ETV Bharat / state

শুধু বাংলা নয়, দেশজুড়ে এসআইআর চান অভিষেক ; দিলেন শর্ত

এসআইআর নিয়ে আপত্তি নেই অভিষেকের ৷ তবে এই বিশেষ সংশোধন করতে হলে লোকসভা ভেঙে দেওয়া উচিত বলে মনে করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ৷

ABHISHEK BANERJEE ON SIR
অভিষেক বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 12, 2025 at 1:14 PM IST

4 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 12 অগস্ট: বাংলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে তাঁর কোনও আপত্তি নেই ৷ তবে তার আগে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রিসভার ইস্তফা দেওয়া উচিত ৷ চলতি লোকসভা ভেঙে দিয়ে সারা দেশে একসঙ্গে এই প্রক্রিয়া শুরু করা হোক ৷ এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি পর্বে এমনই শর্ত রাখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভায় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

পাশাপাশি গুজরাত বা উত্তরপ্রদেশের মতো রাজ্যের ভোটার তালিকা ঠিক এবং বাংলা বা বিহারের মতো রাজ্যের তালিকা ভুল - এমনটা ভাবা ঠিক নয় ৷ তাই গোটা দেশের ভোটার তালিকার সংশোধন করা উচিত বলে মনে করেন ডায়মন্ড হারবারের সাংসদ ৷

তৃণমূল সাংসদের যুক্তি, পুরনো ভোটার তালিকা মেনে মাত্র এক বছর আগে দেশজুড়ে লোকসভা ভোট হয়েছে ৷ সেই সময় তালিকা ঠিক ছিল ৷ এখন তা নিয়েই আপত্তি উঠেছে ৷ অতএব লোকসঙ ভেঙে দেওয়াই ভালো ৷ তাঁর কথায়, "যে ভোটার তালিকার উপর ভর করে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলেন, অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হলেন এবং বিজেপি সরকার গঠন করল, সেটাই যদি এখন ভুল বলে ধরা হয় তাহলে কি তাঁদের নির্বাচনের বৈধতা থাকে ? যদি সত্যিই এই তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়া হয়ে থাকে, তবে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী-সহ এই তালিকার ভিত্তিতে জয়ী সকলকে ইস্তফা দিতে হবে । আমিও সাংসদ পদ ছাড়তে রাজি ৷"

অভিষেক আরও বলেন, "বাংলার ভোটার তালিকা ভুল আর গুজরাত বা উত্তরপ্রদেশের ঠিক—এটা চলতে পারে না । যদি বিশেষ সংশোধন করতেই হয়, তবে আগে লোকসভা ভেঙে দিন ৷ তারপর সারা দেশে একসঙ্গে ভোটার তালিকা সংশোধন হোক । এতে কোনও আপত্তি নেই ।"

তৃণমূল সাংসদের অভিযোগ, কর্নাটকে দেখা গিয়েছে ভোটার তালিকায় একই ভোটারের নাম 4টি জায়গায় রয়েছে ৷ হাজার হাজার ঠিকানা ভুয়ো । মহারাষ্ট্রে আবার লোকসভা ভোটের পর এবং বিধানসভা ভোটের আগে মাত্র পাঁচ মাসের মধ্যেই ভোটার সংখ্যা বেড়ে গিয়েছে 40 লক্ষ এবং তারপরই বিজেপি জিতেছে । তিনি বলেন, "বিজেপি এইভাবে ভোটার তালিকা নিয়ে খেলা করছে ৷ নির্বাচন কমিশন সবটা দেখেও ব্যবস্থা নিচ্ছে না ।"

ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রসঙ্গে সংসদে চলতি বাদল অধিবেশনে দফায় দফায় প্রতিবাদ দেখিয়েছে তৃণমূল, কংগ্রেস, সিপিএম, সমাজবাদী পার্টি, ডিএমকে, উদ্ধব ঠাকরের শিবসেনা, আরজেডি-সহ বিরোধী জোটের প্রায় সমস্ত দল ৷ সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ SIR প্রত্যাহারের দাবিতে, নির্বাচন কমিশনের দফতর ঘেরাও অভিযানে নামেন বিরোধী সাংসদরা ৷ অভিযানের নেতৃত্ব দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ বিরোধীদের মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ৷ রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি বঢড়া-সহ বিরোধী সাংসদদের আটক করে পুলিশ ৷

এরপর বুধবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেকের অভিযোগ, "গতকাল সাংসদদের যেভাবে আটকানো হল, তা থেকে স্পষ্ট কমিশন ভয় পেয়েছে । শান্তিপূর্ণ মিছিল আটকাতে ব্যারিকেড বসিয়ে ধাক্কাধাক্কি করা হয়েছে । মহিলা সাংসদদেরও রেহাই দেওয়া হয়নি ৷ তাঁদের টেনে হিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে । আমাদের সাংসদ মিতালি বাগ অজ্ঞান হয়ে পড়েছিলেন ।"

তিনি আরও দাবি করেন, "একই EPIC নম্বরে একাধিক ভোটারের নাম রয়েছে ৷ এটা কোনও রাজনৈতিক দলের তথ্য নয়, নির্বাচন কমিশনের নিজস্ব তথ্য । যদি প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনারের আমলে ভোটার তালিকা বিকৃত হয়ে থাকে, তাহলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত । আর সেই তালিকার ভিত্তিতে যাঁরা জয়ী হয়েছেন, তাঁদেরও পদত্যাগ করতে হবে ।"

অভিষেক হুঁশিয়ারি দিয়ে বলেন, "এ তো সবে শুরু । এবার আমরা এক লক্ষ মানুষকে নিয়ে নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করব । দেশের মানুষের সামনে বিজেপির এই খেলাটা উন্মোচন করব ।" তৃণমূল নেতার স্পষ্ট বক্তব্য, বাংলার জন্য আলাদা নিয়ম চাপানোর চেষ্টা করা হচ্ছে ৷ আর তার বিরুদ্ধে আক্রমণাত্মক পথ নিতে প্রস্তুত শাসক দল ।

পড়ুন: SIR আঁচে তপ্ত দিল্লি ; রাহুল ও প্রিয়াঙ্কা-সহ আটক বিরোধী সাংসদরা