মোবাইল চুরির অভিযোগ, উলটো করে ঝুলিয়ে মারধর-ইলেক্ট্রিক শক ! নিখোঁজ নাবালক
অত্যাচারিত নাবালক জীবিত না মৃত, জানতে বেশ কয়েকজনকে আটক পুলিশের ৷ পলাতক মূল অভিযুক্ত শাহেনশাহ এবং কারখানার মালিকও ৷

Published : June 3, 2025 at 6:13 PM IST
মহেশতলা, 3 জুন: মোবাইল চোর সন্দেহে নাবালক 'কর্মচারি'কে উলটো করে ঝুলিয়ে মারধরের অভিযোগ ৷ এখানেই থেমে থাকেনি অভিযুক্তরা ৷ 11 বছরের ওই নাবালককে বিদ্যুতের শক দেওয়ার মতো নারকীয় অত্যাচারেরও অভিযোগ উঠেছে ৷ দক্ষিণ 24 পরগনার মহেশতলার এই ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে ৷ আর তারপরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন ৷ তবে, অভিযুক্তদের পাশাপাশি ওই নাবালকও বর্তমানে নিখোঁজ রয়েছে ৷ ফলে সে জীবিত না মৃত, তা জানা যায়নি ৷
পুলিশ সূত্রে খবর, উত্তর দিনাজপুরের ইসলামপুরের ওই নাবালক বেশ কয়েক মাস আগে তার প্রতিবেশী শাহেনশাহ নামে এক যুবকের সঙ্গে কলকাতায় আসে ৷ ছোট্ট ছেলেটিকে দক্ষিণ 24 পরগনার মহেশতলায় রবীন্দ্রনগর থানার এলাকার একটি জিনিসের কারখানায় কাজে ঢুকিয়ে দেয় শাহেনশাহ ৷ অভিযোগ, ওই জিনসের কারখানাতেই মোবাইল চুরির অভিযোগে নাবালকের উপর এই নারকীয় অত্যাচার চালানো হয় ৷
নাবালকের পরিবারের সঙ্গে পুলিশ কথা বলে জানতে পেরেছে, জুন মাসের শুরুতে বাড়ি থেকে নাবালককে ফোন করা হয় ৷ কিন্তু, তাকে ফোনে পাওয়া যায়নি ৷ এরপর বাড়ির লোকজন শাহেনশাহকে ফোন করে ৷ কিন্তু, শাহেনশাহ ফোন ধরেননি বলে অভিযোগ ৷ পরে পরিবারের লোকেরা জানতে পারেন, নাবালককে মে মাসের কাজের টাকা দেওয়া হয়নি ৷ তার বিরুদ্ধে একটি মোবাইল ফোন চুরি করার অভিযোগ উঠেছে ৷
এরপরেই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে, সেখানে ওই নাবালককে উলটো করে ঝুলিয়ে মারধর করতে দেখা যায় ৷ সেই সঙ্গে তাকে বিদ্যুতের শক দেওয়া হয় বলে দেখা গিয়েছে ৷ এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি হয় ৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ রবীন্দ্রনগর থানার তরফে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু হয়েছে ৷ ভিডিয়োতে যে জায়গাটি দেখা গিয়েছে সেই ঘটনাস্থল পুলিশ খুঁটিয়ে দেখে ৷ আশেপাশের এলাকাতেও তল্লাশি চালানো হচ্ছে ৷ কারখানায় কাজ করত এমন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে ৷
মূলত, নিখোঁজ নাবালাককে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে কেমন আছে, এইসব তথ্য জানার চেষ্টা করছে পুলিশ ৷ সেই সঙ্গে নাবালকের প্রতিবেশী শাহেনশাহ এবং কারখানার মালিকপক্ষের সকলেই পলাতক ৷ কে বা কারা ওই কারখানার মালিক, তা জানার চেষ্টা করছে পুলিশ ৷ নাবালকের পরিবার ইসলামপুর থানায় একটি জিরো এফআইআর দায়ের করে ৷ সেটি রবীন্দ্রনগর থানায় ট্রান্সফার করা হয়েছে ৷ ইতিমধ্যেই নাবালকের পরিবার কলকাতায় এসেছে ৷
এই বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক ইসলামপুর জেলা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "এই ঘটনায় ইসলামপুর থানায় একটি জিরো এফআইআর হয়েছে ৷ এই জিরো এফআইআর দক্ষিণ 24 পরগনার রবীন্দ্রনগর থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ ইসলামপুর থানার পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত শাহেনশাহ’র বাড়িতে আজ তল্লাশি অভিযান চালায় ৷ তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা ৷"

