মোবাইল চোর সন্দেহে যুবককে মারধর, ড্রিলিং মেশিন দিয়ে পায়ে ফুটো ! গ্রেফতার 4
যুবককে রাস্তায় ফেলে মারধরের অভিযোগও উঠেছে ৷ কড়েয়া থানা এলাকার ঘটনায় গ্রেফতার চার অভিযুক্ত ৷

Published : June 21, 2025 at 2:50 PM IST
কলকাতা, 21 জুন: মহেশতলা-কাণ্ডের ছায়া এবার কলকাতা শহরে ৷ মোবাইল চোর সন্দেহে এক যুবককে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ ৷ বিষয়টি এখানেই থেমে থাকেনি ৷ অভিযোগ, ড্রিলিং মেশিন দিয়ে ওই যুবকের পা ফুটো করে দেওয়া হয়েছে ৷ ঘটনায় অভিযুক্ত এলাকার চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে কড়েয়া থানায় এলাকায় ৷
এই ঘটনা নিয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, "ধৃতদের নাম জাহিদ হোসেন, মানোয়ার হোসেন, শাহিদ আলি এবং বিকাশ রাউত ৷ তাঁদের আগামিকাল আদালতে পেশ করে হেফাজতে চাইবে পুলিশ ৷" পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে ৷ কড়েয়া এলাকার বাসিন্দা সেকেন্দর আজাম নামে এক যুবকের বিরুদ্ধে মোবাইল ফোন চুরির অভিযোগ করা হয় ৷
অভিযোগ, মোবাইল চুরির অপবাদে তাঁর কাছে টাকা দাবি করে ওই চার যুবক ৷ কিন্তু, টাকা দিতে অস্বীকার করেন সেকেন্দর ৷ অভিযোগ, টাকা না-দেওয়ায় রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় তাঁকে ৷ এরপর পাশের একটি জায়গা থেকে ড্রিলিং মেশিন নিয়ে এসে তাঁর পায়ে ফুটো করে দেওয়া হয় ৷
সেকেন্দরের চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন ৷ তখন অভিযুক্তরা সেকেন্দরকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে চম্পট দেন বলে অভিযোগ ৷ স্থানীয়রাই প্রথমে তাঁকে রক্তাক্ত অবস্থায় ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যায় ৷ পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায়, শহরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷
এই ঘটনায় কড়েয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেকেন্দরের পরিবারের সদস্যরা ৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে প্রথমে রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ৷ সেই ফুটেজ থেকে চার অভিযুক্তকে শনাক্ত ও পরে গ্রেফতার করে পুলিশ ৷
উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণ 24 পরগনার মহেশতলায় এক নাবালককে মোবাইল ফোন চুরির অভিযোগে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ ওঠে বেশ কয়েকজনের বিরুদ্ধে ৷ সেই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা গেলেও, এখনও পর্যন্ত ওই নাবালককে উদ্ধার করতে পারেনি পুলিশ ৷ সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই ফের শহরে মোবাইল ফোন চোর সন্দেহে যুবকের উপর নির্মম অত্যাচারের ঘটনা ঘটল ৷

