দিঘায় যাওয়ার পথে দুর্ঘটনা, গাড়ির সঙ্গে লরির সংঘর্ষে মৃত 4
দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি দুমড়ে মুচড়ে যায় ৷ তাতে থাকা চার জনের দেহ বার করতে শেষে গ্যাস কাটার ব্যবহার করতে হয় পুলিশকে ।

Published : July 12, 2025 at 2:26 PM IST
বেলদা, 12 জুলাই: ফের জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ৷ এবার লরির সঙ্গে প্রাইভেট গাড়ির সংঘর্ষে প্রাণ গেল চার ব্যক্তির । দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর-বালেশ্বর 16 নম্বর জাতীয় সড়কের বেলদা থানার রানিসরাই এলাকায় । ঘটনায় পুলিশ লরির চালককে আটক করে তদন্ত শুরু করেছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বেলদার দিক থেকে একটি প্রাইভেট গাড়িতে করে চারজন দ্রুত গতিতে দিঘার দিকে যাচ্ছিলেন ৷ সেই সময় প্রাইভেট স্করপিও গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের এক লেন থেকে অন্য লেনে চলে যায় এবং দাঁতনের দিক থেকে আসা একটি লরির সঙ্গে গাড়িটির সংঘর্ষ ঘটে।
এই দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় স্করপিও গাড়িটির সামনে অংশ ৷ গাড়ির সামনের ভাঙা অংশে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের । এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ । দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে ক্রেন দিয়ে সরিয়ে গ্যাস কাটার দিয়ে কেটে উদ্ধার করা হয় ওই চার ব্যক্তির দেহ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই চার ব্যক্তি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এলাকার বাসিন্দা ৷ বাড়ি থেকে বেরিয়ে দিঘার উদ্দেশেই রওনা দিয়েছিলেন ওই চার জন । বেলদা থানার রানিসরাই গ্রাম পঞ্চায়েত এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁদের । পুলিশ জানিয়েছে, মৃত এক ব্যক্তির নাম অতনু গুহ, বাড়ি আসানসোল । বাকি তিন জনের নাম পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে ৷ দুর্ঘটনাগ্রস্থ প্রাইভেট গাড়িটিকে উদ্ধার করেছে বেলদা থানার পুলিশ ৷ একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে লরিটিকে ।

প্রত্যক্ষদর্শী কবিতা রানা বলেন, "স্করপিও গাড়িটি অন্য রাস্তা থেকে এই রাস্তায় এসে ঢুকে যায় ৷ তারপরেই লরির সঙ্গে সংঘর্ষ হয় ৷ যার কারণে এই দুর্ঘটনা ঘটে । গাড়িতে থাকা চার জনের কেউই বেঁচে নেই ।"

এক পুলিশ আধিকারিক বলেন, "দুর্ঘটনার কারণ এখনই বলা সম্ভব নয় । তবে প্রাথমিক অনুমান, গাড়ির চালক ঘুমিয়ে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে ।"

