ETV Bharat / state

বীরভূম নিয়ে সাংগঠনিক বৈঠকে ঐক্যের বার্তা, অভিষেকের সামনেই কাজল-কেষ্ট দ্বন্দ্ব

সাংগঠনিকভাবে দলকে আরও শক্তিশালী করতে বীরভূম জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । কী বললেন কাজল-কেষ্ট ?

abhishek banerjee
বীরভূম নিয়ে সাংগঠনিক বৈঠকে অভিষেককে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন কাজল শেখ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 15, 2025 at 11:06 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 15 সেপ্টেম্বর: বীরভূমে বিধানসভা ভোটের দুই বছরেরও আগে থেকেই ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল । সাংগঠনিকভাবে আরও শক্ত ভিত গড়ে তুলতে সোমবার জেলার কোর কমিটি ও শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । উপস্থিত ছিলেন সুব্রত বক্সী, জেলা চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, কাজল শেখ, বিকাশ রায়চৌধুরী-সহ একাধিক নেতা ।

অভিষেক বৈঠকে স্পষ্ট জানিয়ে দেন, বীরভূমের 11টি আসনের একটিতেও হার মেনে নেওয়া যাবে না । তাঁর বার্তা— "সবাই একসঙ্গে বসে আলোচনা করাই দলের শক্তি । এই ছবিটাই জেলায় রাখতে হবে । ঐক্যই আমাদের জয়ের মূল চাবিকাঠি ।" তিনি পুরনো কর্মীদের আবার সক্রিয় করার পাশাপাশি তরুণদেরও সামনে আসতে উৎসাহিত করেন । রাজ্য সরকারের প্রকল্পগুলিকে কেন্দ্র করে বুথে বুথে জনসংযোগ আরও জোরদার করার নির্দেশ দেন ।

যদিও বৈঠকের মধ্যেই সিউড়ি 2 নম্বর ব্লকের সভাপতিত্ব নিয়ে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের মধ্যে কিছুটা মতবিরোধ তৈরি হয় । তবে নেতৃত্বের উপস্থিতিতে সেটি তৎক্ষণাৎ মিটেও যায় । তৃণমূল সূত্রে খবর, এ ধরনের আলোচনা আসলে সংগঠনকে আরও পরিপক্ব করে তুলছে । কারণ ভিন্নমত থাকলেও শেষপর্যন্ত সবাই লক্ষ্য একটাই— মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে মানুষের সামনে তুলে ধরে আসন্ন নির্বাচনে সমস্ত আসন জেতা ।

বৈঠক শেষে কাজল শেখ বলেন, "দল যাঁকেই পাঠাবে, তাকেই আমরা বিধানসভায় জেতাব । অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন, আমরা একসঙ্গে চলব ।" অনুব্রত মণ্ডলের সুরও একই, "মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় যেভাবে উন্নয়ন করেছেন, বিজেপির কুৎসা তার সামনে দাঁড়াতে পারবে না ।"

অভিষেক বৈঠকে ইঙ্গিত দিয়েছেন, কয়েকটি ব্লকে সভাপতির পরিবর্তন হতে পারে । ইতিমধ্যেই একাধিক নাম নেতৃত্বের হাতে জমা পড়েছে । সাংগঠনিক দক্ষতা বিচার করেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত । দলের একাংশ মনে করছে, পরিবর্তন এলে সংগঠন আরও প্রাণবন্ত হবে ।

বৈঠক শেষে আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব খুশি যে সবাই একসঙ্গে কাজ করছেন । আমাদের কাজই এখন ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়া ।"

2021 সালের নির্বাচনে 11টির মধ্যে 10টিতে জিতেছিল তৃণমূল । হার একমাত্র দুবরাজপুরে । এবারের লক্ষ্য স্পষ্ট— 11টির 11টিই । সেই উদ্দেশ্যে শুরু হয়েছে আগাম প্রস্তুতি । ইতিবাচক পরিবেশে বৈঠক শেষে অভিষেকের বার্তা একটাই— মতভেদ থাকলেও তা আলোচনার মাধ্যমেই মিটে যাবে, আর ঐক্যের ছবিই শেষ পর্যন্ত বীরভূমকে জয়ের পথে নিয়ে যাবে ।