স্বাস্থ্যে নয়া দিগন্ত ! এসএসকেএমের পর এবার বেসরকারি হাসপাতালে মাতৃদুগ্ধের ব্যাংক, মিলবে বিনামূল্যে
এসএসকেএমের পর এবার বেসরকারি হাসপাতালে চালু হল মাতৃদুগ্ধের ব্যাংক । মাতৃস্তন্য না-পাওয়া শিশুদের বিকল্প দুধের চাহিদা পূরণ করবে মিল্ক ব্যাংক ।


Published : March 23, 2025 at 6:18 PM IST
মধ্যমগ্রাম, 23 মার্চ: স্বাস্থ্যক্ষেত্রে নতুন দিগন্ত । কলকাতার অদূরে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে বেসরকারি হাসপাতালে প্রথম চালু হল 'মাতৃদুগ্ধ'-এর ব্যাংক । এর আগে, রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার এসএসকেএম হাসপাতালে চালু হয়েছিল এই ধরনের প্রকল্প । সেটাই সরকারি উদ্যোগে প্রথম কোনও 'মাতৃদুগ্ধ'-এর ব্যাংক । বেসরকারি হাসপাতালে এই ধরনের উদ্যোগ সচরাচর আগে কখনও দেখা যায়নি । সেক্ষেত্রে রাজ্যের সুপার স্পেশালিটি এসএসকেএম হাসপাতালের পর এবার বেসরকারি কোনও হাসপাতালে প্রথম চালু হল এই প্রকল্প ।
রবিবার এর সূচনা হল রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের হাত ধরে । এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন স্থানীয় পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, রাজ্য মেডিক্যাল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক তথা তৃণমূলের চিকিৎসক কাউন্সিলর বিবর্তন সাহা, বেসরকারি হাসপাতালের কর্ণধার আকাশ মজুমদার ছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
জানা গিয়েছে, 40 শয্যার এই বেসরকারি হাসপাতালে এদিন সম্পূর্ণ নিখরচায় চালু হয়েছে 'মাতৃদুগ্ধ'-এর ব্যাংক । কোনও গর্ভবতীর প্রসবের পর তাঁর সদ্যোজাত সন্তানকে মাতৃস্তন্য খাওয়ানোর ক্ষেত্রে কোনও জটিলতা দেখা দিলে, তখন সেই বিকল্প দুধের চাহিদা পূরণ করবে 'মাতৃদুগ্ধ'-এর ব্যাংক । এক্ষেত্রে যাতে জন্মদাত্রী মা কিংবা তাঁর সন্তানের দেহে কোনও সংক্রমণ প্রবেশ করে জীবনহানি ঘটাতে না পারে, তার দিকেও বাড়তি নজর দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হিউম্যান মিল্ক অথবা ল্যাক্টেরিয়াম সংগ্রহের পর তা হাসপাতালের নিজস্ব ল্যাবে নিয়ে গিয়ে যথাযথ পরীক্ষা নীরিক্ষা করার পরেই তাকে সদ্যোজাতের পানের ছাড়পত্র দেওয়া হবে । অর্থাৎ, মাতৃদুগ্ধ পরিশুদ্ধ করার পর পদ্ধতি মেনে তারপরেই তা বিতরণের ব্যবস্থা করবে হাসপাতাল কর্তৃপক্ষ । তাঁদের দাবি, এজন্য উন্নতমানের পরিকাঠামোর ব্যবস্থাও করা হয়েছে ওই বেসরকারি হাসপাতালে । শুধু 'মাতৃদুগ্ধ'-এর ব্যাংক চালু করাই নয়, স্তন্যদানের জন্য সক্ষম মায়েদের মধ্যে সচেতনতা বাড়াতেও জোর দেওয়া হয়েছে বেসরকারি হাসপাতালের তরফে, যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ।

অনেক সময় সন্তান প্রসবের ক্ষেত্রে নানান জটিলতা দেখা দেয় গর্ভবতীদের । যার জেরে বিভিন্ন সমস্যার সম্মুখীনও হতে হয় তাঁদের । কোনও কোনও ক্ষেত্রে সন্তান প্রসবের পর জন্মদাত্রী মায়ের মৃত্যু পর্যন্ত ঘটে । আর এর জেরে সবচেয়ে বেশি সমস্যা হয় সদ্যোজাত সন্তানদেরই । মায়ের দুধের অভাবে তাঁদের সুস্থসবল রাখাই কার্যত তখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় । পুষ্টির অভাবে বিভিন্ন রোগেও ভোগে তারা । সেই কথা মাথায় রেখেই অভিনব এই প্রকল্প চালু করতে এগিয়ে এসেছে মধ্যমগ্রামের ওই বেসরকারি হাসপাতাল । এতে একদিকে মায়ের দুধের অভাব যেমন পূরণ হবে, তেমনই সদ্যোজাত সন্তানদের সুস্থসবলও রাখা যাবে বলে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ ।
এই বিষয়ে ওই বেসরকারি হাসপাতালের কর্ণধার আকাশ মজুমদার বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এসএসকেএম হাসপাতালে প্রথম এই ধরনের প্রকল্প চালু হয়েছিল । বেসরকারি উদ্যোগে এদিন আমরাই প্রথম মাতৃদুগ্ধ ব্যাংক চালু করলাম । কোনও সন্তান যদি তাঁর মায়ের দুধ না পায়, তখন এই ব্যাংকের মাধ্যমে আমরা সেই চাহিদা পূরণ করব । এজন্য পর্যাপ্ত পরিকাঠামোও রয়েছে এখানে । যে মায়ের দুধ সংগ্রহ করা হবে, তিনি যদি সংক্রামক না-হন, তাহলে সেই মায়ের দুধ আমরা 16 ডিগ্রি সেন্টিগ্রেডে পরিশুদ্ধ করার পর তা সংরক্ষিত করে রাখব মিল্ক ব্যাংকে । সেখান থেকে বিনামূল্যে পুষ্টিকর দুধ পান করতে পারবে যে কোনও বাচ্চাই ।"
এদিকে, বেসরকারি হাসপাতালের এই অভিনব উদ্যোগের প্রশংসা করেছেন মধ্যমগ্রামের বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ । তাঁর কথায়, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের প্রকল্পের গুরুত্ব অনুভব করেছিলেন বলেই এসএসকেএম হাসপাতালে প্রথম চালু করেছিলেন মাতৃদুগ্ধ ব্যাংক । কারণ, আমরা জানি সন্তান জন্মানোর পর মায়ের দুধ পান করা তার কাছে অত্যন্ত জরুরি । মুখ্যমন্ত্রীর দেখানো পথেই ওই বেসরকারি হাসপাতাল এগিয়ে এসেছে । তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই । আগামী দিনে তাদের দেখানো পথে আরও অনেক বেসরকারি হাসপাতাল এগিয়ে আসবে বলে আমি মনে করি । মাতৃদুগ্ধ প্রকল্প চালু করে তারা এক দৃষ্টান্ত স্থাপন করল । এর ফলে উপকার হবে অনেক বাচ্চারই ।"

