'টক টু মেয়র' অনুষ্ঠানে কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে অভিযোগ, কী বলেলন ফিরহাদ ?
'টক টু মেয়র' অনুষ্ঠানে তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে অভিযোগ পেতেই তা মিথ্যে বলে জানালেন ফিরহাদ হাকিম । কারণ হিসেবে কী বললেন তিনি ?

Published : May 31, 2025 at 7:46 PM IST
কলকাতা, 31 মে: পুরনিগমের সমস্যার চেয়ে অভ্যন্তরীণ রাজনীতির অভিযোগ বেশি আসছে । শনিবার 'টক টু মেয়র' অনুষ্ঠানে আসা এক প্রোমোটারের অভিযোগ প্রসঙ্গে এমনটাই বললেন মেয়র ফিরহাদ হাকিম ৷
65 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা শর্মার স্বামী তথা ওই ওয়ার্ডের তৃণমূল সভাপতি সুশীল শর্মার বিরুদ্ধে এবার অভিযোগ এল 'টক টু মেয়র' অনুষ্ঠানে ৷ নির্মাণ কাজে বাধা দেওয়ার পাশাপাশি তিনি নাকি পুলিশ দিয়ে হয়রানি করছেন ৷ সেই অভিযোগ শুনে মেয়র বললেন, ভুয়ো অভিযোগ।
এদিন বালিগঞ্জ এলাকার এক জনৈক প্রোমোটার অভিযোগ করেন, "নিয়ম মেনে নির্মাণ কাজ করছি । কর্পোরেশনের নকশা অনুমোদন থেকে জমির কাগজ সব ঠিক আছে । কর মিটিয়েছি ৷ সরকারকে রেভিনিউ দিচ্ছি তবু 65 নম্বর ওয়ার্ডের তৃণমূল ওয়ার্ড প্রেসিডেন্ট সুশীল শর্মা কাজ করতে দিচ্ছে না । কখনও পুলিশ দিয়ে এলবিএস-কে থানায় তুলে নিয়ে গিয়ে হেনস্থা করছেন আবার কখনও আমাকে বসতে দিচ্ছে না । কাজ করতে দিচ্ছে না।"
এই অভিযোগ শুনে মেয়র বলেন, "আপনার কাগজ সব ঠিক থাকলে আপনি কাজ করুন । কেউ সমস্যা করলে পুলিশকে বলুন । প্রয়োজনে গ্রেফতার করবে ।"
যদিও তিনি সংবাদমাধ্যমে এই অভিযোগ নিয়ে প্রশ্নের উত্তরে বলেন, "এগুলো অভ্যন্তরীণ রাজনীতি । আইনশৃঙ্খলা পুলিশের হাতে । পুরসভার সমস্যা নয় । সুতরাং, উনি যদি অভিযোগ করে থাকেন পুলিশ ব্যবস্থা নেবে । এগুলো সব ভুয়ো ফোন আসতে থাকে । শরিক বা পার্টির গণ্ডগোল মেটানোর জন্য টক টু মেয়র নয় । টক টু মেয়র হল পৌর পরিষেবার কোথায় ঘাটতি, যাতে সব অংশে কাজ সঠিকভাবে পরিচালনা করতে পারি, মানুষের কাছে পৌঁছতে পারি । এখন পৌর পরিষেবা নিয়ে ফোন কম আসছে গণ্ডগোল নিয়ে বেশি আসছে ।"
উল্লেখ্য, এই ওয়ার্ডে প্রোমোটার রাজ নিয়ে অভিযোগ আসা নতুন নয় । তবে প্রোমোটারের ফোন আসা কাজ করতে না পারায় এটা টক টু মেয়রের এখনও পর্যন্ত নজির ।

