হিন্দু হওয়ায় হত্যা জঘন্য কাজ, পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা ওয়াইসির
শুক্রবার বাগডোগরায় একথা বলেন আসাদুদ্দিন ওয়াইসি ৷ তিনি দ্রুত জাতিগণনা শুরুর দাবি জানান ৷ ওয়াকফ আইন নিয়ে কেন্দ্রের সমালোচনা করেন ৷

Published : May 2, 2025 at 7:28 PM IST
শিলিগুড়ি, 2 মে: ধর্ম দেখে, হিন্দু হওয়ায় গুলি করে হত্যা করা অত্যন্ত জঘন্য কাজ ৷ এমনটাই মনে করেন লোকসভার সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি ৷ তাই অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে পর্যটকদের উপর জঙ্গি হানার ঘটনার সমালোচনা করেছেন ৷
শুক্রবার বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তিনি ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, পহেলগাঁও-এর হামলার পালটা হিসেবে পাকিস্তান এবং জঙ্গিদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার যে পদক্ষেপই করুক না কেন, দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি সবসময় পাশে থাকবে ৷
এদিন আসাদুদ্দিন ওয়াইসি দিল্লি থেকে বিমানে বাগডোগরা পৌঁছন । সেখান থেকে সড়ক পথে বিহারের উদ্দেশে রওনা দেন তিনি । তার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ৷ মুখ খোলেন পহেলগাঁও-এর জঙ্গি হামলা নিয়ে ৷ তিনি বলেন, "এই ঘটনায় সমস্ত বিরোধী রাজনৈতিক দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই ঘটনায় তাঁর সঙ্গে আছি বলে জানিয়েছি । সরকার তাদের (জঙ্গিদের) বিরুদ্ধে কড়া থেকে কড়া পদক্ষেপ করুক, যাতে যাঁরা স্বজন হারিয়েছেন, তাঁরা ন্যায় পান ।’’
তিনি আরও বলেন, ‘‘আমরা দেখেছি যে পাকিস্তান থেকে জঙ্গিরা এসে এই নিন্দনীয় ঘটনা ঘটিয়েছে । জঙ্গিরা আগে মহিলা আর বাচ্চাদের আলাদা করেছে । তারপর পুরুষদের আলাদা করে তাদের ধর্ম জিজ্ঞেস করেছে । যাঁরা হিন্দু, তাঁদের গুলি করে মেরেছে । এটা খুবই জঘন্য কাজ৷ আর এটার যত নিন্দা করা হোক না কেন, তা কম হবে । এই জঙ্গি ও জঙ্গিদের মদতকারী পাকিস্তানের বিরুদ্ধে ভারত যাই পদক্ষেপ করুক, আমরা সমর্থন করব ।"
পহেলগাঁও ইস্যুতে মোদি সরকারের দিকে সমর্থনের হাত বাড়ালেও ওয়াকফ আইন সংশোধন নিয়ে বিরোধিতা জারি রাখার কথাই জানিয়েছেন তিনি ৷ ওয়াইসি বলেন, "এই বিলের প্রতিবাদের নামে হিংসা হওয়া উচিত নয় । একটা ভুল আইন বিজেপি বানিয়েছে, যা সংবিধান বিরোধী । আমরা এর প্রতিবাদে সামিল হয়েছি । আমরা এই আইনের বিরোধী ।"
এদিকে গত বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে এবার দেশে জনগণনার সঙ্গে জাতিগণনাও হবে ৷ কংগ্রেস-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি এই দাবি জানিয়ে আসছিল ৷ তাই কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি ৷
হায়দরাবাদের সাংসদ ওয়াইসি বলেন, "জাতিভিত্তিক জনগণনা দ্রুত লাগু হওয়া উচিত । 2021 সাল থেকে আমাদের দল এই জাতিভিত্তিক জনগণনার দাবি জানিয়ে আসছিল । শেষ জাতিভিত্তিক জনগণনা হয়েছিল 1931 সালে ৷ জাতিভিত্তিক জনগণনা হলে জানা যাবে, তাতে কার কত সুবিধা হচ্ছে, না হচ্ছে । কার কাছে নিজের বাড়ি আছে, কার কাছে জমি নেই । কোন জাতি এগিয়েছে আর কোন জাতি পিছিয়ে পড়েছে । তাই এটার খুব প্রয়োজন ছিল ।’’
এর পর তিনি বলেন, ‘‘আমরা বিজেপি এবং এনডিএ সরকারকে বলব যে আপনারা সময় নির্ধারণ করুন । কখন সেই গণনা শুরু হবে, কখন শেষ হবে এবং সেটা কবে লাগু করা হবে । 2029-এর লোকসভা নির্বাচনের আগে হবে কি, হবে না । এছাড়াও যেসব মুসলমানরা বাইরে থেকে এসেছেন, তাঁদের সম্পর্কেও হালহকিকত জানা যাবে । এই ভাবে আমেরিকার মতো দেশ শক্তিশালী হয়েছে । তাই এটা ভারতের জন্যও প্রয়োজন ।"

