দূষণের প্রতিবাদে দুর্গাপুরের পর্ষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক বিক্ষোভকারীরা
বিক্ষোভকারীদের দাবি, একাধিকবার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের কাছে অভিযোগ জানানোর পরেও কোনও কাজ হয়নি।

Published : March 19, 2025 at 5:40 PM IST
দুর্গাপুর, 19 মার্চ: অন্ডালে ডিভিসির তাপবিদ্যুৎ কারখানা ও বেসরকারি সিমেন্ট কারখানা থেকে নির্গত দূষণের জেরে জেরবার গোপালমাঠ এলাকার কয়েক হাজার মানুষ। দুর্গাপুর ভূমিরক্ষা কমিটির পক্ষ থেকে তারই প্রতিবাদে গণস্বাক্ষর অভিযান আয়োজিত হয়েছিল কয়েকদিন আগেই। সাধারণ মানুষের স্বাক্ষর সম্বলিত সেই প্রতিবাদ পত্র নিয়ে বুধবার দুর্গাপুর ভূমি রক্ষা কমিটির সদস্যরা দুর্গাপুরের সিটি সেন্টারে রাজ্য সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যালয়ের বাইরে বসে অবস্থান-বিক্ষোভে সামিল হন।
কিন্তু বিক্ষোভ শুরু হতে দুর্গাপুরের সিটি সেন্টার থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে আটক করে ফাঁড়িতে নিয়ে যায় বলে অভিযোগ। দূষণের প্রতিবাদে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে নেমে পুলিশের সঙ্গে বচসা বাধে বিক্ষোভকারীদের। তারপরেই দুর্গাপুর ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রবজ্যোতি মুখোপাধ্যায়-সহ বিক্ষোভকারীদের আটক করে দুর্গাপুর থানার পুলিশ।
এই বিক্ষোভের জেরে উত্তেজনা চরমে পৌঁছয়। দুর্গাপুর ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়ের অভিযোগ, অন্ডালের ডিভিসির ছাইয়ে ঢাকছে গোপালমাঠ এলাকা। এছাড়াও গোপাল মাঠ সংলগ্ন একটি সিমেন্ট কারখানার ধোঁয়াতেও গোটা এলাকার মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে।
তাদের দাবি, একাধিকবার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের কাছে অভিযোগ জানানোর পরেও কোনও কাজ হয়নি। তারই প্রতিবাদে বুধবার সকাল থেকে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দুর্গাপুরের কার্যালয়ের সামনে বিক্ষোভে নেমেছিলেন তারা। তাদের আরও অভিযোগ, পুলিশ কারখানাগুলির কাছে বিক্রি হয়ে গিয়েছে। তাই পুলিশ তাদের অবস্থান বিক্ষোভ তুলে দিয়েছে বলে অভিযোগ। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের জোর করে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। কিন্তু, এরপরও তাদের আন্দোলন চলবে বলেও জানিয়েছেন বিক্ষোভকারীরা।

