়ে পরপর আঘাত করা হয় বলে অভিযোগ । রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই পরিযায়ী শ্রমিক । তা দেখে সেখান থেকে পালিয়ে যায় হামলাকারীরা । পরে, গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে টাটানগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান ওই যুবকের সহকর্মীরা । সেখানে প্রাথমিক চিকিৎসা চলে তাঁর ।

attack on migrant worker
জখম তপছেল জমাদার (নিজস্ব ছবি)

সূত্রের খবর, তপছেলের গলায় এবং পিঠে গুরুতর আঘাত রয়েছে । সেই কারণে রাতেই সেখান থেকে বেসরকারি অ্যাম্বুলেন্সে চাপিয়ে কলকাতার সরকারি হাসপাতালে ভর্তি করা হয় উন্নত চিকিৎসার জন্য । গোটা ঘটনায় স্তম্ভিত এবং হতবাক পরিবারের সদস্যরা । ভিনরাজ‍্যে কাজে গিয়ে যদি এভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হতে হয় তাহলে তাঁদের রুটি-রুজির উপর প্রভাব পড়তে পারে বলে ধারণা অনেকের । সেই কারণে রাজ‍্য সরকারের যথাযথ পদক্ষেপ করা উচিত বলে মনে করছেন পরিযায়ী শ্রমিকের পরিবার ।

এই বিষয়ে আক্রান্ত যুবকের স্ত্রী মারুফা বিবি বলেন, "আমরা তো বাঙালি ! বাংলা ভাষায় কথা বলা ছাড়া তো আমরা অন্য কোনও ভাষায় কথা বলতে পারব না । বাঙালি হওয়া কী অপরাধ ! আমার স্বামী কাজ না করলে আমাদের খাওয়া জুটবে না । আমার ছোট ছোট দুটো সন্তান রয়েছে । ওর যদি কিছু হয়ে যেত তাহলে আমাদের কে দেখত ? আমি চাই এর বিচার হোক । মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিক ।"

আক্রান্ত যুবকের আত্মীয় নুসরত জমাদার বলেন, "যারা ওড়িশায় কাজে যাচ্ছিল তারা সকলেই আমাদের গ্রামের । ওরা ট্রেন থেকে টাটানগর স্টেশনে নেমেছিল । তখনই বাংলা ভাষায় কথা বলায় স্থানীয় কয়েকজন যুবক তপছেল-কে ঘিরে ধরে । বলতে থাকে তুই কী বাংলাদেশি ! সেই সময় ও বলে আমি এই দেশেরই বাসিন্দা । এখানেই আমার জন্ম । বাংলাদেশি হতে যাব কেন ? এই কথা বলার মধ্যেই ওকে মারধর করতে শুরু করে । শুনলাম ওর গলায় নাকি ছুরি দিয়েও আঘাত করা হয়েছে । এটা তো ঠিক নয় । আজকে কী কোনও বাঙালি শ্রমিক দেশ-বিদেশে কাজে যেতে পারবে না । শুধু মার খাবে । মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আপনি কিছু একটা ব্যবস্থা নিন । নইলে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে এই ধরনের ঘটনা বাড়তেই থাকবে । এর একটা বিহিত হোক, সেটাই চাই আমরা ।"

এদিকে, বিষয়টি নিয়ে ইতিমধ্যে পুলিশ প্রশাসনের তরফেও তোড়জোড় শুরু হয়েছে । এ নিয়ে বসিরহাট জেলার এক পদস্থ পুলিশ কর্তা বলেন, "ঘটনার খোঁজ খবর নেওয়া হচ্ছে । ঠিক কী ঘটনা ঘটেছে তা পরিবারের সঙ্গে কথা বলে জানার চেষ্টা হবে । প্রয়োজনে ঝাড়খণ্ড পুলিশ প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করা হবে ।"