ETV Bharat / state

বিচারের দাবি বোলপুরে চিকিৎসকদের 'অভয়া স্বাস্থ্য শিবির'

বিচারের দাবি-সহ সাধারণ মানুষকে পরিষেবা দিতে বোলপুরে 'অভয়া স্বাস্থ্যশিবির'-এর আয়োজন করা হয়।

Abhaya Health Camp
'অভয়া স্বাস্থ্য শিবির' চিকিৎসকদের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 12, 2025 at 4:35 PM IST

2 Min Read
Choose ETV Bharat

বোলপুর, 12 জুলাই: বিচারের দাবি-সহ মানুষকে পরিষেবা দিতে বোলপুরে 'অভয়া স্বাস্থ্যশিবির'-এর আয়োজন করা হয়। বোলপুর-শান্তিনিকেতন নাগরিক মঞ্চের উদ্যোগে বোলপুরের মির্জাপুর গ্রামে এই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে কয়েকশো গ্রামবাসীর চিকিৎসা করলেন কলকাতা, বর্ধমান ও বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকরা ৷

আরজি করে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনা আজও দগদগে মানুষের মনে। বিচারের দাবিতে হন্যে হয়ে ঘুরছেন অভয়ার বাবা-মা ৷ তাঁর স্মৃতিতে স্বাস্থ্যশিবির ও প্রতিবাদে সরব চিকিৎসকরা ৷ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সদস্য চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, "অভয়ার বিচার আজও পাইনি আমরা ৷ একজন চিকিৎসক ছাত্রীর সঙ্গে কর্মরত অবস্থায় যে ঘটনা ঘটেছে তা লজ্জার ৷ তাঁর না-করে যেতে পারা কাজ আমরা করছি ৷ তার জন্যই এই স্বাস্থ্যশিবির ৷ গ্রামের মানুষ চিকিৎসা পাচ্ছে ৷ তবে এই কর্মসূচির মাধ্যমে আমাদের প্রতিবাদ জারি থাকবে। অভয়া কাণ্ডের পরেও শয়ে শয়ে নারী নির্যাতনের ঘটনা ঘটছে।"

বোলপুরে 'অভয়া স্বাস্থ্যশিবির' (ইটিভি ভারত)

2024 সালের 9 অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুন করা হয় ৷ এই ঘটনায় শুধু রাজ্য নয়, দেশ ছাড়িয়ে বিদেশেও নিন্দার ঝড় ওঠে ৷ প্রায় এক বছর হতে চলল এখনও অভয়ার বিচারের দাবিতে সরব সকলেই ৷ এমনকী, ঘটনাস্থল দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অভয়ার বাবা-মা ও আইনজীবী। এদিন বোলপুরে রায়পুর-সুপুর গ্রামের মির্জাপুর গ্রামে বিচারের দাবিতে ও স্মৃতিতে 'অভয়া স্বাস্থ্য শিবির' -এর আয়োজন করা হয় ৷ বোলপুর-শান্তিনিকেতন নাগরিক মঞ্চের উদ্যোগে 'অভয়ার আগুন যেন না নেভে' ব্যানারে গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় ৷

শয়ে শয়ে গ্রামবাসীরা এদিন শিবিরে এসে চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন ৷ কলকাতা, বর্ধমান ও বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জেনারেল ফিজিশিয়ান-সহ অস্থি, দন্ত, চক্ষু, স্নায়ু, স্ত্রী রোগ বিশেষজ্ঞরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেন ৷ ছিলেন জুনিয়র চিকিৎসকরাও। পাশাপাশি, ওষুধও বিতরণ করা হয় স্বাস্থ্য শিবির থেকে।

চিকিৎসক অমৃতা চন্দ্র বলেন, "শুধু অভয়া ও ল'কলেজের ছাত্রী নয়, রাজ্যজুড়ে একাধিক নারী নির্যাতন, ধর্ষণের ঘটনার বিচার আমরা পাই না ৷ অভয়ার স্মৃতিতে গ্রামবাসীদের চিকিৎসা করছি ৷" গ্রামবাসীদের মধ্যে মণিকা দাস বলেন, "আমাদের গ্রামের প্রচুর মানুষ আসছেন চিকিৎসা করাতে ৷ বিনা পয়সায় দেখছেন ডাক্তারবাবুরা ৷ খুব ভালো উদ্যোগ এটি।"

প্রসঙ্গত, অভয়া কাণ্ডের পর কসবায় ল'কলেজের ছাত্রীকে প্রতিষ্ঠানের মধ্যেই ধর্ষণের ঘটনায় এই মুহূর্তে তোলপাড় রাজ্য ৷ দিকে দিকে চলছে প্রতিবাদ ৷ ইতিমধ্যের রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয় গুলিতে ছাতে সংসদের ঘর গুলি বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।