কার্শিয়াংয়ের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে কালো চিতাবাঘ, দেখুন ভিডিয়ো
পাহাড়ে ক্রমাগত বাড়ছে কালো চিতাবাঘের সংখ্যা। এদিন বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় চারপেয়কে বেশ স্বাচ্ছন্দ্যেয় ঘুরে বেড়াতে দেখা গিয়েছে ৷

Published : August 23, 2025 at 8:17 PM IST
দার্জিলিং, 23 অগস্ট: ফের একবার পাহাড়ের রাস্তায় দেখা মিলল কালো চিতাবাঘের ৷ যদিও পাহাড়ে ব্ল্যাক প্যান্থার বলেই সাধারণ মানুষের মধ্যে পরিচিত এই চারপেয়টি। এবার কার্শিয়াং বন বিভাগের অধীন আপার বাগোরা এলাকায় ওই কালো চিতাবাঘের দেখা মিলেছে ৷ আর সেটি দেখা যেতেই পাহাড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে বন দফতরের লাগানো এক সিসি ক্যামেরায় ওই কালো চিতাবাঘের ছবি ধরা পড়ে। তাতে দেখা গিয়েছে, চিতাবাঘটি স্বাচ্ছন্দ্যে পাহাড়ি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ৷
এই বিষয়ে কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের ডিএফও দেবেশ পান্ডে বলেন, "পাহাড়ে এর আগেও কালো চিতাবাঘ বা ম্যালানিস্টিক লেপার্ডের (Melanistic Leopard) সন্ধান মিলেছে। এটিরও খবর নেওয়া হচ্ছে । কালো চিতাবাঘ আসলে চিতাবাঘের একটি জেনেটিক মানের কারণ। যে কারণে চিতাবাঘের শরীরে কালো রঙের পরিমাণ বেড়ে যায়। পাহাড়ে কালো চিতাবাঘের সংখ্যা অনেক বেড়েছে ৷ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কালো চিতাবাঘের সংখ্যা জানতে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে ।"
তিনি আরও বলেন, "গ্রামবাসী ও হোম-স্টের মালিকদের সঙ্গেও আলোচনা হয়েছে। সিসি ক্যামেরাতেও এর আগে ওই কালো চিতাবাঘের ছবি ধরা পড়েছে। এটি একটি পূর্ণবয়স্ক কালো চিতাবাঘ।"
প্রসঙ্গত, চলতি বছরের 23 জানুয়ারি চিমনি এলাকায় কালো চিতাবাঘের দেখা মিলেছিল । গত বছরের 15 অক্টোবর কার্শিয়াংয়ের ওই একই বাগোরা জঙ্গলে দেখা মেলে এক কালো চিতাবাঘের। এরপর 16 অক্টোবর ফের কালো চিতাবাঘের দেখা মেলে গিমিকে। এর আগে গত বছরের 7 জুন কার্শিয়াং থেকে 8 কিলোমিটার দূরে চিমনি এলাকার রাস্তায় কালোচিতার দেখা মিলেছিল।
2023 সালের 24 এপ্রিল দার্জিলিংয়ের চিত্রে বাজারের কাছে রাস্তা পার হতে দেখা যায় কালো চিতাবাঘকে ৷ এরপর নভেম্বর মাসেও মিরিকে দেখা গিয়েছিল কালো চিতাবাঘ। 2020 সালে মিরিকের ওকাইতি চা-বাগান সংলগ্ন 9 নম্বর ডিভিশনের কাছে রাস্তা পার করার সময় এল কালো চিতাবাঘের দেখা মিলেছিল। তার আগে 2020 সালে মিরিকেই কালো চিতাবাঘের দেখা মিলেছিল । 2022 সালে মানেভঞ্জন সংলগ্ন এলাকায় এক কালো চিতাবাঘের দেহ উদ্ধার হয়।

