ETV Bharat / state

একা থাকার সুযোগে ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ, আটক শিক্ষক

কেউ না-থাকার সুযোগ নিয়ে শিক্ষক প্রথম বর্ষের ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করে বলে অভিযোগ। এরপরই কয়েকজন ছাত্রী অভিভাবকদের নিয়ে শিক্ষককে বেধড়ক মারধর করেন ৷

PART TIME COLLEGE LECTURER DETAIN
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 10, 2025 at 9:05 PM IST

2 Min Read
Choose ETV Bharat

চুঁচুড়া, 10 অক্টোবর: ছাত্রীর সঙ্গে অশ্লীল ব্যবহার শিক্ষকের। তিনি হুগলির একটি কলেজের পার্টটাইম লেকচারার হিসেবে কর্মরত। পাশাপাশি ছাত্র, ছাত্রীদের প্রাইভেট পড়ান। পূর্ব বর্ধমানের বাসিন্দা হলেও তিনি চুঁচুড়ার শহরের একটি ভাড়া বাড়িতেই থাকেন । তাঁকে ছাত্রীর সঙ্গে অশ্লীল ব্যবহারের অভিযোগ পুলিশ আটক করেছে ৷

জানা গিয়েছে, গত তিন বছর ধরে তিনি কলেজে পড়ান। পাশাপাশি, সকাল ও সন্ধ্যায় তাঁর বাড়িতেই ছাত্রছাত্রীরা পড়তে আসে। অভিযোগ, গত মঙ্গলবার পোলবার এক প্রথম বর্ষের কলেজ ছাত্রী পড়তে এসেছিলেন। কেউ না-থাকার সুযোগ নিয়ে শিক্ষক তাঁর সঙ্গে খারাপ আচরণ করে বলে অভিযোগ। সেই সময়ের মতো মেয়েটি চলে যান। শুক্রবার বেশ কয়েকজন ছাত্রী অভিভাবকদের নিয়ে শিক্ষকের বাড়িতে চড়াও হয়। ঘরের মধ্যে শিক্ষককে মারধর ও জামা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ প্রতিবেশীদের।

খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে আসে চুঁচুড়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। সন্ধ্যার সময় ছাত্রীর পরিবার শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। সেই ভিত্তিতেই অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। আগামিকাল অভিযুক্তকে গ্রেফতার করে চুঁচুড়া পকসো আদালতে পেশ করা হবে। যদিও এই ঘটনায় ছাত্রীর পরিবারের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। তারা কিছুই বলতে নারাজ।

চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি হেড কোয়াটার ঈশানী পাল বলেন, "ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করায় এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। আপাতত শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ৷ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।" চুঁচুড়ার এই ঝামেলার খবর পেয়ে চুঁচুড়া পুরসভার কাউন্সিলর মৌসুমী বসু চট্টোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছন ৷

তিনি বলেন, "আমি পুলিশকে ফোন করে জানাই। এধরনের ঘটনা সমীচীন নয়। অভিযোগের সারবত্তা তদন্ত করে দেখা উচিত। অভিযোগ আদৌ সত্যি কি না, তা দেখা উচিত ৷ আর যদি শিক্ষক এমন কাণ্ড ঘটিয়ে থাকেন তাহলে তাঁর যথাপোযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত ৷"

শিক্ষকের কাছে দীর্ঘ দিন ধরে পড়াশোনা করেন স্বর্ণালী শীল ৷ তিনি বলেন, "কয়েক বছর ধরে স্যরের কাছে পড়ছি। আমার সঙ্গে এমনকিছুই হয়নি। স্যর ভালো পড়ান। এর আগেও কোনও অভিযোগ ছিল না। আজ এমন অভিযোগ কেন, জানা নেই ৷" ভাড়া বাড়ির মালিক শক্তিনাথ বড়াল বলেন, "মঙ্গলবার কিছু বুঝতে পারেনি। আজকে হঠাৎ চেঁচামেচি শুনে আসি। দেখি অভিভাবকরা মারধর করছেন। এত বছর ধরে দেখছি, খারাপ কিছু শুনিনি। খুব ভালো স্যর উনি ৷ কী হল বুঝতে পারছি না।"